২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে ওয়ান ব্যাংক ও নগদের চুক্তি

চুক্তির ফলে ওয়ান ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আরও দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের নগদ ওয়ালেটে পৌঁছে যাবে, বলছে নগদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 05:40 PM

Updated : 28 Oct 2026, 05:40 PM

গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেন সেবার পরিধি বাড়াতে ওয়ান ব্যাংক পিএলসি এর সঙ্গে চুক্তি সই করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা কোম্পানি নগদ।

রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে চুক্তি সই হয়েছে বলে নগদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

চুক্তিতে নগদের পক্ষে সই করেন কোম্পানির চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া। ওয়ান ব্যাংকের পক্ষে সই করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “চুক্তির ফলে ওয়ান ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আরও দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের নগদ ওয়ালেটে পৌঁছে যাবে। প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে বৈধপথে দেশে অর্থ পাঠাতে পারবেন মুহূর্তেই। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে নগদ গ্রাহকেরা ২৪ ঘণ্টা এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

“এ ছাড়া আগামীতে ওয়ান ব্যাংকের ন্যানো লোন সেবাসহ যেকোনো ঋণ ও মাসিক সঞ্চয়ের (ডিপিএস) কিস্তি নগদের মাধ্যমে পরিশোধ করার সম্ভাব্যতাও যাচাই করবে দুই প্রতিষ্ঠান।”

শাহীন সরওয়ার ভূইয়া বলেন, “ওয়ান ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সরাসরি গ্রাহকের নগদ ওয়ালেটে পৌঁছে দেওয়ার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেকোনো সময় এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।”

কাজী জিয়াউল ইসলাম বলেন, “নগদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ওয়ান ব্যাংকের ন্যানো লোন সেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী নিত্যনতুন সেবা চালু করতে চাই।”