মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব ছাড়লেন মালিঙ্গাসহ আরও তিন জন
কোচিং স্টাফ পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
আগামী আইপিএলের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে রদবদল অব্যাহত রয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি বৃহস্পতিবার জানিয়েছে, লাসিথ মালিঙ্গা, পারাস মাহামব্রে ও কার্ল হপকিনসন আর নিজ নিজ দায়িত্বে থাকছেন না।
মালিঙ্গা ও মাহামব্রে ছিলেন দলটির বোলিং কোচ, হপকিনসন ফিল্ডিং কোচ। এখনও তাদের উত্তরসূরিদের নাম ঘোষণা করেনি ফ্র্যাঞ্চাইজিটি।
এই মাসের মাঝামাঝি প্রধান কোচ মাহেলা জায়াওয়ার্দেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দলটি। পরে দায়িত্বটি দেওয়া হয় কাইরন পোলার্ডকে।
খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের হয়ে চারটি আইপিএল ট্রফি জয়ী মালিঙ্গা কোচিং স্টাফে যোগ দেন ২০২৩ সালের অক্টোবরে। আর মাহামব্রে ও হপকিনসন ২০২৫ আসরের আগে দলে যোগ দেন।
মুম্বাইয়ে এটি ছিল মাহামব্রের দ্বিতীয় অধ্যায়, এর আগে ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্তও দলটির কোচিং স্টাফে ছিলেন তিনি।
প্রথম দল হিসেবে পাঁচবার আইপিএল জয়ী মুম্বাই গত ছয় আসরে আর ফাইনালেই উঠতে পারেনি। এর মধ্যে ২০২৩ ও ২০২৫ আসরে প্লেঅফে জায়গা করে নিতে পারলেও ২০২৪ আসরে হয় দশম, গত আসরে নবম।
২০২৭ আসরের নিলাম হবে গোয়ায়, আগামী ১৬ ডিসেম্বর। আর দলগুলোর জন্য খেলোয়াড়দের ছেড়ে দেওয়া বা ধরে রাখার শেষ দিন ১৫ নভেম্বর।
