শাহজালাল বিমানবন্দরের তিন টার্মিনাল ভবনের ছাদে বসছে সৌরবিদ্যুৎ
‘অপারেশনাল এক্সপেন্ডিচার’ মডেলে এই ব্যবস্থা স্থাপনের মাধ্যমে প্রায় ২১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবন-১ ও ২ এবং অভ্যন্তরীণ টার্মিনাল ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)।
‘অপেক্স’ (অপারেশনাল এক্সপেন্ডিচার) মডেলে এই ব্যবস্থা স্থাপনের মাধ্যমে প্রায় ২ হাজার ১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সম্প্রতি সিএএবির ৩২১তম বোর্ড সভায় এই অনুমোদন দেওয়া হয়।
সভার কার্যবিবরণী অনুযায়ী, সিএএবির নিজস্ব অর্থায়নের পরিবর্তে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে অপেক্স মডেলে এই প্রকল্প বাস্তবায়িত হবে।
এ ক্ষেত্রে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬’-এর ৫ ধারা অনুযায়ী ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) তালিকাভুক্ত সার্ভিস প্রোভাইডার অথবা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠান এই কাজ করবে।
অপেক্স মডেলের শর্তানুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ ব্যয় বহন করবে নির্বাচিত সার্ভিস প্রোভাইডার। উৎপাদিত বিদ্যুতের অংশ বা মূল্য চুক্তির শর্ত অনুযায়ী উভয় পক্ষের মধ্যে সমন্বয় করা হবে। ফলে এতে সিএএবির কোনো নিজস্ব অর্থ ব্যয় হবে না।
বোর্ড সভায় সিএএবির প্রধান প্রকৌশলী জাকারিয়া হোসেন জানান, শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল-১, ২ এবং ডমেস্টিক টার্মিনাল ভবনের ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনযোগ্য এলাকার পরিমাণ প্রায় ২ লাখ ১০ হাজার বর্গফুট। সরকার প্রণীত রুফটপ সোলার ক্যালকুলেটর অনুযায়ী, এই জায়গা থেকে আনুমানিক ২ হাজার ১০০ কিলোওয়াট পিক সৌরবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
