সৌর বিদ্যুতের সরকারি কেনাকাটায় ছাড়ের সুযোগ রেখে সংসদে বিল
নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে সীমিত দরপত্র পদ্ধতিতে সর্বোচ্চ ৫ কোটি টাকার পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার সুযোগ রাখা হয়েছে বিলে।
সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ দ্রুত করতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ই-জিপি ছাড়াই সরঞ্জাম কেনাকাটার সুযোগ রেখে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে।
বিলে নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে সীমিত দরপত্র পদ্ধতিতে সর্বোচ্চ ৫ কোটি টাকার পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার সুযোগ রাখা হয়েছে।
জাতীয় সংসদে মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এর আগে বিলটি উত্থাপনের বিরোধিতা করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি অভিযোগ করেন, সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের ক্ষমতা ক্ষুণ্ন হয়েছে।
তার আপত্তির জবাব দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বিলে বলা হয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে অগ্রাধিকার পাবে ওপেক্স বা পরিচালন ব্যয়ভিত্তিক মডেল। এ ব্যবস্থায় সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। চুক্তি অনুযায়ী উৎপাদিত বিদ্যুৎ বা তার মূল্য সমন্বয় করা হবে।
যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারা ক্যাপেক্স বা মূলধনি ব্যয়ভিত্তিক মডেলেও সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজের অর্থে সৌরবিদ্যুৎ ব্যবস্থা কিনবে ও স্থাপন করবে। এর মালিকানাও প্রতিষ্ঠানটির থাকবে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার জন্য গ্রাহক, সেবাদানকারী প্রতিষ্ঠান এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করার বিধান রাখা হয়েছে।
চুক্তিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের স্থান, বিদ্যুতের ব্যবহার ও বণ্টন, উদ্বৃত্ত বিদ্যুতের ব্যবস্থাপনা, মালিকানা, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের বিষয়গুলো নির্ধারণ করা হবে।
বিলে কেনাকাটার ক্ষেত্রে বিশেষ ছাড়েরও বিধান রয়েছে। এতে বলা হয়েছে, ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার আর্থিক সীমা সর্বোচ্চ ৫ কোটি টাকা হবে। এ ছাড়া বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কেনাকাটায় ই-জিপি ব্যবহার বাধ্যতামূলক হবে না।
ই-জিপি হল সরকারি কেনাকাটার অনলাইন পদ্ধতি। এর মাধ্যমে দরপত্র আহ্বান, জমা ও মূল্যায়ন করা হয়।
বিলে সৌরবিদ্যুৎ কার্যক্রম বাস্তবায়নে নীতিগত দিকনির্দেশনা দিতে জাতীয় পলিসি কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। জেলা পর্যায়ে থাকবে কারিগরি ও সমন্বয় কমিটি।
বিলে বর্ণিত বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট ক্ষমতার প্রকল্প রাখা হয়েছে। তবে বড় আকারের ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প এই ব্যবস্থার আওতায় পড়বে না।
বিলে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরির জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। চোরাই যন্ত্রাংশ জেনেশুনে কেনা, বিক্রি বা নিজের কাছে রাখার ক্ষেত্রেও বিধান রয়েছে একই শাস্তির।
এ ছাড়া সৌরবিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রাংশের ক্ষতি করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। অনুমতি ছাড়া অন্য কাউকে সৌরবিদ্যুতের সংযোগ দেওয়া এবং সৌরবিদ্যুৎ স্থাপন বা রক্ষণাবেক্ষণের কাজে বাধা দেওয়ার ক্ষেত্রেও সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
কেন এই আইন
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বিদ্যুৎমন্ত্রী বলেন, “দেশে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, জীবাশ্ম জ্বালানির আমদানি নির্ভরতা কমানো এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ প্রয়োজন। এ লক্ষ্যে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-৩০ প্রণয়ন করা হয়েছে।
“আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুৎ কেনার জন্য প্রণোদনাও ঘোষণা করা হয়েছে।”
বিদ্যুৎমন্ত্রী জানান, প্রচলিত আইন ও বিধির আওতায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি এবং বাসাবাড়ির ছাদ, আঙিনা বা উপযুক্ত স্থানে বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম পরিচালনার সুযোগ না থাকায় গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়।
