ডিলিট না করেই এবার এডিট করা যাবে ইনস্টাগ্রাম স্টোরি
এখন থেকে পোস্টে বিব্রতকর কোনো বানান ভুল ঠিক করা, নতুন গান যোগ বা বদলানো ও ক্যাপশন পুরোপুরি পাল্টে ফেলার মতো বিষয় পোস্ট ডিলিট না করেই করা যাবে।
অবশেষে বিরক্তিকর এক সমস্যার সমাধান করতে যাচ্ছে মেটা। ইনস্টাগ্রামের তিনশ কোটি ব্যবহারকারীর প্রায় সবাই কখনো না কখনো এই সমস্যার মুখে পড়েছেন।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, ছবি শেয়ারিংয়ের অ্যাপটিতে ‘স্টোরিজ’ ফিচারটি মূল অংশ হয়ে ওঠার এক দশকেরও বেশি সময় পর পোস্ট শেয়ার করার পরও তা এডিট করার সুযোগ দিচ্ছে কোম্পানিটি।
ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি বলেছেন, এখন থেকে পোস্টে বিব্রতকর কোনো বানান ভুল ঠিক করা, নতুন গান যোগ বা বদলানো ও ক্যাপশন পুরোপুরি পাল্টে ফেলার মতো বিষয় পোস্ট ডিলিট না করেই করা যাবে।
নতুন এ পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা তাদের স্টোরি পোস্ট করার পর ভিউ, লাইক ও রিপ্লাই অক্ষুণ্ণ রেখেই তা সংশোধনের জন্য ১৫ মিনিট সময় পাবেন।
স্টোরি মুছে ফেলে আবার নতুন করে আপলোড করা আপাতদৃষ্টিতে বড় কোনো ঝামেলা মনে না হলেও ধারাবাহিক বা একাধিক পোস্টের মাঝখানে এমনটা ঘটলে তা বেশ বিরক্তিকর হয়ে ওঠে।
স্টোরিজের বিভিন্ন স্লাইড ‘রিভার্স ক্রনোলজিক্যালি’ বা উল্টো কালানুক্রমিকভাবে দেখানো হয় ফলে কোনো পোস্টের ঠিক আগে ও পরে অন্য ছবি থাকলে মাঝখানের পোস্টটি ডিলিট করে আবার শেয়ার করলে তা আর আগের জায়গায় থাকে না।
পেশাদার কনটেন্ট ক্রিয়েটর বা সামাজিক মাধ্যম ম্যানেজারদের জন্য বিষয়টি বেশি সমস্যার। কারণ নতুন করে পোস্ট করলে তাদের রিচ বা এনগেজমেন্টের হিসাবে তারতম্য ঘটে।
১৫ মিনিটের এই এডিটিংয়ের সুযোগ খুব সামান্য বাড়তি সুবিধা দিলেও এরইমধ্যে পোস্ট হয়ে যাওয়া কোনো ভুল শুধরে নেওয়ার ক্ষেত্রে এটা কার্যকর উপায় তৈরি করে দিল।
এমন প্রয়োজনীয় পরিবর্তন আনতে ইনস্টাগ্রামের কেন এত দীর্ঘ সময় লাগল তা এখনও স্পষ্ট নয়।
মেটা দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করার পর তা এডিটের সুযোগ দিয়ে আসছে। তবে স্টোরি এডিটিংয়ের সুবিধা এবারই প্রথম।
মোসেরি লিখেছেন, “অনেক দিন ধরেই অসংখ্য মানুষ সুবিধাটি চাইছিলেন। ফলে ফিচারটি চালু করতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত।”
নতুন ফিচারটি এরইমধ্যে সবার জন্য উন্মুক্ত করা শুরু হয়েছে। ব্যবহারকারীরা স্টোরির ‘মোর’ মেনুতে গিয়ে ‘এডিট স্টোরি’ অপশনটি বেছে নিয়ে তা সংশোধন করতে পারবেন।
তবে এডিট করা পোস্টগুলো অন্যরা দেখার সময় সেখানে ‘এডিটেড’ লেখা লেবেল যোগ থাকবে।
এ ছাড়া, ইনস্টাগ্রাম তাদের স্টোরিজ তৈরির মাধ্যম বা ‘কম্পোজার’-এর আরও কয়েকটি দিকে পরিবর্তন আনছে।
অ্যাপটিতে ব্যাকগ্রাউন্ড রঙের বিভিন্ন অপশন আপডেট করে এতে ‘গ্রেডিয়েন্ট’ ও অন্যান্য ভিজুয়াল ইফেক্ট যোগ করা হচ্ছে। পাশাপাশি, একসঙ্গে একাধিক ছবি শেয়ার করা ও সাজানোর প্রক্রিয়াটিও আরও সহজ করছে প্ল্যাটফর্মটি।
