২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচালক মাতিয়া বানু শুকু আর নেই

তিনি ভাষাসৈনিক আবদুল মতিনের বড় মেয়ে এবং চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 01:03 AM

Updated : 27 Nov 2026, 01:03 AM

এক বছরের বেশ সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়ে মারা গেলেন নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু।

বৃহস্পতিবার রাত ১২টায় ঢাকার গুলশানে কন্টিনেন্টাল হাসপাতালে তার মৃত্যু হয়; বয়স হয়েছিল ৫৬ বছর৷

তিনি ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী।

মাতিয়া বানুর শুকুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এরশাদুল হক টিংকু গ্লিটজকে বলেন, “১২টার দিকে চিকিৎসক আমাদের মৃত্যুর খবরটা দেন। গেল শনিবার শুকু আপাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়। আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে নেওয়া হয়েছিল। সেখান থেকেই তিনি চলে যান।”

এক বছরের বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়াতেও তাকে ফেরানো যায়নি।

দুই দশকের বেশি সময় ধরে মাতিয়া বানু বাংলাদেশের ছোট পর্দা এবং চলচ্চিত্রে সৃজনশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মধ্যবিত্ত জীবন ও সামাজিক বাস্তবতার গল্পগুলো তার নির্মাণে নিপুণভাবে ফুটে ওঠে।

তিনি ২০২১ সালের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এ ছাড়া ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ‘প্রজ্ঞা পারমিতা’ এর মত জনপ্রিয় টেলিফিল্ম, ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি।