২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

বেঙ্গল হাউসে কীসের ভাড়া মিটিয়ে যাচ্ছে মধুমতি ব্যাংক?

মধুমতি ব্যাংকের কোনো শাখা বা কার্যালয় ওই ভবনে নেই, তারপরও ১৩ বছরে প্রায় ৫৯ কোটি টাকা ভাড়া পরিশোধের তথ্য দেওয়া হয়েছে বার্ষিক প্রতিবেদনে।

শেখ আবু তালেব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 01:24 AM

Updated : 24 Nov 2026, 01:24 AM

মধুমতি ব্যাংকের আর্থিক প্রতিবেদনে গুলশানের একটি আবাসিক ভবনের ফ্লোর ভাড়া বাবদ ১৩ বছরে প্রায় ৫৯ কোটি টাকা পরিশোধের তথ্য কৌতুহলের জন্ম দিচ্ছে।

কৌতুহল জাগার কারণ, গুলশান-২-এর ৬৩ নম্বর সড়কের ১২/এ নম্বর হোল্ডিংয়ে বেঙ্গল হাউস নামে ওই ভবনে মধুমতি ব্যাংকের কোনো শাখা বা দাপ্তরিক কার্যক্রম নেই, কোনো সাইনবোর্ডও নেই।

ভবনটির তত্ত্বাবধায়ক বলেছেন, নির্মাণের পর থেকে সেখানে ‘মালিকপক্ষের’ লোকজনই আছে। মধুমতি ব্যাংকের কোনো শাখা বা কার্যালয় সেখানে কখনো ছিল না।

আর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সফিউল আজম বলছেন, তার ব্যাংক ওই ভবনের কোনো অংশ ভাড়া নেয়নি।

অথচ প্রতিষ্ঠার বছর ২০১৩ সাল থেকেই ব্যাংকটি প্রতি মাসে ভাড়া পরিশোধ করে আসছে। ব্যাংকের ২০২৫ সালের আর্থিক প্রতিবেদনেও ৫ হাজার ৭৩৩ বর্গফুট জায়গার ভাড়া বাবদ ২ কোটি ৬২ লাখ টাকা পরিশোধের তথ্য দেওয়া হয়েছে।

আর্থিক প্রতিবেদন থেকে যা জানা যাচ্ছে

২০১৩ সালে চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে অনুমোদন পাওয়া মধুমতি ব্যাংক একই বছর বেঙ্গল হাউসের ১০ হাজার ১৫০ বর্গফুট জায়গা ভাড়া নেয় বলে বার্ষিক প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, ওই জায়গার মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছিল ১৪ লাখ টাকা। চুক্তির অংশ হিসেবে অগ্রিম দেওয়া হয় ৫ কোটি ৪ লাখ টাকা। শর্ত ছিল, ছয় বছরের মধ্যে প্রতি মাসে ভাড়ার একটি অংশ ওই অগ্রিম অর্থ থেকে সমন্বয় করা হবে।

অগ্রিম হিসেবে দেওয়া পুরো অর্থ ২০১৯ সালে সমন্বয় করা শেষ হয় বলেও তথ্য দিয়েছে ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং নীতি ও প্রবিধি-সংক্রান্ত নির্দেশনায় ব্যাংকের শাখার জন্য ভবন ভাড়া নেওয়ার ক্ষেত্রে অগ্রিম অর্থ দেওয়া এবং তা পরবর্তী সময়ে ভাড়ার সঙ্গে সমন্বয়ের সুযোগ রয়েছে।

সেই বিধান অনুযায়ী, চুক্তির শর্ত অনুসারে অগ্রিম অর্থ থেকে মাসিক ভাড়ার পুরোটা বা একটি অংশ সমন্বয় করা হতে পারে। অগ্রিম অর্থ সমন্বয় শেষ হলে নতুন করে অগ্রিম দেওয়ার পরিবর্তে চুক্তি অনুযায়ী মাসিক ভাড়া পরিশোধ করতে হয়।

২০২৪ সাল পর্যন্ত একই ঠিকানায় ১০ হাজার ১৫০ বর্গফুট জায়গা ভাড়া পরিশোধের তথ্য দিয়েছে মধুমতি ব্যাংক।

ওই বছরের আর্থিক প্রতিবেদনে মাসিক ভাড়া ১৬ লাখ ৯১ হাজার ২৩৫ টাকা এবং বার্ষিক পরিশোধের পরিমাণ ২ কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৬৮৪ টাকা দেখানো হয়েছে।

