যান্ত্রিক বাহু দিয়ে রকেট ধরার এমন দৃশ্য আগে দেখেনি বিশ্ব, স্টারশিপের ইতিহাস
মহাকাশযানকে উৎক্ষেপণের পর আবার একই টাওয়ারে ফিরিয়ে আনার এই পরীক্ষা রকেটকে পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য করার পথে বড় অগ্রগতি।
মহাকাশে ২২ ঘণ্টা কাটিয়ে পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে ফিরে আসার পর টেক্সাসের উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহুর মধ্যে সফলভাবে অবতরণ করেছে স্পেসএক্সের বিশাল স্টারশিপ রকেটের ওপরের অংশ।
এর মধ্য দিয়ে মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করল ইলন মাস্কের মহাকাশ গবেষণা কোম্পানি স্পেসএক্স।
পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসা একটি পূর্ণাঙ্গ মহাকাশযানকে মাটিতে নামার আগেই যান্ত্রিক বাহুর মাধ্যমে শূন্যে ধরে ফেলার ঘটনা এই প্রথম।
রয়টার্স লিখেছে, মহাকাশযানকে উৎক্ষেপণের পর আবার একই টাওয়ারে ফিরিয়ে আনার এই পরীক্ষায় সাফল্য রকেটকে পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য করার পথে বড় অগ্রগতি।
এই সাফল্যে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক তার ‘অসাধারণ দলটিকে’ অভিনন্দন জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মহাকাশযানটির ছবি ও ভিডিও প্রকাশ করে তিনি লেখেন, ‘শিপ ৪২ দেখতে দারুণ!’
অবতরণের কয়েক ঘণ্টার মধ্যেই স্পেসএক্সের প্রকৌশলীরা মহাকাশযানটি পরীক্ষা শুরু করেন। তারা জানান, এবারের উৎক্ষেপণে পৃথিবীর বায়ুমন্ডল ভেদ করে ফেরার ক্ষেত্রে স্টারশিপের গুরুত্বপূর্ণ তাপ-প্রতিরোধী ঢালসহ (হিট শিল্ড) অন্যান্য সব ব্যবস্থাই ঠিকঠাক কাজ করেছে।
২০২৩ সালের পর পূর্ণাঙ্গ স্টারশিপের এটি ছিল পঞ্চদশ পরীক্ষামূলক উড্ডয়ন এবং কক্ষপথে পৌঁছানোর মাত্র দ্বিতীয় অভিযান।
আগের অভিযানে স্টারশিপটি মাত্র দুইবার পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করতে পেরেছিল। সে তুলনায় এবারের অভিযান অনেক বেশি সফল।
ইতিহাস গড়া অবতরণ
৫২ মিটার উচ্চতার স্টারশিপ হল স্পেসএক্স এর বানানো বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সম্পূর্ণ পুনঃব্যবহারযোগ্য একটি সুপার হেভি-লিফট উৎক্ষেপণ যান।
এই দুই ধাপের রকেটব্যবস্থার নিচের অংশের নাম ‘সুপার হেভি বুস্টার’ এবং ওপরের মহাকাশযানটির নাম ‘শিপ’। চাঁদ ও মঙ্গলে মানুষ এবং সরঞ্জাম পরিবহনের উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে।
প্রায় ৫,০০০ মেট্রিক টন ওজনের এ মহাকাশযান শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্র থেকে যাত্রা করে।
মহাকাশে পৌঁছানোর পর শিপ অংশটি পৃথিবীর কক্ষপথে ২২ ঘণ্টার বেশি সময় অবস্থান করে এবং পৃথিবীকে মোট ১৪ বার প্রদক্ষিণ করে।
এই সময় মহাকাশযানটির অবস্থান ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৬০ কিলোমিটার উচ্চতায়। পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের জন্য ২৬টি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে মহাকাশযানটি।
