প্রত্যেক মার্কিন শিশুকে শেয়ার দেওয়ার কথা ফের বললেন মাস্ক
স্পেসএক্সকে মহাকাশে ডেটা সেন্টার তৈরির লক্ষ্যে ১০ লাখ স্যাটেলাইট মোতায়েনের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন।
যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে নিজের মহাকাশ ও এআই কোম্পানি স্পেসএক্সের দুটি করে শেয়ার উপহার দেওয়ার আবারও ঘোষণা করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
এ উপহারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার। এ উদ্যোগের আওতায় প্রতিটি শিশু একটি শেয়ার পাবে কোম্পানির পক্ষ থেকে ও অন্যটি মাস্কের ব্যক্তিগত তহবিল থেকে পাবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বুধবার এ উপহারের ঘোষণা দেওয়ার আগে মাস্কের কোম্পানি স্পেসএক্স’কে মহাকাশে ডেটা সেন্টার তৈরির লক্ষ্যে ১০ লাখ স্যাটেলাইট মোতায়েনের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল কমিউনিকেশনস কমিশন’ বা এফসিসি।
সংস্থাটি বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কম্পিউটিংয়ের ক্রমাগত চাহিদা মেটাতে স্পেসএক্সের ‘স্টারমাইন্ড’ কনস্টেলেশনকে অনুমোদন দিচ্ছে তারা।
“আমেরিকায় সুপার ইন্টেলিজেন্স বিকাশের এ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে, এফসিসি স্পেসএক্সকে ১০ লাখ অরবিটাল কম্পিউট মডিউল মোতায়েনের অনুমতি দিচ্ছে। এগুলোর মাধ্যমে বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়াজাত করা হবে।”
এদিকে, এআই খাতের বিকাশ নিয়ে জনসাধারণ ও রাজনৈতিক মহলের তীব্র নজরদারির মধ্যেই এই প্রযুক্তির সুফল মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার বিষয়ে মাস্ক ও মার্কিন এআই কোম্পানি অ্যানথ্রপিক সম্প্রতি সম্পূর্ণ ভিন্ন দুটি রূপরেখা তুলে ধরেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক বলেছেন, প্রতিটি শিশু একটি শেয়ার পাবে কোম্পানির পক্ষ থেকে ও অপরটি পাবে তার ব্যক্তিগত তহবিল থেকে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
আলাদা আরেকটি পোস্টে মাস্ক বলেছেন, স্পেসএক্সের বিভিন্ন শেয়ার আগামী মাসেই হস্তান্তর করা হবে।
“আমার পক্ষ থেকে সরাসরি যে শেয়ারটি দেওয়া হবে তা আগামী বছরের জুনে আমার ‘লকআপ’ মেয়াদ শেষ হওয়ার পর হস্তান্তর করা হবে।”
এর আগে, বুধবার স্পেসএক্স বলেছে, বর্তমানে সক্রিয় প্রতিটি ‘ট্রাম্প অ্যাকাউন্টে’ তারা তাদের ‘ক্লাস এ’ স্টকের একটি করে নতুন ইস্যু করা শেয়ার দেবে।
পাশাপাশি কোম্পানিটির দান করা শেয়ারের সমপরিমাণ শেয়ার ব্যক্তিগতভাবে দেবেন মাস্ক।
‘ট্রাম্প অ্যাকাউন্ট’ হচ্ছে ১৮ বছরের কম বয়সি মার্কিন নাগরিকদের শেয়ার বাজারে অংশীদারিত্ব দেওয়া ও অল্প বয়স থেকেই সম্পদ গড়ে তুলতে সহায়তা করার একটি কর্মসূচি।
অক্টোবরে হোয়াইট হাউস বলেছিল, এ কর্মসূচির আওতায় প্রায় ৭ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।
