০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ সৌরভ

হেমাং বাদানির স্থলাভিষিক্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।

দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ সৌরভ

সৌরভ গাঙ্গুলি। ছবি: বিসিসিআই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 06:02 PM

Updated : 06 Oct 2026, 06:02 PM

আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে এই গুরুদায়িত্ব দিয়েছে তারা।

গত দুই মৌসুমে দায়িত্বটি পালন করা হেমাং বাদানির স্থলাভিষিক্ত হলেন ৫৪ বছর বয়সী সৌরভ। তাকে নিযুক্ত করার কথা মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যমে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ক্রিকইনফোর খবর, দিল্লির কোচিং স্টাফে সৌরভের সঙ্গী হতে পারেন বিশ্বকাপজয়ী অলরাউন্ডার ইউভরাজ সিং। তাকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা দলটির। তবে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

দিল্লির সঙ্গে সৌরভের সম্পর্ক লম্বা সময়ের। বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নেওয়ার আগে ২০১৯ সালে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর ছিলেন তিনি। এরপর ২০২৪ সালে তাকে ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ দেয় দিল্লি।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির ২০২৫ আসরে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পালন করেন সৌরভ। কোচ হিসেবে সেটিই ছিল তার প্রথম অভিজ্ঞতা। উইমেন’স প্রিমিয়ার লিগেও দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

এবার আইপিএলে দিল্লির কোচের দায়িত্ব নিতে উন্মুখ হয়ে থাকার কথা বললেন সৌরভ।

“আইপিএলে প্রধান কোচের দায়িত্ব নিতে আমি মুখিয়ে আছি। দিল্লি ক্যাপিটালস আমার হৃদয়ের খুব কাছের একটি ফ্র্যাঞ্চাইজি। বছরের পর বছর ধরে এই দলের সঙ্গে আমার দৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে। মালিকপক্ষ, ব্যবস্থাপনা, সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি, তাই এই দায়িত্ব আমার জন্য রোমাঞ্চকর।

“আমাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে এবং সাম্প্রতিক সময়ে আমরা ভালো মানের ক্রিকেট খেলেছি। নতুন মৌসুমে দলটির সঙ্গে কাজ করতে এবং একটি শক্তিশালী ও নির্ভীক দল গড়ে তোলার অপেক্ষায় আছি।”

দিল্লি ক্যাপিটালসকে তাদের প্রথম আইপিএল শিরোপা এনে দেওয়ার দায়িত্ব থাকবে সৌরভের কাঁধে। ২০২০ সালে শিরোপা জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত হতাশ হতে হয় তাদের। সেবার ফাইনালে মুম্বাইয়ের বিপক্ষে হেরে যায় শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলটি।

পরের বছর পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও ফাইনালে উঠতে ব্যর্থ হয় দিল্লি। ওই মৌসুমের পর আর প্লে-অফে উঠতে পারেনি তারা। গত বছর ষষ্ঠ স্থানে থেকে শেষ করে মৌসুম।

নতুন দায়িত্বে সৌরভের প্রথম কাজ হবে সাপোর্ট স্টাফ চূড়ান্ত করা। আর ১৫ নভেম্বরের আগে দলের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা ঠিক করা। ২০২৭ মৌসুমের আগে মিনি নিলাম ডিসেম্বরের মাঝামাঝিতে গোয়ায় অনুষ্ঠিত হবে।

পরের মৌসুমের জন্য লখনৌ সুপার জায়ান্টস থেকে রিশাভ পান্তকে আবারও দলে ফিরিয়েছে দিল্লি ক্যাপিটালস। বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভ দিয়ে পান্তকে নিয়েছে তারা। ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত দিল্লির হয়ে আইপিএলে ৯টি মৌসুম খেলেছেন কিপার-ব্যাটসম্যান পান্ত।