নিজেই ছড়িয়ে পড়তে পারে এআই, সতর্ক করল অ্যানথ্রপিক
এ ধরনের এআই মডেল একবার ছড়িয়ে পড়লে সেগুলো বন্ধ করা কঠিন হতে পারে। কারণ, সেগুলোকে বন্ধ করার জন্য কোনো একটি কেন্দ্রীয় সুইচ থাকে না।
ছোট আকারের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ইন্টারনেট অফ থিংস বা আইওটি’র মতো ইন্টারনেটে যুক্ত যন্ত্র ব্যবহার করে নিজেদের অনুলিপি তৈরি ও ছড়িয়ে দেওয়ার সক্ষমতা অর্জনের কাছাকাছি পৌঁছেছে।
প্রতিবেদনে রয়টার্স লিখেছে, এমন পূর্ণ সক্ষমতা তৈরি হতে আর কেবল কয়েক মাস লাগতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা অ্যানথ্রপিক।
সোমবার কোম্পানিটি বলেছে, তাদের পরীক্ষায় দেখা গেছে, স্মার্ট ওভেন, অপরিচিত ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড টিভি বক্সসহ বিভিন্ন যন্ত্রে নিজেদের অনুলিপি ছড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা ছোট এআই মডেলগুলোর মধ্যে তৈরি হতে পারে।
গবেষণায় অ্যানথ্রপিক বোঝার চেষ্টা করেছে, নিরাপত্তা দুর্বলতা রয়েছে এমন যন্ত্র এআই মডেলগুলো খুঁজে বের করতে পারে কি না, সেসব যন্ত্রে নিজেদের অনুলিপি স্থাপন করতে পারে কি না এবং মানুষের সাহায্য ছাড়াই অন্য যন্ত্রে ছড়িয়ে পড়তে পারে কি না।
গবেষণায় দেখা গেছে, ৩০ বিলিয়ন বা তিন হাজার কোটি প্যারামিটারের কম আকারের এআই মডেলও নিজেদের অনুলিপি ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় একাধিক ধাপ সম্পন্ন করতে পারে। তবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে এসব মডেল এখনো সমস্যায় পড়ছে।
নিরাপত্তার কিছু ধাপ বাদ দিয়ে পরীক্ষা সহজ করা হলে জিএলএম-৫.২ এবং এর চেয়ে শক্তিশালী মডেলগুলো শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের অনুলিপি ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছে বলে উল্লেখ করেছে অ্যানথ্রপিক।
কোম্পানিটির সতর্কতা অনুযায়ী, এ ধরনের এআই মডেল একবার ছড়িয়ে পড়লে সেগুলো বন্ধ করা কঠিন হতে পারে। কারণ, সেগুলোকে বন্ধ করার জন্য কোনো একটি কেন্দ্রীয় সুইচ থাকে না। প্রচলিত এআইবিহীন ক্ষতিকর সফটওয়্যারের তুলনায় এসব মডেলের আরেকটি পার্থক্য হলো, কোনো যন্ত্র অপরিচিত হলেও এরা নিজেরাই সে সব যন্ত্রের ধরন বুঝে নিতে পারে।
অ্যানথ্রপিকের আশঙ্কা, এ ধরনের মডেল ডেটা সেন্টারে ব্যবহৃত প্রসেসরকেও লক্ষ্যবস্তু করতে পারে।
গবেষণায় কোম্পানিটি বিশেষভাবে ইন্টারনেট অফ থিংস বা ইন্টারনেট-সংযুক্ত বিভিন্ন যন্ত্রের দিকে নজর দিয়েছে। এর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড টিভি, স্মার্ট গৃহস্থালি সরঞ্জাম এবং ইন্টারনেটে যুক্ত অন্যান্য গ্যাজেট। এসব যন্ত্রে সাধারণত নিরাপত্তাব্যবস্থা দুর্বল থাকে বলে উল্লেখ করেছে কোম্পানিটি।
ছোট এআই মডেলগুলোর সক্ষমতা অতীতের মতো একই হারে বাড়তে থাকলে চলতি বছরের শেষ নাগাদ সেগুলো মানুষের সাহায্য ছাড়াই নিজেদের অনুলিপি ছড়িয়ে দিতে পারবে বলে সতর্ক করেছে অ্যানথ্রপিক। এর পরপরই মডেলের প্যারামিটার বা ওজনের ভিত্তিতে তৈরি ছোট আকারের অনুলিপি ছড়িয়ে দেওয়ার ব্যবস্থাও একই সক্ষমতা অর্জন করতে পারে।
তবে এ ধরনের স্বয়ংক্রিয় এআই ব্যবস্থা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে এবং সহজলভ্য, তুলনামূলকভাবে কম নিরাপদ কম্পিউটিং অবকাঠামোর ওপর নির্ভর করবে বলে অনুমান করছে কোম্পানিটি।
এ ধরনের এআই এজেন্টের বিস্তার কঠিন করে তুলতে কম্পিউটিং ব্যবস্থা ও সংশ্লিষ্ট যন্ত্রগুলোর নিরাপত্তা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও বলেছে অ্যানথ্রপিক।
