২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সোমবার

১৫ বছরের জন্য টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 01:04 PM

Updated : 29 Nov 2026, 01:04 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে সোমবার কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রোববার রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

দীর্ঘদিনের আলোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং আইনগত যাচাই-বাছাই শেষে চুক্তিটি চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি।

‘১৪ মাসেরে মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম’

বেবিচক চেয়ারম্যান জানান, চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরের দিন থেকে এ মেয়াদ কার্যকর হবে।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে পরিচালনার জন্য নির্ধারিত এলাকা জাপানি কনসোর্টিয়ামের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট নতুন টার্মিনাল থেকে পরিচালনার লক্ষ্য রয়েছে।

আর হস্তান্তরের ১৪ মাসের মধ্যে সব নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং তৃতীয় টার্মিনালে স্থানান্তর করা হবে।

উদ্বোধনের সময় সব সুবিধা পুরোপুরি প্রস্তুত থাকবে কি না, এমন প্রশ্নে মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, “আমরা চেষ্টা করছি, হয়তো লাউঞ্জ সব ফ্যাসিলিটি তো ফুল-ফ্লেজড হয় নাই। বাট যে যাত্রীরা যাবেন, তাদের উইথ লিমিটেড ফ্যাসিলিটি যা যা করা, লাইক লাউঞ্জিং আদার ফ্যাসিলিটিজ, অ্যাজ এ বেসিস আমরা করছি।”

তবে আট মাসের মধ্যে ধাপে ধাপে লাউঞ্জসহ অন্যান্য সুবিধা থাকবে বলে জানান তিনি।

পরিচালনায় জাপানিরা, নিয়ন্ত্রণ থাকবে বেবিচকের

সংবাদ সম্মেলনে বলা হয়, যে চুক্তি হতে যাচ্ছে, সেই অনুযায়ী, জাপানি কনসোর্টিয়াম নিজ খরচে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে।

যান্ত্রিক, বৈদ্যুতিক ও পানি সরবরাহ ব্যবস্থাসহ সংশ্লিষ্ট অবকাঠামোর সম্প্রসারণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংযোজনের দায়িত্বও থাকবে তাদের।

তবে টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি প্রতিষ্ঠানের হাতে গেলেও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণমূলক কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে।

রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচল নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বেবিচক। ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট সরকারি সংস্থার হাতে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃতীয় টার্মিনালে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট স্থানান্তরের পরও বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ, হজ এবং অন্যান্য অনিয়মিত ফ্লাইটের জন্য ব্যবহার করতে পারবে বেবিচক। প্রয়োজনে দুই পক্ষের আলোচনার ভিত্তিতে পুরনো টার্মিনাল দুটিও পরিচালনার সুযোগ থাকবে।

রাজস্বের ২৭ শতাংশ পাবে বেবিচক

বহির্গামী আন্তর্জাতিক যাত্রীর ১২ দশমিক ৫ ডলার এম্বার্কেশন ফি, বোর্ডিং ব্রিজ ফি এবং দোকান, লাউঞ্জ, পার্কিং ও বিজ্ঞাপন থেকে পাওয়া আয় পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠান।

অন্যদিকে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে দিতে হবে প্রতিষ্ঠানটিকে। টার্মিনাল পূর্ণ সক্ষমতায় পৌঁছালে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে।

এ ছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিং ও কার্গো হ্যান্ডলিং বাবদ রয়্যালটিও পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠান।

সেবার মানে ব্যর্থ হলে জরিমানা

চুক্তিতে যাত্রীসেবার মান নিশ্চিত করতে বেশ কিছু সময়সীমা ও কর্মদক্ষতার সূচক (কেপিআই) নির্ধারণ করা হয়েছে।

বিমান অবতরণের পর ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগ এবং সর্বশেষ ব্যাগ ন্যারো-বডি বিমানের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট ও ওয়াইড-বডি বিমানের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিটের মধ্যে যাত্রীর কাছে পৌঁছাতে হবে।

চেক-ইন কাউন্টারে গড় অপেক্ষার সময় বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য ৫ থেকে ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের জন্য ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে রাখতে হবে।

ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম (বিএইচএস), কিউট, কাস ও ফিডসের মতো প্রযুক্তিগত ব্যবস্থা ৯৫ থেকে ৯৮ শতাংশ সচল রাখতে হবে।

নির্ধারিত সেবার মান ও কেপিআই পূরণে ব্যর্থ হলে প্রতিটি ক্ষেত্রে ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার ডলার পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে। একটি স্বাধীন প্রকৌশল সংস্থা (ইন্ডিপেন্ডেন্ট ইঞ্জিনিয়ার) এসব কার্যক্রম তদারক করবে।

এম্বার্কেশন ফি নিয়ে ব্যাখ্যা

নতুন এম্বার্কেশন ফি নিয়ে প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, ২০১৩ সালের পর থেকে এই ফি ৫০০ টাকায় অপরিবর্তিত ছিল। নতুন টার্মিনালের উন্নত সুযোগ-সুবিধা, বড় বিনিয়োগ এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে ১২ দশমিক ৫ ডলার নির্ধারণকে যৌক্তিক ও ইতিবাচক মনে করছে কর্তৃপক্ষ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “১৯৭১ সালের পর থেকে বাংলাদেশ স্বাধীনভাবে একটি পূর্ণাঙ্গ নতুন আন্তর্জাতিক বিমানবন্দর করতে পারেনি।

“একটি নতুন বিমানবন্দর পরিকল্পনা থেকে শুরু করে চালু করতে ১০ থেকে ২৫ বছর পর্যন্ত সময় লাগে।”

বেবিচকের রাজস্বের অংশ ২৭ শতাংশে উন্নীত হওয়ার বিষয়টি ব্যাখ্যা করে চেয়ারম্যান বলেন, এটি মোট রাজস্বের একটি অংশ। ল্যান্ডিং ও ওভারফ্লাইট চার্জের মতো খাতগুলো আগের মতোই থাকবে।

২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের থার্ড টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে।

এতে ১২৭টি চেক-ইন কাউন্টার, সেলফ চেক-ইন সুবিধা, ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, আটটি অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার এবং ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট রয়েছে।

এ ছাড়া ১২টি কন্টাক্ট বোর্ডিং ব্রিজ, ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে এবং ১ হাজার ২৩০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।

নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনালের মাধ্যমে বছরে ৮ লাখ ২০ হাজার ৪১১ টন কার্গো হ্যান্ডলিং করা সম্ভব হবে। এই সক্ষমতা বর্তমানের চার গুণ।