তবে ২০২৫ সালের আর্থিক প্রতিবেদনে একই ঠিকানায় ভাড়া নেওয়া জায়গার পরিমাণ কমিয়ে ৫ হাজার ৭৩৩ বর্গফুট দেখানো হয়েছে। অথচ মাসিক ভাড়া বাড়িয়ে ২০ লাখ ৪০ হাজার ৯৪৮ টাকা নির্ধারণের তথ্য দেওয়া হয়েছে। সে হিসাবে প্রতি বর্গফুটের মাসিক ভাড়া হয় প্রায় ৩৫৬ টাকা।

খোঁজ নিয়ে জানা গেল, গুলশানে প্রধান সড়ক লাগোয়া বাণিজ্যিক ভবনেও প্রতি বর্গফুটের মাসিক ভাড়া এর চেয়ে কম। গুলশান-২ এর গোলচত্বর লাগোয়া ও সবচেয়ে বেশি ব্যবহৃত বাণিজ্যিক ভবনে প্রতি বর্গফুটের ভাড়া সর্বোচ্চ দুইশ টাকা।

এ এলাকায় সর্বোচ্চ ভাড়া দেয় শপিং কমপ্লেক্সের নিচতলায় থাকা দোকান ও শোরুমগুলো। অবস্থানভেদে ভাড়া প্রতি বর্গফুট ৩০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত।

আর প্রধান সড়ক লাগোয়া ভবনের পেছনে থাকা ভবনে প্রতি বর্গফুটের ভাড়া অবস্থান ভেদে ৬৫ টাকা থেকে সর্বোচ্চ দেড়শ টাকা।

মধুমতি ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রতি মাসে ভাড়া ছিল ১৬ লাখ ৯১ হাজার ২৩৫ টাকা। তাতে এক বছরে ভাড়ার পরিমাণ দাঁড়ায় ২ কোটি ২ লাখ ৯৪ হাজার ৮২০ টাকা।

কিন্তু ব্যাংকটি আর্থিক প্রতিবেদন বলছে, সে বছর শেষে পরিশোধ করা হয় ২ কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৬৮৪ টাকা ৫০ পয়সা। অতিরিক্ত পরিশোধ করা হয় ১১ লাখ ৮৩ হাজার ৮৬৩ টাকা ৫০ পয়সা। এই অতিরিক্ত অর্থ দেওয়ার কোনো ব্যখ্যা নেই প্রতিবেদনে।

অথচ আগের বছর অর্থাৎ ২০২৩ সালে একই স্থানের মাসিক ভাড়ার পরিমাণ ১৬ লাখ ৯১ হাজার ২৩৫ টাকা ধরে বছর শেষে ২ কোটি ২ লাখ ৯৪ হাজার ৮২০ টাকা পরিশোধ করে মধুমতি ব্যাংক।

২০২৪ সালে ভাড়ার পরিমাণ ঠিক থাকলেও কেন অতিরিক্ত ১১ লাখ ৮৩ হাজার টাকার বেশি পরিশোধ করা হল, তার কোনো কারণ জানাতে পারেনি মধুমতি ব্যাংক।

একইভাবে ২০২৫ সালে মাসিক ভাড়ার পরিমাণ নির্ধারণ করা হয় ২০ লাখ ৪০ হাজার ৯৪৮ টাকা। সে হিসাবে বছরে পরিশোধ করার কথা ২ কোটি ৪৪ লাখ ৯১ হাজার ৩৭৬ টাকা।

কিন্তু আর্থিক প্রতিবেদনে ২ কোটি ৬২ লাখ ৪৮ হাজার ৫৪০ টাকা ৫০ পয়সা পরিশোধ করার তথ্য দেওয়া হয়েছে। অতিরিক্ত ১৭ লাখ ৫৭ হাজার ১৬৪ টাকা ৫০ পয়সা কেন দিতে হল, তারও কোনো ব্যাখ্যা নেই।

আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ২০১৩ সাল থেকে ২০২৫ পর্যন্ত বেঙ্গল হাউসের ওই ঠিকানার ভাড়া বাবদ মোট ৫৮ কোটি ৬৮ লাখ ৮৮ হাজার ৯৭৫ টাকা দিয়েছে মধুমতি ব্যাংক।

২০২৫ সালে এসে জায়গার পরিমাণ কমে গেল কেন, ভাড়া বাড়ার ক্ষেত্রে নতুন করে চুক্তি হয়েছে কি না, সেসব ব্যাখ্যাও প্রতিবেদনে পাওয়া যায়নি।

জায়গাটি কী কাজে ব্যবহার করা হচ্ছে, সেখানে ব্যাংকের কী ধরনের কার্যক্রম পরিচালিত হয় কিংবা জায়গাটি ভাড়া নেওয়ার উদ্দেশ্য কী, সেসব বিষয়ে আর্থিক প্রতিবেদনে কিছু বলা হয়নি।

