ভূমিকম্পে বেঁচে ফেরা রামোস খেললেন হাইতির জার্সিতে, দেখেন আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন
আর্জেন্টিনা ছেড়ে হাইতির হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার কারণ খোলাসা করেছেন এই উইঙ্গার।
হাইতিতে ২০১০ সালের সেই ভয়ঙ্কর ভূমিকম্পে বেঁচে ফেরা ছোট্ট শিশু কিকি রামোস পরে হয়ে ওঠেন আর্জেন্টাইন, ফুটবল পায়ে নজর কেড়ে নতুনভাবে খবরের শিরোনাম হন। সেই তিনি এবার বিশ্ব মঞ্চে মাঠ মাতালেন জন্মভূমি হাইতির হয়ে। তবে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়েই খেলার স্বপ্ন তার।
২০০৯ সালের এপ্রিলে জন্ম নেন আজকের ফুটবলার রামোস। তার বয়স যখন ৯ মাস, ২০১০ সালের ১২ জানুয়ারি হাইতিতে আঘাত হানে ভয়ানক ভূমিকম্প, তাতে প্রাণ হারান লাখের বেশি মানুষ। সেই ধ্বংসযজ্ঞ, কিংবা কোন পরিবারে তিনি জন্মেছিলেন, বা কেনই বা তিনি তখন হাইতি ছেড়ে আর্জেন্টিনায় চলে গেলেন, সেসবের কিছুই নিশ্চিতভাবে তার মনে নেই।
এক আর্জেন্টাইন পরিবার তাকে দত্তক নেয়, এবং সময়ের পালায় তিনি হয়ে ওঠেন আর্জেন্টাইন। সেখানেই তিনি ফুটবলার হয়ে ওঠেন। বল পায়ে আলো ছড়িয়ে গত জুলাইয়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলে অভিষেকও হয়ে যায় তার। চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও হয়তো তার খেলার সম্ভাবনা ছিল; কিন্তু তিনি নিজে খুব জোরাল আশার জায়গা দেখেননি। তাই জন্মভূমি হাইতির ডাক আসতেই লুফে নেন রামোস এবং ঝটপট হয়ে ওঠেন হাইতির ফুটবলার।
যে লক্ষ্যে হঠাৎ সিদ্ধান্তে ‘হাইতিয়ান’ হয়ে ওঠেন, সেটা তার পূরণও হয়েছে। দেশটির পারফরম্যান্স বা ফল যদিও তেমন আহামরি কিছু হয়নি, হেরেছে তিন ম্যাচেই; কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে দলের একমাত্র গোলটি করেন রামোস।
এই উইঙ্গারের দারুণ গোলে শুরুতে এগিয়ে যায় হাইতি, পরে দুটি গোল হজম করে হেরে বসে তারা।
বিশ্বকাপ যাত্রা শেষের পর, আর্জেন্টিনার গণমাধ্যম বোলাভিপকে আচমকা সিদ্ধান্তে হাইতির হয়ে খেলার কারণ জানিয়েছেন রামোস।
“আমার মনে হয়েছিল, আর্জেন্টিনার হয়ে এটা (বিশ্বকাপে খেলা), বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা খুব কঠিন হবে, আর তখনই হাইতির হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ আসে। অবশ্যই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল; কারণ আমার সবসময়ের স্বপ্ন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা।
“কিন্তু সুযোগটা চলে আসে এবং আমি তখন ভাবলাম, বিশ্বকাপে খেলার সুযোগ এলে আমরা সবাই-ই হ্যাঁ বলি। তাই এখানে আমি হাইতির হয়ে খেলার জন্য আসি।”
হাইতির হয়ে খেলার কারণে অবশ্য রামোসের মূল স্বপ্ন পূরণের পথে কোনো বাধা আসবে না। ফিফার আইন অনুযায়ী, কোনো দেশের বয়সভিত্তিক দলের হয়ে খেললেই ওই ফুটবলার ওই নির্দিষ্ট দেশের ফুটবলার হিসেবে বিবেচিত হয় না।
রামোস তাই দৃঢ়তার সঙ্গে বললেন, “আমি এখনও আর্জেন্টিনার হয়ে খেলতে পারি।”
কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ পর্বের বাধা উতরে গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে আসর শুরুর পর, পরের দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়েছে তারা।
