১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা: ট্রাইব্যুনালে হাছান মাহমুদ, নওফেলসহ ২২ জনের বিচার শুরু

এদিন সাক্ষ্য দিয়েছেন চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী আনিছ আহমেদ।

চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা: ট্রাইব্যুনালে হাছান মাহমুদ, নওফেলসহ ২২ জনের বিচার শুরু
ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 08:36 PM

Updated : 15 Nov 2026, 08:36 PM

গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিচার শুরু হয়েছে।

অভিযোগ গঠনের প্রায় সাড়ে চার মাস পর রোববার এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সূচনা বক্তব্য দেন প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

এরপর মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী আনিছ আহমেদ।

তাকে জেরার জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

এদিন সকালে মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন-চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

মামলার বাকি ১৭ আসামি পলাতক। তাদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এদিন মামলার বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণ করেন ১৮৪টি দেশের সংসদ সদস্যদের বৈশ্বিক সংগঠন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রতিনিধি ফ্রান্সের আইনজীবী ম্যাথা এলেন ম্যাসাঁ।

ফজলে করিম চৌধুরী আইপিইউর মানবাধিকার কমিটির চেয়ারম্যান ছিলেন তুলে ধরে তার আইনজীবী রিজওয়ানা ইউসুফ সাংবাদিকদের বলেন, “এই প্রতিনিধি মামলার বিচারপ্রক্রিয়া নিরপেক্ষ ও যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করছেন।”

গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

সে দিন ৬ অগাস্ট সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছিল। তবে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি।

ওই আবেদনের কারণে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ পিছিয়ে যায়।

পুনর্বিবেচনার আবেদনের ওপর কয়েক দফা শুনানি শেষে গত ১৯ অক্টোবর তা খারিজ করে দেন ট্রাইব্যুনাল। সে দিনই সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করা হয়।

মামলার আনুষ্ঠানিক অভিযোগে ২২ আসামির বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।

প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার কথা বলা হয়েছে।

দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যার কথা বলা হয়েছে।

তৃতীয় অভিযোগে বলা হয়, শতাধিক মানুষকে গুরুতর আহত করা হয়েছে।

এর আগে গত ২ এপ্রিল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা।

এরপর ৫ এপ্রিল প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। দুই দিন পর ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নেয় এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।