কুমিল্লায় শেখ হাসিনার দেশে ফেরার স্লোগানে ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ১৮
জুমার নামাজের খুতবা চলাকালে এ মিছিল হয়।
কুমিল্লা নগরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি নিয়ে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে এ তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
গ্রেপ্তারদের মধ্যে কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান উদ্দিন টুটুল রয়েছেন। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী। গ্রেপ্তার অন্যরাও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরের চকবাজারের কাছে নুরপুর-তেলিকোনা সড়কে এ মিছিল হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এতে দেখা যায়, একটি ব্যানার নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন নেতা-কর্মীরা। এ সময় তারা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের কয়েকজনের হাতে লাঠি ও মুখে মাস্ক দেখা যায়। মিছিলটি ৩০ সেকেন্ড থেকে এক মিনিট স্থায়ী হয়।
পুলিশ জানায়, ভিডিও দেখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে শুক্রবার বিকাল থেকে রাতভর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