বুধবার স্পেসএক্সের প্রতিটি শেয়ারের বাজারদর ১২৭ দশমিক ৪৪ ডলারে বন্ধ হয়, যা এই অনুদানের মোট মূল্য প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলারে দাঁড় করিয়েছে।
মাস্কের এ স্পেসএক্স শেয়ার অনুদান সরাসরি ‘ট্রাম্প অ্যাকাউন্টের’ সঙ্গে যোগ থাকবে কি না সে বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি কোম্পানিটি।
ব্রোকারেজ কোম্পানি ‘মিট্রেড গ্রুপ’-এর বৈশ্বিক বাজার উপদেষ্টা ক্রিস্টোফার ব্র্যাঙ্কিন বলেছেন, “এর ফলে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের বড় ভিত্তি তৈরি হবে, যা তাৎক্ষণিকভাবে বাজারে মানুষের সম্পৃক্ততা বাড়াবে ও এই প্রজন্ম প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ট্রেডিং প্ল্যাটফর্মের জন্য আর্থিকভাবে সচেতন গ্রাহকদের বড় ক্ষেত্র তৈরি করবে।”
গেল মাসে প্রায় ৮২ হাজার ৪০০ কোটি ডলার সম্পদের মালিক মাস্ক বলেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে তার স্পেসএক্সের একটি করে শেয়ার দেবেন। জুন পর্যন্ত কোম্পানিটিতে তার প্রায় ৬৪২ কোটি শেয়ার ছিল।
ওই সময় এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক বলেছিলেন, “আগামী বছর আমি আমেরিকার প্রতিটি শিশুকে আমার স্পেসএক্সের একটি করে শেয়ার দেব। আর এটা এমন অনেক উদ্যোগের প্রথম পদক্ষেপ।
“ভবিষ্যৎ অর্থনীতির অংশীদারিত্ব হিসেবে শেয়ারগুলো সরাসরি মানুষের হাতে তুলে দেওয়াই সঠিক পথ।”
মাস্কের বেশিরভাগ জনহিতকর কার্যক্রম পরিচালিত হয় ‘মাস্ক ফাউন্ডেশন’-এর মাধ্যমে, যার সম্পদের পরিমাণ ১ হাজার ৪০০ কোটি ডলারেরও বেশি।
এর আগে, অক্টোবরে স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল ও তার স্বামী ‘ট্রাম্প উদ্যোগের’ আওতায় ২০ লাখেরও বেশি শিশুর প্রত্যেককে তাদের স্পেসএক্স স্টকের একটি করে শেয়ার দেওয়ার অঙ্গীকার করেছিলেন।
সম্প্রতি শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া অ্যানথ্রপিক গেল মাসে বলেছিল, তারা ‘জনকল্যাণের’ জন্য গঠিত নতুন তহবিলে তাদের মোট শেয়ারের ৫ শতাংশ বরাদ্দ করছে।
বর্তমান বাজারমূল্যে প্রায় ৫ হাজার ৪০০ কোটি ডলারের উদ্যোগটি মানবকল্যাণে বড় পরিসরে ও আরও নমনীয়ভাবে অনুদান দেওয়ার সুযোগ করে দেবে বলে জানিয়েছে অ্যানথ্রপিক।
অন্যান্য শীর্ষ নির্বাহীরাও বড় ও দীর্ঘমেয়াদী জনহিতকর উদ্যোগ গড়ে তুলেছেন।
জনসেবামূলক কর্মকাণ্ডের অন্যতম পরিচিত মুখ ‘বার্কশায়ার হ্যাথাওয়ে’-এর চেয়ারম্যান ওয়ারেন বাফেট এখন পর্যন্ত প্রায় ৬ হাজার কোটি ডলার দান করেছেন।
তার প্রায় ১৫ হাজার কোটি ডলারের অবশিষ্ট সম্পদেরও সিংহভাগ জনকল্যাণে ব্যয়ের জন্য নির্ধারিত রয়েছে।
এ ছাড়া, ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ ১০ হাজার কোটি ডলারেরও বেশি অর্থ বিতরণ করেছে, যার বড় অংশ এসেছে ওয়ারেন বাফেটের অনুদান থেকে।
