১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

উদ্যোক্তা নারীদের পণ্যের পসরা গুলশানে, শুরু ‘হার পাওয়ারফুল স্টোরি’

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব ব্র্যান্ডের পণ্য নিয়ে এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 03:35 PM

Updated : 14 Nov 2026, 03:42 PM

নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা, সাহসিকতা এবং ব্যবসায়িক উদ্যোগকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম দেওয়ার লক্ষ্যে রাজধানীর গুলশানে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘হার পাওয়ারফুল স্টোরি, নভেম্বর এক্সপো ২০২৬’।

শনিবার বেলা ১১টায় সুবর্ণভূমি ফাউন্ডেশনের ‘ইসলাম লজে’ এই মেলার উদ্বোধন করা হয়।

যৌথভাবে এর আয়োজন করেছে ‘হার পাওয়ারফুল স্টোরি’ এবং ‘রেহনুমা সিডব্লিউই’।

আয়োজকরা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব ব্র্যান্ডের পণ্য নিয়ে এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন।

স্টলগুলোতে স্থান পেয়েছে দেশীয় ও আধুনিক ডিজাইনের পোশাক, হাতে তৈরি গয়না, অর্গানিক স্কিনকেয়ার পণ্য, হোম ডেকোর সামগ্রী, ইনডোর গাছ এবং ঘরে তৈরি বিভিন্ন খাবার।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লিনাজ জুয়েলারি, আমিরা'স ক্রিয়েশন, শপ স্টপ, তাফান্নুম কালেকশন, শুভ্রতা, রাঙা, মানহা'স গার্ডেন, ফ্রেশ পার্পল, গার্লি বুটিক, ব্রিজেস ক্রিয়েশনস, রাগা বাই অনিন্দিতা, সাফা ফুড, ড্যাজলিং অ্যাটায়ার ফ্যাশন হাউস, রানী'স ফ্যাশন, নায়ীরা ফ্যাশন, বিদোরা এবং সুমি'স কালেকশন।

‘হার পাওয়ারফুল স্টোরি’ প্ল্যাটফর্মটির তিন উদ্যোক্তা ও আয়োজক হলেন লিনাজ জুয়েলারির স্বত্বাধিকারী লীনা ফেরদৌস এবং ড্যাজলিং অ্যাটায়ারের দুই স্বত্বাধিকারী সুলতানা ইসলাম ও শিউলি ইসলাম।

আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে লীনা ফেরদৌস বলেন, “প্রত্যেক নারীরই একটি নিজস্ব গল্প আছে, যা অন্য নারীদের অনুপ্রাণিত করতে পারে। আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে নারীদের জেগে ওঠার ও শক্তির গল্পগুলোই তুলে ধরা হচ্ছে। বড় পরিসরের মেলায় অনেক ক্ষুদ্র উদ্যোক্তা যাওয়ার সুযোগ পান না।

“তাই আমরা এলাকাভিত্তিক ছোট পরিসরে এমন মেলার আয়োজন করছি, যাতে স্থানীয় উদ্যোক্তারা সুযোগ পান এবং ক্রেতারাও হাতের নাগালে তাদের পছন্দের পণ্য পান।”

আরেক আয়োজক সুলতানা ইসলাম বলেন, “নারীরা অনেক ক্ষেত্রেই নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন এবং সুযোগ কম পান। ‘নারীরা কিছু করতে পারে না’ সমাজের এই প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করতেই আমাদের এই প্রচেষ্টা। আমরা চাই নারীরা একে অপরের শক্তি হয়ে দাঁড়াক এবং নিজেদের কাজ সবার সামনে মেলে ধরুক।”

আয়োজকদের আরেকশন শিউলি ইসলাম জানিয়েছেন, শুধু গুলশানেই সীমাবদ্ধ না থেকে বছরের ১২ মাসই রাজধানীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের, যাতে সব এলাকার ক্রেতাদের দোরগোড়ায় নারী উদ্যোক্তাদের পণ্য পৌঁছে দেওয়া যায়।

উদ্যোক্তাদের পণ্যে বৈচিত্র্য ও প্রত্যাশা

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান ‘বিদোরা’র বিক্রেতা তন্নি জানিয়েছেন, তারা মূলত পরিবেশবান্ধব ‘আপসাইকেল’ পণ্য নিয়ে কাজ করছেন। অব্যবহৃত ডেনিম ও পুরনো রাজশাহী সিল্ক পুনর্ব্যবহার করে তৈরি করা হচ্ছে ব্যাগ, কুশন কভার ও দোপাট্টা।

তন্নি বলেন, “আমাদের ফ্যাক্টরি গাজীপুরে। প্রত্যন্ত গ্রামের প্রায় ৮০০ নারী কারিগর আমাদের সাথে কাজ করেন। একেকটি রাজশাহী সিল্কের স্টোল তৈরি করতে ৯ থেকে ১৫ দিন সময় লাগে। মেলায় ১৫০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাগ ও হোম অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছে।”

‘তাফান্নুম কালেকশন’ এর স্বত্বাধিকারী তাফান্নুম মুন জানিয়েছেন, তিনি নিজের ডিজাইন করা লেহেঙ্গা, পাকিস্তানি ফারসি কালেকশন, সাশ্রয়ী মূল্যের ব্যাগ, গয়না ও প্রসাধনী নিয়ে মেলায় এসেছেন। তার মূল লক্ষ্য ক্রেতাদের কাছে নিজের ব্র্যান্ডকে পরিচিত করা এবং আসন্ন রমজানকে সামনে রেখে ভালো বিক্রির প্রস্তুতি নেওয়া।

‘সাফা ফুড’ এর উদ্যোক্তা নিলুফা ইয়াসমিন লিমা এনেছেন ঘি, সরিষার তেল, গুঁড়া মসলা, লাল গমের আটা, বরফি এবং গরুর মাংস, রসুন ও আমড়ার বাহারি আচার। এছাড়াও রয়েছে খেজুর-বাদামের বরফি, জলপাই বার ও জলপাইয়ের বোরহানি।

লিমা বলেন, “আমি মৌসুমি ফল সরাসরি বাগান থেকে সংগ্রহ করি। শীতের মৌসুম সামনে রেখে দিনাজপুরে নিজে দাঁড়িয়ে থেকে খাঁটি খেজুরের গুড় তৈরি করিয়ে এনেছি, যা মেলায় ক্রেতারা পাবেন।”

এদিকে, ‘গার্লি বুটিক’ রাহিয়াতুল জান্নাত রাখি জানিয়েছেন, অনলাইনে ব্যবসা পরিচালনা করলেও এ ধরনের মেলায় সরাসরি ক্রেতাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।

রোববার পর্যন্ত চলবে দুই দিনের এই প্রদর্শনী। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজনকারী ‘রেহনুমা সিডব্লিউই’ এর স্বত্বাধিকারী রেহনুমা সুলতানা বলেন, গুলশানের মত জায়গায় মাত্র ৫ হাজার টাকায় দুই দিনের স্টল ভাড়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে ক্ষুদ্র উদ্যোক্তারা সহজেই অংশ নিতে পারেন।

একটি প্রদর্শনীকে কেবল তাৎক্ষণিক বিক্রির মাপকাঠিতে বিচার করা ঠিক নয়। বরং ক্রেতাদের সামনে নিজের ব্র্যান্ডকে পরিচিত করা এবং নেটওয়ার্কিং তৈরি করাই ব্যবসার জন্য সবচেয়ে বড় বিনিয়োগ বলে মন্তব্য করেন তিনি।