বেঙ্গল হাউস নিয়ে যা জানা যাচ্ছে

১০ কাঠা জমির ওপর নির্মিত ১২ তলা বেঙ্গল হাউস সম্পূর্ণ আবাসিক হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভবনে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যাংকের সাইনবোর্ড নেই। ভবনের কোনো নেইমপ্লেটও নেই। ভবনটির দুইটো ফ্লোর নিয়ে ভাড়া থাকছেন একটি দেশের রাষ্ট্রদূত।

ভবনটি তত্ত্বাবধানের দায়িত্বে থাকা জিএম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্মাণের পর থেকে মালিকপক্ষের লোকজনই সেখানে বসবাস করছেন। মধুমতি ব্যাংকের কোনো শাখা বা কার্যালয় সেখানে কখনো ছিল না।

বেঙ্গল হাউসের মালিক বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। আর বেঙ্গল গ্রুপের মনোনিত ব্যক্তি বিভিন্ন সময়ে মধুমতি ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

ভবনের একটি ফ্লোর একটি দেশের দূতাবাসের জন্য ভাড়া দেওয়া। অবশিষ্ট ফ্লোরে থাকছেন বেঙ্গল গ্রুপের উদ্যোক্তারা। তাদের মধ্যে একজন মধুমতি ব্যাংকের বর্তমান পরিচালক আরিফা কবির। তার স্বামী বেঙ্গল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেঙ্গল উইন্ডশোর থার্মোপ্লস্টিকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির মধুমতি ব্যাংকের সাবেক চেয়াম্যান।

পরিচালকদের সঙ্গে ব্যাংকের কোনো আর্থিক লেনদেন হলে ‘রিলেটেড পার্টি’ লেনদেনের তথ্য আর্থিক প্রতিবেদনে দেখানোর বাধ্যবাধকতা রয়েছে। সে কারণেই মধুমতি ব্যাংক বেঙ্গল হাউসের সঙ্গে আর্থিক লেনদেনের তথ্য প্রতিবেদনে দিয়েছে কি না, সে প্রশ্নেরও উত্তর মেলেনি।

এ বিষয়ে মধুমতি ব্যাংকের পরিচালক আরিফা কবিরের বক্তব্য জানতে গত ৮ নভেম্বর বেঙ্গল গ্রুপের প্রধান কার্যালয়ে গেলে বলা হয়, তিনি অফিসে নেই। অফিসের কর্মীরা তার ফোন নম্বরও দিতে রাজি হননি।

একই দিন বেঙ্গল হাউসের মালিকানায় থাকা বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলুর বক্তব্য জানতে তার কার্যালয়ে গেলে তাকেও পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কী কারণে হুমায়ুন কবির বাবলুর সঙ্গে কথা বলতে চায়, তা বুঝিয়ে বলার পর তার ব্যক্তিগত সহকারী রিয়াজ আহমেদ বলেন, “আমি এমডিকে জানাব। তিনি যদি মনে করেন তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন।”

ওই দিন গুলশান-২ এর ৬৩ নম্বর সড়কের ১২/এ নম্বর হোল্ডিংয়ে ‘বেঙ্গল হাউসে’ পুনরায় গেলে বলা হয়, তারা বাসায় নেই।

ভবনের ব্যবস্থাপক (ম্যানেজার) পরিচয় দিয়ে মোহাম্মদ শামিম নামে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপনি এসেছিলেন, সেটা ম্যাডাম ও স্যারকে জানাব। তারা প্রয়োজন হলে যোগাযোগ করবেন।”

ব্যাংক কী বলছে

বেঙ্গল হাউসের ওই জায়গা কেন ভাড়া নেওয়া হয়েছে জানতে চাইলে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সফিউল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেঙ্গল হাউসের কোনো অংশ ভাড়া নেয়নি ব্যাংক, এটি ভুল তথ্য।”

ব্যাংকের আর্থিক প্রতিবেদনে ভাড়ার তথ্য থাকার বিষয়টি তুলে ধরে ব্যাখ্যা জানতে চাইলে তিনি ব্যাংকে গিয়ে সরাসরি কথা বলার পরামর্শ দেন।

পরে গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে গেলে তার মনোনীত এক কর্মকর্তা এ প্রতিবেদকের সঙ্গে কথা বলেন।

কিন্তু ‘সরাসরি মন্তব্য করার অনুমতি নেই’ জানিয়ে ওই কর্মকর্তা বলেন, “আমরা প্রয়োজনে বার্ষিক আর্থিক প্রতিবেদন আবার যাচাই করে দেখব, সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলব দেখার জন্য।”