অধ্যাদেশটিতে সৌরবিদ্যুৎ স্থাপনের দুটি মডেল, সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন, ত্রিপক্ষীয় চুক্তি, বিশেষ কেনাকাটা পদ্ধতি এবং উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের বিনিময়ে প্রণোদনার বিধান রাখা হয়েছে।
অধ্যাদেশটিকে আইনে রূপান্তরের জন্য সংসদে বিল আনা হয়েছে বলে জানান তিনি।
‘সংসদকে রাবার স্ট্যাম্প বানানো হচ্ছে’
বিলটি উত্থাপনের আগে আপত্তি জানিয়ে সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, “সংসদ কার্যকর থাকা অবস্থায় আইন প্রণয়নের স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ না করে অধ্যাদেশ জারি করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র গত জুলাইয়ে প্রণয়ন করা হয়। এরপর ১ সেপ্টেম্বর ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রণোদনা ঘোষণা করা হয়।
“তখন জাতীয় সংসদের অধিবেশন চলছিল। ১০ সেপ্টেম্বর অধিবেশন শেষ হওয়ার পর ১৯ অক্টোবর অধ্যাদেশ জারি করা হয়।”
নাজিবুর রহমান প্রশ্ন তোলেন, সংসদ কার্যকর থাকা সত্ত্বেও কেন অধ্যাদেশ জারির প্রয়োজন হল? তিনি বলেন, “এই যে যে প্রক্রিয়ায় এটা আনা হয়েছে এটা সংসদের আইন প্রণয়ন সংক্রান্ত সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।”
সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে সরকারের প্রতি দাবি তোলেন তিনি।
নাজিবুর রহমান বলেন, “একটি কার্যকর সংসদ থাকা অবস্থায় সংসদ এবং সংশ্লিষ্ট স্থায়ী কমিটিকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারির কারণ স্পষ্ট করতে হবে।”
তিনি অভিযোগ করেন, এর মাধ্যমে আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদ সদস্যদের কার্যত অনুমোদন দেওয়ার যন্ত্রে পরিণত করা হচ্ছে। অধ্যাদেশ জারির জন্য জরুরি পরিস্থিতি কী ছিল, তার ব্যাখ্যাও চান তিনি।
নাজিবুর রহমানের অভিযোগ, কিছু অধ্যাদেশ জারির পেছনে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে।
নাজিবুরের ব্যাখ্যাকে ‘বিভ্রান্তিমূলক’ বললেন আইনমন্ত্রী
এদিকে নাজিবুর রহমানের আপত্তির জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ব্যাখ্যায় বিরোধীদলীয় সংসদ সদস্য ভুল করেছেন। আগের দিন অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করা হয়েছিল সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী।
“এখন সেটিকে নতুন বিল হিসেবে আনা হয়েছে। বিলটি সংসদীয় কমিটিতে যাবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সংসদে প্রতিবেদন দেওয়া হবে।”
সংসদ আইন প্রণয়নের সার্বভৌম মন্তব্য করে মন্ত্রী বলেন, “সংসদের অধিবেশন না থাকা অবস্থায় জরুরি পরিস্থিতিতে অধ্যাদেশ জারির বিষয়ে রাষ্ট্রপতির সন্তুষ্টি তার নিজস্ব বিবেচনার বিষয়। সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতির সেই সিদ্ধান্ত নিয়ে আদালতেরও প্রশ্ন তোলার সুযোগ নেই।”
আইনমন্ত্রীর বক্তব্যের পর আবারও আপত্তি জানান নাজিবুর রহমান। তিনি বলেন, “রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা এবং অধ্যাদেশ জারির কারণ সম্পর্কে জনগণকে জানানো দুটি আলাদা বিষয়। ব্যতিক্রমী পরিস্থিতিতে অধ্যাদেশ জারির সুযোগ থাকলেও সেটিকে নিয়মিত আইন প্রণয়নের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয় “
সরকার কেন সংসদের অধিবেশন শেষ হওয়ার পর অধ্যাদেশ জারি করল সে বিষয়ে ব্যাখ্যা দাবি করেন তিনি।
আগামী গ্রীষ্মের আগে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুতের লক্ষ্য
বিতর্কের পর বিলটি আনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
তিনি বলেন, “বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কারণে বিকল্প জ্বালানি ব্যবহারের প্রয়োজনীয়তা বেড়েছে। বাংলাদেশও দ্রুত সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে চায়। আগামী গ্রীষ্মে লোডশেডিংয়ের চাপ কমাতে গ্রীষ্ম শুরুর আগেই পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার চেষ্টা করছে সরকার। এ জন্য সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে চায় সরকার। সে জন্য নীতিমালা ও প্রণোদনার বিষয়গুলো একত্র করে আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
বিলটি এখনো আইন হিসেবে পাস হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, সংসদীয় স্থায়ী কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার পর আইন প্রণয়নের পরবর্তী ধাপ সম্পন্ন হবে।
এরপর ডেপুটি স্পিকার কায়সার কামাল বিলটি উত্থাপনের অনুমতির প্রস্তাব কণ্ঠভোটে দেন। প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হলে বিদ্যুৎমন্ত্রী ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন।
