সুপ্রিম কোর্টের নিরাপত্তায় নতুন নির্দেশনা, পরিচয়পত্র বহন বাধ্যতামূলক
প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনে আগত ব্যক্তিদের তল্লাশি করবেন, বলেছে হাই কোর্ট বিভাগের প্রশাসন।
দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনার মধ্যে সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে প্রবেশ ও বের হওয়ার জন্য নির্ধারিত ফটক ব্যবহার, পরিচয়পত্র বহন এবং নিরাপত্তা টহল জোরদার করার কথা বলা হয়েছে এ নির্দেশনায়।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
কয়েকদিন ধরে গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহন ও বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা-সংঘর্ষের ঘটনা ঘটছে।
নাশকতা ঠেকাতে ঢাকায় নিরাপত্তা জোরদারের কথা বলেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরিস্থিতি সামাল দিতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭৭টি চেকপোস্ট বসানোর তথ্য দিয়েছে। গোয়েন্দা নজরদারি ও টহলও কয়েক গুণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ অবস্থায় সুপ্রিম কোর্টের নিরাপত্তা সংক্রান্ত এ নির্দেশনা এল।
প্রধান বিচারপতির আদেশক্রমে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশ ও বহির্গমন ফটক নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং প্রবেশপথে নিয়মিত নিরাপত্তা তল্লাশি ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
নির্দেশনায় বলা হয়েছে, “সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বহির্গমনের জন্য শুধুমাত্র মাজার গেইট এবং আউটার গেইট (বার কাউন্সিল ভবন সংলগ্ন গেইট) ব্যবহার করতে হবে।”
“এ ছাড়া ন্যায় সরণি গেইট দিয়ে একমুখী চলাচল করতে হবে।”
অর্থাৎ, শুধু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হওয়ার জন্য এ ফটকটি ব্যবহার করা যাবে। প্রশাসনিক ভবন মসজিদ সংলগ্ন ফটক সবসময় বন্ধ থাকবে, বলা হয় নির্দেশনায়।
সুপ্রিম কোর্টের নবনিযুক্ত রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রবেশপথে তা দেখাতে হবে।
নিরাপত্তা তল্লাশির বিষয়ে বলা হয়েছে, প্রবেশপথে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজন অনুসারে আগত ব্যক্তিদের তল্লাশি করবেন।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।
