২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

সুসময় ফেরাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বাজি এবার পোলার্ড

গোটা আইপিএল ক্যারিয়ারে যে দলে খেলেছেন, এবার সেই দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন কাইরন পোলার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 12:20 PM

Updated : 24 Oct 2026, 12:20 PM

কাইরন পোলার্ডের আইপিএল অধ্যায় পুরোপুরিই মুম্বাই ইন্ডিয়ান্সময়। এই ফ্র্যাঞ্চাইজিতে তিনি খেলেছেন ১৩ মৌসুম। গত তিন মৌসুম কাজ করেছেন ব্যাটিং কোচ হিসেবে। এবার সেখানেই শুরু করতে যাচ্ছেন নতুন পথচলা। শীর্ষ থেকে তলানিতে নেমে যাওয়া দলটিকে টেনে তোলার ভার পড়েছে তার কাঁধেই।

মুম্বাই ইন্ডিয়ান্ডের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন পোলার্ড। এই মাসের শুরুতেই আগের কোচ মাহেলা জায়াওয়ার্দেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল দলটি।

পোলার্ডের সঙ্গে মুম্বাইয়ের সম্পর্কের শুরু ২০১০ সালে, যখন আইপিএলে তার প্রথম পা পড়ে। সেই থেকে ২০২২ পর্যন্ত তিনি ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। মুম্বাইয়ের পাঁচটি আইপিএল শিরোপা জয়ে তার ছিল উল্লেখযোগ্য ভূমিকা। আইপিএলে মুম্বাইয়ের হয়ে তার রান ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩ হাজার ৪১২, উইকেট ৬৯টি। আইপিএলে খেলোয়াড়ি জীবন শেষে ২০২৩ আসর থেকে তিনি ছিলেন মুম্বাইয়ের ব্যাটিং কোচ।

মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে তার সম্পর্কের স্রোত সময়ের সঙ্গে বয়ে গেছে অন্যান্য অন্যান্য লিগেও। এই ফ্র্যাঞ্চাইজির মেজর লিগে ক্রিকেটের দল এমআই নিউ ইয়র্ক, এসএ টোয়েন্টির দল এমআই কেপ টাউন ও আইএল টি-টোয়েন্টির দল এমআই এমিরেটসে তিনি খেলেছেন। দা হান্ড্রেড আসরে এই ফ্র্যাঞ্চাইজির দল এমআই লন্ডনের তিনি প্রধান কোচ। এবার পেলেন কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় দায়িত্ব।

কোচ হওয়ার পর বিবৃতিতে পোলার্ড বলেন, মুম্বাইয়ের সাফল্যের সময়গুলো আবার ফেরাতে চান তিনি।

“মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করা আমার জন্য দারুণ সম্মানের ব্যাপার। আমার জীবন ও কর্মজীবনের একটি বিশাল অংশ তারা এবং এই দল, ক্রিকেটার ও সবার সঙ্গে যে বন্ধন, তা আমার কাছে অনেক মূল্যবান।

“প্রথমে ক্রিকেটার এবং তারপর কোচ হিসেবে এই যাত্রার অভিজ্ঞতা থেকে আমি বুঝি মুম্বাই ইন্ডিয়ান্স কিসের প্রতীক এবং নীল-সোনালি রঙের প্রতিনিধিত্ব করার সঙ্গে যে দায়িত্ব বয়ে আসে, তা-ও আমি বুঝি। প্রতিটি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে মুখিয়ে আছি আমি। দলের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে, আমাদের প্রতিভাদের বিকাশে সাহায্য করতে এবং দলকে উদযাপনের আরও অনেক কারণ এনে দিতে চাই আমি।”

এই উদযাপনের উপলক্ষই গত কয়েক মৌসুমে হারিয়ে ফেলেছে মুম্বাই। আইপিএলের সবচেয়ে সফল দলের একটি হলেও গত ছয় আসরে তারা ফাইনালে উঠতেই পারেনি। এর মধ্যে ২০২৩ ও ২০২৫ আসরে প্লেঅফে জায়গা করে নিতে পারলেও ২০২৪ আসরে হয়েছিল দশম, গত আসরে নবম।

মুম্বাইয়ের সহ-স্বত্বাধিকারী নিতা আম্বানি বিবৃতিতে বলেন, মুম্বাইয়ের আসল রূপ পোলার্ডের হাত ধরে আবার ফুটে উঠবে বলে আশা তাদের।

“২২ বছর বয়সে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন পোলার্ড এবং গত ষোল বছরে তিনি আমাদের পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। ক্রিকেটার হিসেবে তিনি আমাদের অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন এবং কোচ হিসেবেও তিনি তার অভিজ্ঞতা, আবেগ ও খেলা সম্পর্কে গভীর জ্ঞান ভাগ করে চলেছেন।

“প্রধান কোচ হিসেবে তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করায় আমরা আনন্দিত। এই জার্সি পরার অর্থ কী এবং এই দলের হয়ে খেলতে কী লাগে, তা পলি জানেন। আমি নিশ্চিত যে, তিনি এই ভূমিকাতেও একই রকম নিষ্ঠা, বিশ্বাস এবং সংকল্প নিয়ে আসবেন। দলকে এর পরবর্তী অধ্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”

নতুন দায়িত্বে পোলার্ডের প্রথম কাজ হবে ১৫ নভেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করা। এর প্রায় এক মাস পর গোয়ায় আগামী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা।