সরকারি ক্রয়ে নতুন উদ্যোক্তাদের সুযোগ বাড়াতে সংসদে বিল
দেশীয় পণ্যকে অগ্রাধিকার, বিদেশি প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশি অংশীদার বাধ্যতামূলক করার প্রস্তাবও রয়েছে পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিলে।
সরকারি কেনাকাটায় নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে জাতীয় সংসদে একটি বিল তোলা হয়েছে।
সেখানে বলা হয়েছে, দরপত্রে অংশ নেওয়ার যোগ্যতা নির্ধারণে এমন কোনো শর্ত দেওয়া যাবে না, যা অপ্রয়োজনীয়ভাবে নতুন নিবন্ধিত ব্যক্তি বা উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে।
পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বুধবার জাতীয় সংসদে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করেন।
বিলটি পরীক্ষা করে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
এর আগে সরকার এ বিষয়ে অধ্যাদেশ জারি করেছিল। সেই অধ্যাদেশ রহিত করে আইনে সংশোধন আনতে বিলটি সংসদে তোলা হয়েছে।
প্রস্তাবিত বিলে বলা হয়েছে, সরকারি ক্রয়ে অংশ নিতে শুধু দীর্ঘদিনের অভিজ্ঞতা, বেশি বার্ষিক লেনদেন, সরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা কিংবা এককভাবে বড় চুক্তি বাস্তবায়নের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে নির্ধারণ করা যাবে না।
তবে কেনাকাটার ধরন, জটিলতা ও ঝুঁকি বিবেচনায় বিশেষ ক্ষেত্রে ক্রয়কারী প্রতিষ্ঠান অতিরিক্ত শর্ত দিতে পারবে।
বিলে দেশীয় শিল্প ও উৎপাদনকে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাবও রয়েছে। বলা হয়েছে, দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে সরকারি কেনাকাটায় বাংলাদেশে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দেওয়া যাবে। সরকার চাইলে নির্দিষ্ট শ্রেণির দেশীয় পণ্য কেনা বাধ্যতামূলকও করতে পারবে।
এ ছাড়া নতুন দরপত্রদাতা, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা, নারী উদ্যোক্তা এবং সুযোগবঞ্চিত ব্যক্তিদের সরকারি ক্রয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে যোগ্যতার শর্ত শিথিল করার সুযোগ রাখা হয়েছে।
বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের ক্ষেত্রেও নতুন শর্তের প্রস্তাব করা হয়েছে।
বিলে বলা হয়েছে, কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি ক্রয় প্রক্রিয়ায় অংশ নিতে চাইলে বাংলাদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ গঠন করতে হবে।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সরকারি তহবিলের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহি, সমান সুযোগ, দক্ষতা, অবাধ প্রতিযোগিতা ও দেশীয় স্বার্থ রক্ষা করা প্রয়োজন।”
এ লক্ষ্যে ২০০৬ সালে পাবলিক প্রকিউরমেন্ট আইন করা হয়। এরপর ২০২৬ সাল পর্যন্ত আইনটি পাঁচবার সংশোধন করা হয়েছে।
মন্ত্রী জানান, সরকারি ক্রয়ে ‘বৈষম্য দূর করে’ সবার জন্য প্রতিযোগিতার সমান সুযোগ নিশ্চিত করতে গত ২১ সেপ্টেম্বর পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ জারি করা হয়।
অধ্যাদেশটি আইনে রূপ দিতে আন্তঃমন্ত্রণালয় সভা ও জনমত যাচাইয়ের মাধ্যমে মতামত নেওয়া হয়েছে। পরে প্রয়োজনীয় পরিবর্তন এনে নতুন বিল তৈরি করা হয়।
বিলটি আইনে পরিণত হলে সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষিত হবে বলে আশা প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী।
অধ্যাদেশ জারি নিয়ে সংসদে আপত্তি
বিলটি উত্থাপনের সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান আপত্তি জানান।
তিনি বলেন, সংসদের আগের অধিবেশন শেষ হয় ১০ সেপ্টেম্বর। পরের অধিবেশন শুরু হয় ৯ নভেম্বর। এর মাঝখানে অধ্যাদেশ জারি করে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদ থাকা সত্ত্বেও কী এমন জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল যে অধ্যাদেশ জারি করতে হয়েছে, তা জানতে চান তিনি।
নাজিবুর রহমান বলেন, আইন প্রণয়ন সংসদ সদস্যদের অধিকারই শুধু নয়, দায়িত্বও। সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারির কারণ সরকারের ব্যাখ্যা করা উচিত।
জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, দুটি অধিবেশনের মাঝখানে গুরুত্বপূর্ণ প্রয়োজনে অধ্যাদেশ জারির সাংবিধানিক সুযোগ রয়েছে।
তিনি বলেন, অধ্যাদেশটি এখন বিল আকারে সংসদে এসেছে। সংসদীয় স্থায়ী কমিটিতে পরীক্ষা ও আলোচনার পর সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে এটি পাস হবে।
পরে কণ্ঠভোটে বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হয়।