এরপর শনিবার প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে পূর্ব দিকে অগ্রসর হওয়ার সময় শিপের একটি ইঞ্জিন চালু করা হয়। এর মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের প্রস্তুতি নেয় মহাকাশযানটি।
পৃথিবীতে ফিরে আসার সময় ঘণ্টায় প্রায় ১৭ হাজার মাইল (প্রায় ২৭ হাজার ৩৬০ কিলোমিটার) গতিতে চলছিল মহাকাশযানটি। বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপের মুখে পড়ে এটি। ধীরে ধীরে গতি কমিয়ে শব্দের চেয়ে বেশি গতিতে নিচে নামতে থাকে।
টেক্সাসের স্টারবেসের আকাশে পৌঁছানোর পর মহাকাশযানটি নিজেকে খাড়া অবস্থানে ফিরিয়ে আনে এবং ইঞ্জিন চালু করে অবতরণের গতি নিয়ন্ত্রণ করে।
এরপর উৎক্ষেপণ টাওয়ারের দুটি বিশাল যান্ত্রিক বাহু মহাকাশযানটিকে ধরার জন্য এগিয়ে আসে। শিপের ওপরের দিকে থাকা দুটি বিশেষ সংযোগস্থল ওই বাহুর সঙ্গে আটকে যায়। এভাবে ভূমি থেকে কয়েক শ ফুট ওপরে মহাকাশযানটি ঝুলে থাকে।
অবতরণের সময় মহাকাশযানটির ইঞ্জিন চালু ছিল। যান্ত্রিক বাহুতে আটকে যাওয়ার পর ইঞ্জিন বন্ধ করা হয়। মহাকাশ থেকে ফিরে আসার সময় প্রচণ্ড তাপে মহাকাশযানটির বাইরের অংশের কিছু জায়গা ঝলসে গেলেও পুরো অবতরণ প্রক্রিয়া সফল হয়।
উৎক্ষেপণস্থলে উপস্থিত মানুষের উল্লাসের মাঝে স্পেসএক্সের মিশন ধারাভাষ্যকার ড্যান হুটকে এ সময় বলতে শোনা যায়, “বিশ্বাস করতে পারছেন!”
স্পেসএক্সের ওই যান্ত্রিক বাহুগুলোর ডাকনাম ‘চপস্টিকস’। এগুলোর সাহায্যে রকেটের নিচের ও ওপরের দুই অংশই উৎক্ষেপণের পর আবার ধরে ফেলার পরিকল্পনা ছিল তাদের। তবে শুক্রবার উৎক্ষেপণের পর রকেটের নিচের অংশ সুপার হেভিকে ফিরিয়ে আনার চেষ্টা বাতিল করতে হয়।
স্পেসএক্সের কর্মকর্তা কেট টাইস জানান, পৃথিবীতে ফিরে আসার পথে মহাকাশযানটির ইঞ্জিন নির্ধারিত সময়ের আগে ঠিকঠাকই বন্ধ হয়ে যায়। তবে বুস্টারের দিকনির্দেশনা ব্যবস্থা বুঝতে পারে যে এটি সঠিক অবস্থানে নেই।
এরপর স্বয়ংক্রিয়ভাবে বুস্টারটি মেক্সিকো উপসাগরে অবতরণের বিকল্প প্রক্রিয়া শুরু করে এবং শেষ পর্যন্ত নিজেকে ধ্বংস করে ফেলে। সাগরের পানির কিছুটা ওপরে সেটিতে আগুন ধরে যায়।
অন্যদিকে, রকেটের ওপরের অংশ বা ‘শিপ’ প্রায় ২২ ঘণ্টার মহাকাশযাত্রা শেষে শনিবার স্থানীয় সময় বিকাল ৩টা ২০ মিনিটের দিকে পৃথিবীতে ফিরে আসে।
পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির লক্ষ্য
স্পেসএক্সের মহাকাশযাত্রার ব্যবসায়িক সাফল্যের বড় ভিত্তি ফ্যালকন ৯ রকেট। ২০১০ সাল থেকে এই রকেট ৭০০ বারের বেশি উৎক্ষেপণ করা হয়েছে।
ফ্যালকন ৯-এর প্রথম ধাপটি পুনর্ব্যবহারযোগ্য। তবে এর দ্বিতীয় ধাপ, যেটি উপগ্রহ বা অন্যান্য সরঞ্জামকে কক্ষপথে পৌঁছে দেয়, প্রতিটি উড্ডয়নের পর সমুদ্রে ফেলে দেওয়া হয়।
