২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে

উইমেন’স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালকের দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক।

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে

মাহেলা জায়াওয়ার্দেনে। ছবি: আইপিএল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 07:59 PM

Updated : 20 Nov 2026, 07:59 PM

আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর এক মাস পর নতুন ঠিকানায় যোগ দিয়েছেন মাহেলা জায়াওয়ার্দেনে। উইমেন’স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালকের দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কার এই ব্যাটিং গ্রেট।

ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে বলেছে, দলের কৌশল নির্ধারণ, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং খেলোয়াড় ও কোচিং স্টাফদের উন্নয়নসহ ক্রিকেটীয় সব বিষয় দেখভাল করবেন জায়াওয়ার্দেনে।

দিল্লি ক্যাপিটালসে জায়াওয়ার্দেনের দায়িত্বটি মূলত আরও বড় একটি ভূমিকার অংশ। দলটির সহ-মালিক প্রতিষ্ঠান জিএমআর স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। সেই সুবাদে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালস এবং ইংল্যান্ডের দা হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের সঙ্গেও কাজ করবেন তিনি। এ ছাড়া জিএমআর গ্রুপ ২০২৪ সালে ইংলিশ কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ার কিনে নেওয়ায়, সেখানকার ক্রিকেট পরিচালক জাইলস হোয়াইটের সঙ্গেও সমন্বয় করে কাজ করবেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক।

দায়িত্বটি নেওয়ার মধ্য দিয়ে ১৩ বছরের বেশি সময় পর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আবার যুক্ত হলেন জায়াওয়ার্দেনে। ২০১২ ও ২০১৩ সালে আইপিএলে দলটির হয়ে খেলেন তিনি। তখন দলটির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। দ্বিতীয় মৌসুমে দলটির অধিনায়কত্বও করেন তিনি।

গত মাসে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন জায়াওয়ার্দেনে। তার কোচিংয়ে ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে তিনবার আইপিএল শিরোপা জেতে দলটি।

দিল্লি ক্যাপিটালসকে প্রথম শিরোপা জেতানোর দায়িত্ব এখন জায়াওয়ার্দেনের কাঁধে। ডব্লিউপিএলে চারবার রানার্সআপ হয়েছে দলটি, কিন্তু এখনও শিরোপার দেখা পায়নি।

উইমেন’স প্রিমিয়ার লিগের পঞ্চম আসর শুরু হবে ২০২৭ সালের ১৪ জানুয়ারি। দুই দিন পর (১৬ জানুয়ারি) ভাদোদারায় বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস।