১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন উদ্যোক্তাদের সরকারি কাজে অংশ নেওয়ার সুযোগ বাড়িয়ে আইন পাস

বিলের আলোচনায় কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, নতুন আইনে ‘সুযোগবঞ্চিত ব্যক্তি’ নামে একটি শ্রেণি যুক্ত করায় সরকারি ক্রয়ে স্বজনপ্রীতি ও দলীয় লোকদের সুবিধা দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

নতুন উদ্যোক্তাদের সরকারি কাজে অংশ নেওয়ার সুযোগ বাড়িয়ে আইন পাস

ফাইল ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 01:07 AM

Updated : 17 Nov 2026, 01:06 AM

সরকারি কেনাকাটা ও উন্নয়নকাজে নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণ সহজ করতে জাতীয় সংসদে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল’ পাস হয়েছে।

এতে বিধান রাখা হয়েছে নতুন নিবন্ধিত ব্যক্তি ও উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে এমন অপ্রয়োজনীয় শর্ত আরোপ না করার।

জাতীয় সংসদে সোমবার পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

বিলের আলোচনায় কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, নতুন আইনে ‘সুযোগবঞ্চিত ব্যক্তি’ নামে একটি শ্রেণি যুক্ত করায় সরকারি ক্রয়ে স্বজনপ্রীতি ও দলীয় লোকদের সুবিধা দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। এ ছাড়া জরুরি প্রয়োজনের কথা বলে প্রতিযোগিতা ছাড়াই সরাসরি ক্রয়ের সুযোগ রাখা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম বলেন, “বিলটিতে ভালো কিছু বিষয় থাকলেও কয়েকটি জায়গায় স্বজনপ্রীতির সুযোগ ও ফাঁক রয়েছে। বিশেষ করে সুযোগবঞ্চিত ব্যক্তি নির্ধারণে সুনির্দিষ্ট মানদণ্ড ও নিরপেক্ষ যাচাইয়ের ব্যবস্থা থাকা প্রয়োজন। তা না হলে এই সুবিধার অপব্যবহার হতে পারে।”

শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “বিলে নারী, নতুন উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণির অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এর বাইরে সুযোগবঞ্চিত ব্যক্তি নামে আলাদা শ্রেণি যুক্ত করার প্রয়োজনীয়তা স্পষ্ট নয়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের বাইরে অনেকে সরকারি কাজে অংশ নেওয়ার সুযোগ পাননি। কিন্তু নতুন বিধানটি ভবিষ্যতে অন্যদের সুবিধা দেওয়ার ক্ষেত্রেও ব্যবহার হতে পারে।”

এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেন, “গত ২০ বছরে যারা সরকারি ক্রয় প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাননি, তাদের সুযোগবঞ্চিত ব্যক্তি হিসেবে বিবেচনা করে সীমিত দরপত্রে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। অথচ সরকারি ক্রয় আইনের মূল লক্ষ্য প্রতিযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।”

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ সাম্প্রতিক কয়েকটি সরকারি ক্রয়ের উদাহরণ তুলে ধরে অভিযোগ করেন, সরাসরি ক্রয় পদ্ধতিতে বড় অঙ্কের কাজ দেওয়ার ফলে অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে। তিনি ১৩ হাজার ৫০০ কোটি টাকার একটি কাজ, তৃতীয় এলএনজি টার্মিনাল এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাব কেনার প্রকল্পের কথা উল্লেখ করেন।

জবাবে পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আসলে বিলটি কারও জন্য সুযোগ সৃষ্টি করার জন্য না, সুযোগবঞ্চিতদের অংশগ্রহণের জন্য। সুযোগবঞ্চিত হলে যে সে পাবে তা না, সুযোগবঞ্চিতদের অংশগ্রহণের জন্য।”

মন্ত্রী বলেন, দরপত্র পর্যালোচনার কমিটিতে বেসরকারি খাতের প্রতিনিধিও রয়েছেন। এতে স্বচ্ছতার ব্যবস্থা রাখা হয়েছে। সংসদ সদস্যদের অনেক প্রস্তাবের বিষয় ইতোমধ্যে আইনি কাঠামোয় রয়েছে। বাকি প্রস্তাবগুলো বিধিমালা তৈরির সময় বিবেচনা করা যেতে পারে।

এর আগে মন্ত্রী জানান, বিলের খসড়া জনমত যাচাইয়ের জন্য বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। অংশীজনদের মতামত নিয়ে খসড়া চূড়ান্ত করা হয়। সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় বিলের দুটি দফায় পরিবর্তন আনা হয়েছে।

পরে সংসদ সদস্যদের জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়। এরপর বিলটি পাস করা হয়।

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিলও পাস

একই অধিবেশনে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ পাস হয়েছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি পাসের প্রস্তাব করেন। সংসদ সদস্যদের জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নাকচ হওয়ার পর কণ্ঠভোটে বিলটি পাস হয়।

বিলে বগুড়া সিটি করপোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে একটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিধান রাখা হয়েছে। সরকার গেজেট প্রকাশ করে কর্তৃপক্ষের আওতাধীন এলাকা নির্ধারণ করবে।

নতুন কর্তৃপক্ষ পরিকল্পিত নগরায়নের জন্য মহাপরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা তৈরি করতে পারবে। ভূমি জরিপ, গবেষণা, তথ্য সংগ্রহ এবং অপরিকল্পিত সড়ক ও এলাকার পুনর্গঠনের জন্য উন্নয়ন প্রকল্পও নিতে পারবে।

বিলের আলোচনায় কয়েকজন সংসদ সদস্য উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণ, ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ, পরিবেশ সংরক্ষণ ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।

জবাবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, “দেশে আগে গঠিত ১২টি উন্নয়ন কর্তৃপক্ষের মতো বগুড়ায় ত্রয়োদশ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে। বিলটি নিয়ে ইতোমধ্যে অংশীজনদের মতামত নেওয়া হয়েছে এবং সংসদীয় স্থায়ী কমিটি পরীক্ষা করে প্রতিবেদন দিয়েছে। তাই নতুন করে জনমত যাচাইয়ের প্রয়োজন নেই।”