১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

সব মার্কিন শিশুকে স্পেসএক্স শেয়ার দেবেন মাস্ক

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুর হাতে স্পেসএক্সের একটি করে শেয়ার তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন এই ধনকুবের।

সব মার্কিন শিশুকে স্পেসএক্স শেয়ার দেবেন মাস্ক

মাস্কের মালিকানায় থাকা মোট ৪৮০ কোটি স্পেসএক্স শেয়ারের তুলনায় এ অংশ খুবই সামান্য। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 10:21 PM

Updated : 19 Oct 2026, 10:21 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে তৈরি হওয়া বিশ্বজুড়ে উদ্বেগ ও আতঙ্ক কমাতে শত শত কোটি ডলারের শেয়ার জনকল্যাণে দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যানথ্রপিক।

এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা কোম্পানিটি বলেছে, তাদের মোট শেয়ারের অন্তত ৫ শতাংশ ‘পাবলিক বেনিফিট ফান্ড’ বা জনকল্যাণমূলক তহবিলে স্থানান্তর করা হবে।

রাজনৈতিক লবিয়িংয়ের কাজে এই অর্থ ব্যবহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে অ্যানথ্রপিক। তারা বলেছে, অর্থের সঠিক ব্যবহারের বিষয়টি এখনও সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

অ্যানথ্রপিকের এ ঘোষণার পরই ইলন মাস্ক বেশ স্পষ্টভাবে জনগণকে নিজের শেয়ার বিতরণের ঘোষণা দিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুর হাতে নিজের কোম্পানি ‘স্পেসএক্স’-এর একটি করে শেয়ার তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন এই ধনকুবের।

এআই নিয়ে মানুষের নেতিবাচক ধারণা বদলাতে বা অ্যানথ্রপিকের ঘোষণার পাল্টা জবাব হিসেবে মাস্ক এমনটা করছেন কি না সে বিষয় এখনও স্পষ্ট নয়।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক লিখেছেন, “আগামী বছর আমি যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুর হাতে স্পেসএক্সের একটি করে শেয়ার তুলে দেব। পরবর্তীতে এ কাজের পরিসর আরও বাড়ানো হবে।”

এ খবর প্রকাশের সময় স্পেসএক্সে প্রতিটি শেয়ারের বাজারদর ছিল ১৫০ ডলারের কিছুটা নিচে, যা মাস্কের ঘোষণার পরপরই ২ শতাংশেরও বেশি বেড়েছে।

পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৭ কোটি ২০ লাখ শিশু রয়েছে। ফলে সব শিশুকে একটি করে শেয়ার দেওয়ার এ উদ্যোগের বাজারদর দাঁড়াবে ১ হাজার কোটি ডলারেরও বেশি।

মাস্কের মালিকানায় থাকা মোট ৪৮০ কোটি স্পেসএক্স শেয়ারের তুলনায় এ অংশ খুবই সামান্য।

জনকল্যাণমূলক তহবিলের আর্থিক দামের বিষয়ে অ্যানথ্রপিক বিস্তারিত কিছু বলেনি। তবে তারা বলেছে, প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৫ শতাংশ এই তহবিলে যুক্ত করা হবে।

এ তহবিলের চূড়ান্ত বাজারদম নির্ধারণ ও তহবিল পরিচালনার সার্বিক প্রক্রিয়া সম্পর্কে ‘আগামী মাসগুলোতে’ বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে অ্যানথ্রপিক।

একইসঙ্গে বার্ষিক পাবলিক বেনিফিট রিপোর্টের মাধ্যমে এই কাজের অগ্রগতির হিসাব সকলের জন্য প্রকাশের প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

আরও পড়ুন…

এআইয়ে কাজ হারানোদের অনুদান দেবে অ্যানথ্রপিক