কক্সবাজার বিমানবন্দরে নতুন বোর্ডিং ব্রিজ চালু, প্রথম গেল ইউএস-বাংলা
নতুন বোর্ডিং ব্রিজের মাধ্যমে যাত্রীরা সরাসরি টার্মিনাল ভবন থেকে উড়োজাহাজে ওঠানামা করতে পারবেন।
কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে প্রথমবারের মতো বোর্ডিং ব্রিজের সঙ্গে যুক্ত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ।
শনিবার এয়ারলাইন্সটির বিএস-১৪৫ ফ্লাইটের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ইউএস-বাংলার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বোর্ডিং ব্রিজের মাধ্যমে যাত্রীরা সরাসরি টার্মিনাল ভবন থেকে উড়োজাহাজে ওঠানামা করতে পারবেন। এতে যাত্রীদের চলাচল আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে এবং বিমানবন্দরে আধুনিক যাত্রীসেবার সুযোগ বাড়বে।
এর আগে গেল ২৮ সেপ্টেম্বর কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন থেকে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের উদ্বোধন করা হয়।
দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারকে আন্তর্জাতিক ‘এভিয়েশন হাব’ হিসেবে গড়ে তুলতে এবং পর্যটন শিল্পের প্রসারে বেশ কয়েক বছর ধরে কক্সবাজার বিমানবন্দর আধুনিকায়নের কাজ চলছে।
এ প্রকল্পের মূল আকর্ষণ বিমানবন্দরের রানওয়েকে সাগরের বুকে এক হাজার ৭০০ ফুট সম্প্রসারণ করা।
ফলে সেখানকার রানওয়ের দৈর্ঘ্য ৯ হাজার ফুট থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০ হাজার ৭০০ ফুটে, যা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের চাইতেও বেশি দৈর্ঘ্যের।
১ হাজার ৮৬৮ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরটির আধুনিকায়নের কাজ শুরু হয় ২০২১ সালের ২৯ অগাস্ট। এ প্রকল্পের আওতায় নতুন টার্মিনাল ভবন ছাড়াও যোগ হচ্ছে আধুনিক এভিয়েশন অবকাঠামো।
সমুদ্রের বুক চিরে নির্মাণাধীন এই রানওয়ে চালু হলে বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ড্যাশ এইট কিউ৪০০ ও প্রশস্ত কাঠামোর উড়োজাহাজ এখানে সহজেই ওঠানামা করতে পারবে।
