ইউরোপজুড়ে ৩ হাজার কর্মী ছাঁটাই করল ভোডাফোন
ভারত ও পূর্ব ইউরোপের সাপোর্ট হাবগুলোর মাধ্যমে প্রশাসনিক কাজ পরিচালনা করা হত সেখানেও এই ছাঁটাইয়ের বড় প্রভাব পড়েছে।
ব্যবসার প্রবৃদ্ধি ফিরিয়ে আনতে নেওয়া বিস্তৃত ব্যয়সংকোচন কাঠামোর আওতায় বছরের প্রথম অর্ধে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন শাখা থেকে ৩ হাজার কর্মী ছাঁটাই করেছে বহুজাতিক টেলিযোগাযোগ কোম্পানি ভোডাফোন।
টেলিঅপারেটর কোম্পানিটি বলেছে, এ কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে তাদের ইউরোপীয় ব্যবসায় প্রায় ২০ কোটি ইউরো খরচ কমানো সম্ভব হয়েছে। এর মধ্যে কেবল যুক্তরাজ্য থেকেই সাশ্রয় হয়েছে প্রায় ৫ কোটি ইউরো।
২০২৫ সালে ‘থ্রি ইউকে’-এর সঙ্গে একীভূত হয়ে ‘ভোডাফোনথ্রি’ গঠন করার চুক্তির পর ভোডাফোন যুক্তরাজ্যে এই ব্যয় সাশ্রয়ের পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
বর্তমানে যুক্তরাজ্যের সদর দপ্তরে ঠিক কতগুলো পদ বিলুপ্ত হয়েছে সেটার সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি কোম্পানিটি।
শেয়ার্ড সার্ভিসেস অপারেশনস বা যেখান থেকে ভারত ও পূর্ব ইউরোপের সাপোর্ট হাবগুলোর মাধ্যমে প্রশাসনিক কাজ পরিচালনা করা হত সেখানেও এই ছাঁটাইয়ের বড় প্রভাব পড়েছে।
সোমবার জার্মানিতে ব্যবসা চাঙ্গা করতে আরও ২ হাজার ৩০০ পদ বিলুপ্তির ঘোষণা দিয়েছে ভোডাফোন।
২০৩০ সালের মধ্যে ইউরোপীয় ও শেয়ার্ড অপারেশনের বার্ষিক পরিচালন ব্যয় ২০০ কোটি ইউরোর বেশি কমানোর যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ভোডাফোন হাতে নিয়েছে এই কর্মী ছাঁটাই তারই অংশ।
ব্যয় কমানোর এসব কঠোর পদক্ষেপের ইতিবাচক প্রভাব দেখা গেছে কোম্পানিটির অর্ধবার্ষিক অর্থনৈতিক ফলাফলে। এতে পুরো অর্থবছরের সম্ভাব্য আয়ের লক্ষ্যমাত্রা ফের বাড়িয়েছে ভোডাফোন গ্রুপ।
নতুন পূর্বাভাস অনুসারে, এবার তাদের বার্ষিক আয় দাঁড়াতে পারে ১ হাজার ৩২০ কোটি ইউরো থেকে ১ হাজার ৩৪০ কোটি ইউরো, যা কোম্পানিটির নিজস্ব প্রবৃদ্ধির হিসেবে প্রায় ৬ থেকে ৮ শতাংশ বেশি।
এর আগে, জুলাইয়ে নিজেদের সম্ভাব্য বার্ষিক পরিচালন আয়ের লক্ষ্যমাত্রা ১ হাজার ৩০০ কোটি ইউরো থেকে ১ হাজার ৩৩০ কোটি ইউরো নির্ধারণ করেছিল ভোডাফোন।
নতুন সংশোধিত অনুমানে সেই লক্ষ্যমাত্রা আরও বাড়িয়েছে কোম্পানিটি।
৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্ধবার্ষিকে ভোডাফোন কর-পূর্ব ৩৭ কোটি ৩০ লাখ ইউরো লোকসান হিসাবভুক্ত করেছে, যেখানে এক বছর আগে একই সময়ে কোম্পানিটি ২১০ কোটি ইউরো মুনাফায় ছিল।
জার্মানির বাজারে ৪৮৫ কোটি ইউরোর অস্বাভাবিক ঋণ ও অন্যান্য মূল্যহ্রাসজনিত খরচের কারণেই এই বড় ধরনের লোকসান গুণতে হয়েছে ভোডাফোনকে।
ভোডাফোনের প্রধান নির্বাহী মারগেরিটা দেল্লা ভাল্লে বলেছেন, “সার্বিকভাবে আমাদের গ্রুপের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট, তবে জার্মানিতে আমাদের ব্যবসা এখনও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি।
“আমরা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছি, যা জার্মানিতে আমাদের কার্যক্রমের কাঠামোগত জটিলতা দূর করবে ও সব ধরনের সেবায় গ্রাহক সন্তুষ্টি বাড়াবে।”
২০২৩ সালে প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার পর থেকেই দেল্লা ভাল্লে বড় ধরনের ব্যয়সংকোচন নীতি বাস্তবায়ন করে আসছেন।
তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এ বছরের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কোম্পানিটি থেকে ১১ হাজার পদ ছাঁটাই এবং এখন পর্যন্ত বার্ষিক পরিচালন ব্যয় ৭০ কোটি ইউরো কমানো সম্ভব হয়েছে।
