৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

১৮ বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সে উথাপ্পা

সেই ২০০৮ সালে প্রথম আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলেছিলেন রবিন উথাপ্পা, সেই ফ্র্যাঞ্চাইজিতে ফিরলেন তিনি নতুন পরিচয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 12:19 PM

Updated : 30 Oct 2026, 12:19 PM

আইপিএলে রবিন উথাপ্পার পথচলা শুরু হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। সেই ২০০৮ সালে প্রথম আইপিএলে এই দলের হয়ে খেলেছিলেন তিনি। এরপর দীর্ঘ আইপিএল ক্যারিয়ারে কখনোই আর এই দলে দেখা যায়নি তাকে। ১৮ বছর পর অবশেষে এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন তিনি। সময়ের প্রবাহে যদিও বদলে গেছে পরিচয়। তার ভূমিকা এখন ভিন্ন।

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে ব্যাপক রদবদলের প্রক্রিয়ায় এই দলের সঙ্গে যুক্ত হলেন উথাপ্পা। পাঁচবারের চ্যাম্পিয়নদের ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন সাবেক এই ব্যাটসম্যান।

আগের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড সম্প্রতি দায়িত্ব নিয়েছেন মুম্বাইয়ের প্রধান কোচের। তার জায়গাতেই নিয়োগ পেলেন উথাপ্পা।

এছাড়া বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন নিউ জিল্যান্ডের সাবেক বাঁহাতি পেসার মিচেল ম্যাকক্লেনাগান, ফিল্ডিং সামলানোর ভার পাচ্ছেন ভারতের জাতীয় দলের সাবেক ফিল্ডিং কোচ টি দিলিপ। উঠতি পেসারদের সঙ্গে কাজ করার জন্য ডেভেলপমেন্ট বোলিং কোচ করা হয়েছে ধাওয়াল কুলকার্নিকে।

উথাপ্পা ভারতের হয়ে খেলেছেন ৪৬ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন তিনি। দেশের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি ২০১৫ সালে। তবে আইপিএলে খেলেছেন ২০২২ আসর পর্যন্ত।

প্রথম আইপিএলের পর দুই মৌসুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন উথাপ্পা, তিন মৌসুম পুনে ওয়ারিয়র্সে, ছয় মৌসুম খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। পরে রাজস্থান রয়্যালসে এক মৌসুম ও চেন্নাই সুপার কিংসে দুই মৌসুম কাটিয়ে ইতি টানেন পথচলার। খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে কাজ করছিলেন তিনি। ৪০ বছর বয়সী সাবেক ক্রিকেটার প্রথমবার বড় দায়িত্ব পেলেন কোচিংয়ে।

মুম্বাইয়ের সঙ্গে সংযোগে উথাপ্পার চেয়ে অনেক এগিয়ে ম্যাকক্লেনাগান। আইপিএলে পাঁচ মৌসুম খেলেছেন তিনি, সবকটিই এই দলের হয়ে। শিরোপা জিতেছেন দুইবার। নিউ জিল্যান্ডের হয়ে ৪৮ টেস্ট ও ২৯ টি-টোয়েন্টি খেলা বোলার এর আগে বোলিং কোচ হিসেবে কাজ করেছেন অন্যান্য লিগে মুম্বাই ফ্র্যাঞ্চাইজির দল এমআই কেপ টাউন ও এমআই এমিরেটসে।

মুম্বাইয়ের হয়ে খেলার দীর্ঘ অভিজ্ঞতা আছে ধাওয়ালেরও। আট মৌসুমে এই দলের হয়ে খেলেছেন তিনি, শিরোপা জিতেছেন দুবার। ভারতের হয়ে ১২ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলা সাবেক পেসারের প্রথম উল্লেখযোগ্য কোচিংয়ে দায়িত্ব এটি।

দিলিপকে মনে করা হয় ভারতের সেরা ফিল্ডিং কোচদের একজন। ২০২১ থেকে ২০২৪-২৫ বোর্ডার-গাভাস্কার ট্রফি পর্যন্ত জাতীয় দলের ফিল্ডিং কোচ ছিলেন তিনি। ওই বছরই পরে কিছু সময়ের জন্য দায়িত্বে ছিলেন আবার।

মুম্বাইয়ের নতুন কোচিং স্টাফের প্রথম দায়িত্ব হবে আগামী ১৬ ডিসেম্বর মিনি নিলামে দল সাজানো।