নিরাপত্তা উদ্বেগের মধ্যেই এল ক্লডের নতুন ২ এআই মডেল
আনুষ্ঠানিকভাবে উন্মোচনের আগেই মডেল দুটি বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করেছে।
প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবস্থার নিরাপত্তা উদ্বেগ বাড়তে থাকার মধ্যেই নিজেদের জনপ্রিয় চ্যাটবট ক্লডের নতুন দুটি সংস্করণ চালু করেছে অ্যানথ্রপিক।
এসব সংস্করণ উন্মোচনের পাশাপাশি এগুলোর সম্ভাব্য ঝুঁকি ও নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট সতর্কতাও জারি করেছে মার্কিন এআই কোম্পানিটি।
অ্যানথ্রপিক আনুষ্ঠানিকভাবে ‘ফেইবল ৫.২’ ও ‘মিথোস ৫.২’ নামের দুটি উন্নত মডেল বাজারে এনেছে। এগুলো অ্যানথ্রপিকের সবচেয়ে শক্তিশালী এআই কাঠামোরই আপডেটেড সংস্করণ।
আধুনিক এআই মডেলগুলোর সক্ষমতা ঠিক কতদূর বিস্তৃত ও কীভাবে সেগুলোর নির্ভুল পরীক্ষা চালানো সম্ভব তা নিয়ে বিশ্বজুড়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে এ নতুন ঘোষণা এল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
অ্যানথ্রপিক সতর্ক করে বলেছে, নতুন মডেল দুটির ক্ষেত্রে এমন ধারণা তৈরি হয়েছে যে, আগের যে কোনো মডেলের চেয়ে এদের বেশি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে।
ক্লড নির্মাতা কোম্পানিটি বলেছে, এই ধারণা ‘বাস্তব পরিস্থিতিতে মডেলগুলো কেমন আচরণ করবে তা মূল্যায়ন করার আমাদের সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে’। আর এটা এমন এক সমস্যা, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও প্রকট হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।
উন্মুক্ত ও কম নিষেধাজ্ঞা থাকা ‘মিথোস ৫.২’ মডেলটি আগের চেয়ে ‘শক্তিশালী সক্ষমতা’ দেখিয়েছে। যার মানে, মানুষের তৈরি করা নজরদারিতে যেসব সংকেত ধরা পড়ার কথা, মডেলটি তা লুকিয়ে রাখা বা পাশ কাটিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।
এর পরও অ্যানথ্রপিক দাবি করেছে, এ মডেলের মাধ্যমে মানুষের সরাসরি কোনো ক্ষতির আশঙ্কা কম ও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এরা ‘সংবেদনশীল বা বিপজ্জনক পরিস্থিতিতে যে কোনো ক্ষতিকর কাজ’ শনাক্ত করতে পারবে।
স্বাধীন মূল্যায়ন সংগঠন ‘এমইটিআর’-এর এক নিরাপত্তা প্রতিবেদন প্রকাশের পর এই প্রথম কোনো নতুন এআই মডেল বাজারে আনল অ্যানথ্রপিক।
কোম্পানিটির অভ্যন্তরীণ এআই ব্যবস্থার নিরাপত্তা বিচারে ‘এমইটিআর’কে পরীক্ষার সুযোগ দিয়েছিল অ্যানথ্রপিক।
প্রতিবেদনে ‘এমইটিআর’ সতর্ক করে বলেছিল, অ্যানথ্রপিকের এআই মডেলগুলো খুব শিগগিরই ‘পুনরাবৃত্তিমূলক আত্ম-উন্নয়নের’ পর্যায়ে পৌঁছে যেতে পারে।
এ অবস্থায় এআই মডেলগুলো মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিজেদের নতুন করে প্রশিক্ষণ দিতে পারবে।
চলমান আইপিও প্রক্রিয়ার অংশ হিসেবে প্রকাশ পাওয়া নতুন নথিতে অ্যানথ্রপিক নিজেও একই ধরনের সতর্কবার্তা দিয়েছে।
গেল সপ্তাহে কোম্পানিটি বলেছিল, এআই মডেলগুলো যখন ‘এআইয়ের উন্নতির কারণে নাটকীয় ও দ্রুতগতির অগ্রগতি’ দেখাতে শুরু করবে তখন এরা ‘খুব শিগগিরই’ নিজেদের নির্ধারিত আত্ম-উন্নয়ন প্রক্রিয়ার স্তরে পৌঁছে যেতে পারে।
এআইয়ের অনেক সমর্থকই এই রূপান্তরকে ইতিবাচক হিসেবে দেখছেন। কারণ এটা এআই ব্যবস্থার উন্নতির গতি বিস্ময়করভাবে বাড়িয়ে দিতে পারে।
সমালোচকরা বলছেন, ঘটনাটি বিপজ্জনক হতে পারে। এতে এআই মডেলে এমন কিছু নতুন ঝুঁকির আচরণ বা সক্ষমতা তৈরি হতে পারে, যা মানুষের তদারকিতেও ধরা পড়বে না।
সব আশঙ্কার মধ্যেও অ্যানথ্রপিক তাদের নতুন দুই মডেলের বিভিন্ন সক্ষমতার ওপর জোর দিয়েছে। তারা বলেছে, মডেল দুটি এদের পূর্বসূরীদের চেয়ে ৩০ শতাংশ দ্রুত ও সাশ্রয়ীভাবে কাজ করতে পারে।
পাশাপাশি, ব্যবহারকারীদের অস্পষ্ট নির্দেশনা বুঝতেও এগুলো আগের চেয়ে বেশি পারদর্শী।
কোম্পানিটির দাবি, আনুষ্ঠানিকভাবে উন্মোচনের আগেই মডেল দুটি বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করেছে।
‘ফেইবল ৫.২’ বাজারে আসার আগেই ‘তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের দুটি অমীমাংসিত সমস্যার সমাধান করেছে, ফার্মার শেষ উপপাদ্যকে গাণিতিকভাবে রূপ দিয়েছে এবং আরও গবেষণা প্রকল্পে সহায়তা করেছে’।
নতুন দুই মডেলের ভিত্তি ব্যবস্থার ওপর উন্মোচনের আগেই ‘বিস্তর নিরাপত্তা পরীক্ষা’ চালানোর কথাও বলেছে অ্যানথ্রপিক।
এআইয়ের নৈতিকতা ও সঠিক আচরণসংক্রান্ত বেশিরভাগ পরিমাপকে এসব মডেল সম্প্রতি চালু হওয়া অন্যান্য সংস্করণের সমান বা তার চেয়েও ভালো ফল দেখিয়েছে।
বর্তমানে মডেল দুটির মধ্যে ‘ফেইবল ৫.২’ সংস্করণটি সবার জন্য উন্মুক্ত।
তবে ‘মিথোস ৫.২’ সংস্করণটি কেবল ‘যাচাইকৃত ও অনুমোদিতদের’ জন্য উন্মুক্ত করেছে কোম্পানিটি, যাতে এটাকে বিপজ্জনক কোনো জৈবিক বা সাইবার নিরাপত্তা সংক্রান্ত হামলায় অপব্যবহার করা না যায়।