স্টারশিপের মাধ্যমে ইলন মাস্ক এমন একটি রকেটব্যবস্থা তৈরি করতে চান, যেটি মহাকাশে যাওয়া ও পৃথিবীতে ফিরে আসার পর খুব সামান্য মেরামত বা সংস্কার করেই আবার উড্ডয়ন করতে পারবে। তার লক্ষ্য, রকেটের ব্যবহার ও পুনরায় উড্ডয়নের প্রক্রিয়াকে অনেকটা বাণিজ্যিক বিমানের মত নিয়মিত ঘটনায় পরিণত করা।
শনিবারের সফল অবতরণ এ লক্ষ্য অর্জনের পথে বড় অগ্রগতি। তবে একই অভিযানে রকেটের নিচের ও ওপরের দুই অংশই ফিরিয়ে আনার কাজ এখনো সফল হয়নি। মহাকাশে উপগ্রহ পাঠানোর পর পুরো উৎক্ষেপণব্যবস্থাকে পৃথিবীতে ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি এখনো স্পেসএক্সের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
এ ছাড়া স্টারশিপের তাপ প্রতিরোধী আবরণও এখনো পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। মহাকাশযানটির বাইরের অংশে শত শত কালো ষড়ভুজ আকৃতির টাইলস রয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপ থেকে মহাকাশযানকে সুরক্ষা দেয় এগুলো।
প্রতিটি অভিযানের পর এসব টাইলস মেরামত বা পরিবর্তনের প্রয়োজন কমিয়ে আনার জন্য নতুন নকশা তৈরির চেষ্টা করছে স্পেসএক্স।
এর আগে ২০১১ সালে অবসরে যাওয়া নাসার স্পেস শাটলও আংশিকভাবে পুনর্ব্যবহারযোগ্য ছিল। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত ওই মহাকাশযানের বাইরের জ্বালানি ট্যাংক প্রতিটি উড্ডয়নের পর ফেলে দেওয়া হত। আর পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানটিকে পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত করতে ব্যাপক সংস্কার করতে হত।
স্টারশিপ নিয়ে নাসার পরিকল্পনা
স্টারশিপের উন্নয়নে এ পর্যন্ত ১৫ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে স্পেসএক্স।
চাঁদে আবার মানুষ পাঠানোর লক্ষ্যে নাসার আর্টেমিস কর্মসূচির অংশ হিসেবে স্টারশিপ তৈরি করছে ইলন মাস্কের কোম্পানি। ২০২১ সালে এ কাজের জন্য স্পেসএক্সের সঙ্গে ৪ বিলিয়ন ডলারের চুক্তি করে নাসা। এর মধ্যে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থাটি।
চাঁদে মানুষ পাঠানোর কাজে স্টারশিপের পাশাপাশি জেফ বেজোসের কোম্পানি ব্লু অরিজিনের তৈরি আরেকটি চন্দ্রযান ব্যবহারের পরিকল্পনা রয়েছে নাসার।
নাসার প্রত্যাশা, ২০২৮ সাল নাগাদ এই দুই কোম্পানির তৈরি যান দিয়ে চাঁদে নভোচারী পাঠানোর অভিযান শুরু করা সম্ভব হবে। তবে দুই মহাকাশযানেরই উন্নয়নে বেশ কিছু জটিল প্রযুক্তিগত চ্যালেঞ্জ এখনো অতিক্রম করতে হবে।
স্টারশিপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ হল কক্ষপথে জ্বালানি স্থানান্তরের প্রযুক্তির উন্নয়ন । এ জন্য মহাকাশে থাকা স্টারশিপের সঙ্গে জ্বালানি বহনকারী অন্য স্টারশিপ রকেটের সংযোগ স্থাপন করে জ্বালানি স্থানান্তর করতে হবে।
এই প্রযুক্তি সফলভাবে আয়ত্ত করতে পারলে পৃথিবীর কক্ষপথের বাইরে চাঁদে যাওয়ার মত দীর্ঘ মহাকাশযাত্রার জন্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করা সম্ভব হবে।
