চট্টগ্রামে কনসার্ট শেষে ‘শেখ হাসিনার নামে’ স্লোগান, আটক ৯
এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
চট্টগ্রাম নগরীতে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের’ পর আয়োজিত কনসার্ট থেকে ফেরার পথে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে’ মিছিল করেছে একদল মানুষ।
নগরীর আমবাগান এলাকায় শনিবার রাতে এ ঘটনার পর পুলিশ নয় জনকে আটকের তথ্য জানিয়েছে। আর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলের সময় স্থানীয় বিএনপি কর্মীরা কয়েকজনকে ‘পুলিশের কাছে তুলে দেয়’।
খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, “কনসার্ট শেষে বাসায় ফেরার পথে কয়েকজন নিষিদ্ধ সংগঠনের নামে স্লোগান দিয়েছিল। তাদের মধ্যে আমরা ৯ জনকে আটক করেছি।”
স্থানীয়রা জানিয়েছেন, আমবাগার শহীদ শাহজাহান মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের’ আয়োজন করা হয় । ফাইনাল ম্যাচ শেষে সেখানে কনসার্টের আয়োজন ছিল। যেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়।
স্থানীয়দের একজন বলেন, “রাত ১০টার দিকে কসসার্ট শেষে লোকজন ফেরার সময় কিছু যুবক জয় বাংলা-জয় বঙ্গবন্ধ, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগান দেওয়া শুরু করে।”
ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও দেখে এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের ওসি মো. কামরুজ্জামান।
