১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

এআইয়ে কাজ হারানোদের অনুদান দেবে অ্যানথ্রপিক

এরইমধ্যে এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগের পর বিশ্বজুড়ে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে বিভিন্ন বৈশ্বিক কোম্পানি।

এআইয়ে কাজ হারানোদের অনুদান দেবে অ্যানথ্রপিক

নতুন গঠিত তহবিলের অর্থ যুক্তরাষ্ট্র বা বিশ্বের অন্য কোনো দেশে লবিয়িং বা রাজনৈতিক অনুদানের কাজে ব্যবহার করা যাবে না। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 09:08 PM

Updated : 19 Oct 2026, 09:08 PM

জনকল্যাণমূলক কাজে অনুদানের পরিধি ও সক্ষমতা বাড়াতে নিজেদের মোট শেয়ারের ৫ শতাংশ নতুন এক তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্মাতা কোম্পানি অ্যানথ্রপিক।

রোববার কোম্পানিটি বলেছে, প্রস্তাবিত তহবিলটি অ্যানথ্রপিকের শতভাগ মালিকানাধীন ‘লিমিটেড লায়াবিলিটি কোম্পানি’ বা এলএলসি হিসেবে গঠিত হবে।

এ ছাড়া, পরবর্তীতে উন্মোচিত হতে যাওয়া নির্দিষ্ট দামের ওপর ভিত্তি করে কোম্পানির মূল্য প্রতি ৫০ শতাংশ বৃদ্ধির ক্ষেত্রে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তহবিলটি আরও ২ শতাংশ অতিরিক্ত শেয়ার পেতে পারে।

‘পাবলিক বেনিফিট কর্পোরেশন’ হিসেবে ইতিহাসের অন্যতম বড় আইপিও’র প্রস্তুতির সময়েই অ্যানথ্রপিকের কাছ থেকে এমন উদ্যোগের খবর এল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

এ আইপিও কাঠামোর কারণে কোম্পানিকে বিনিয়োগকারীদের মুনাফার পাশাপাশি সমাজের অন্যান্য স্বার্থকেও বিবেচনায় রাখতে হয়।

শুরু থেকেই নিজেদের নিরাপদ এআই গবেষণা কোম্পানি হিসেবে তুলে ধরা অ্যানথ্রপিক সতর্ক করে বলেছে, এআই প্রযুক্তি মানবজাতির জন্য ‘ক্ষতিকর বা অস্তিত্বের সংকট’ তৈরি করতে পারে।

কোম্পানিটি তাদের ২৬১ পৃষ্ঠার প্রসপেক্টাসের মূল অংশের প্রায় ৮০ পৃষ্ঠাই এআই প্রযুক্তিজনিত ঝুঁকি তুলে ধরতে ব্যয় করেছে।

নিজেদের অফিশিয়াল ব্লগ পোস্টে অ্যানথ্রপিক বলেছে, তাদের ‘পাবলিক বেনিফিট ফান্ড’ বা জনকল্যাণ তহবিল অলাভজনক সংগঠনে অনুদান দেওয়া, নির্দিষ্ট জনগোষ্ঠীকে সরাসরি সহায়তা ও শ্রমবাজারে এআইয়ের প্রভাব ঠেকাতে কাজ করবে।

অ্যানথ্রপিকের এ উদ্যোগ নিয়ে প্রতিযোগী কোম্পানি ‘এক্সএআই’-এর প্রধান ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, তিনি ‘শেয়ার সরাসরি জনসাধারণের মাঝে বিতরণ করার’ পরামর্শ দেবেন।

শ্রমবাজারে প্রযুক্তিগত পরিবর্তনের ধাক্কা সামলাতে আগে ঘোষিত ২০ কোটি ডলারের প্রাথমিক তহবিলের পর নতুন এ তহবিলের অন্যতম মূল লক্ষ্য হিসেবে কর্মীদের ওপর এআইয়ের প্রভাব ঠেকানোর কথা উল্লেখ করেছে অ্যানথ্রপিক।

এরইমধ্যে এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগের পর বিশ্বজুড়ে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে বিভিন্ন বৈশ্বিক কোম্পানি। প্রযুক্তি খাতের কোম্পানিগুলো দ্রুত এআই গ্রহণের ফলে কাজের সক্ষমতা বাড়ার কথাও তুলে ধরছে।

গেল সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের আন্তর্জাতিক ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, তাদের গবেষণায় দেখা গেছে বিশ্বজুড়ে প্রায় ৪০ শতাংশ চাকরিতে এআই প্রযুক্তির কারণে প্রভাব পড়েছে। এই চাকরিগুলোয় পরিবর্তন আসবে বা বিলুপ্ত হবে। উন্নত অর্থনীতি বা ধনী দেশগুলোর ক্ষেত্রে এই সংখ্যা প্রায় ৬০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।

এই অর্থ রাজনৈতিক অনুদানে যাবে না

এআই খাতের অন্যতম শীর্ষ কোম্পানি অ্যানথ্রপিক বলেছে, তাদের নতুন গঠিত তহবিলের অর্থ যুক্তরাষ্ট্র বা বিশ্বের অন্য কোনো দেশে লবিয়িং বা রাজনৈতিক অনুদানের কাজে ব্যবহার করা যাবে না।

এমন সময়ে এ ঘোষণা এল যখন মার্কিন নীতি নির্ধারকরা এআই প্রযুক্তির ওপর তদারকি আরও জোরদারের পরিকল্পনা করছেন এবং এআই কোম্পানিগুলোও এ সংক্রান্ত নিয়ন্ত্রণ ও আইনকানুন কীভাবে নির্ধারিত হবে তা নিজেদের পক্ষে রূপ দিতে জোর তৎপরতা চালাচ্ছে।

সহপ্রতিষ্ঠাতাদের নিজেদের মালিকানাধীন শেয়ারের ৮০ শতাংশ দান করার প্রতিশ্রুতি এবং কর্মীদের অনুদানের সমপরিমাণ অর্থ দেওয়ার কর্মসূচি মিলিয়ে, নতুন এ উদ্যোগের ফলে অ্যানথ্রপিকের মোট শেয়ারের প্রায় ২০ শতাংশই জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকবে।

অ্যানথ্রপিক বলেছে, আগামী মাসগুলোতে এই তহবিলের পরিচালনা পদ্ধতি, প্রাতিষ্ঠানিক কাঠামো ও কোন কোন মূল্যায়ন সূচকের ভিত্তিতে তহবিলের মালিকানা বা শেয়ারের পরিমাণ বাড়বে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এ ছাড়া, নিজেদের ঘোষিত লক্ষ্যে পৌঁছাতে কতটুকু অগ্রগতি হয়েছে তা তুলে ধরে একটি ‘জনকল্যাণমূলক প্রতিবেদন’ প্রকাশের কথাও বলেছে কোম্পানিটি।