২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ

ছাত্রদল নেতার দাবি, চিরকুটে আগামী ১৬ ডিসেম্বর শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্বরের সামনে তাকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 01:22 PM

Updated : 29 Nov 2026, 01:22 PM

নেত্রকোণায় এক ছাত্রদল নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার ভোররাতে শহরের সাতপাই এলাকায় নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামের ব্যক্তিগত চেম্বারের সামনে কে বা কারা কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকি সংবলিত একটি চিরকুট রেখে যায়।

এ তথ্য জানিয়ে আমিরুল ইসলাম বলেন, সকালে ব্যক্তিগত চেম্বারের সামনে কাফনের কাপড়সহ এসব উপকরণ তিনি দেখতে পান।

তার দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘সর্বহারা গ্রুপ’এর নাম ব্যবহার করে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

চিরকুটে আগামী ১৬ ডিসেম্বর শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্বরের সামনে তাকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং বিষয়টি স্থানীয় নেতাদের জানানো হয়েছে আমিরুল ইসলাম জানান।

নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।