২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ব্যাংক আলফালাহ ও এসওএস চিলড্রেনসের চুক্তি

চুক্তির আওতায় শিশুদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ এবং নারীদের দক্ষতার উন্নয়ন ঘটানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 10:54 PM

Updated : 26 Oct 2026, 10:54 PM

শিশুদের শিক্ষায় সহায়তা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে একসঙ্গে কাজ করতে এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে ব্যাংক আলফালাহ।

ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সোমবার ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় এসওএস চিলড্রেনসের বিকল্প পরিচর্যা ও পরিবার শক্তিশালীকরণ কর্মসূচিতে শিশুদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হবে। এর মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা কমিয়ে শিশুদের পড়াশোনা অব্যাহত রাখতে সহায়তা করা হবে।

এ ছাড়া খুলনার উপকূলীয় অঞ্চলের নারীদের জীবিকার উন্নয়নে পাঁচ মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হবে। এর মাধ্যমে নারীরা আয়বর্ধক বিভিন্ন কাজে দক্ষতা অর্জনের পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনা, সঞ্চয় এবং ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবা ব্যবহারের প্রশিক্ষণ পাবেন।

চুক্তি স্বাক্ষরে প্রতিনিধিত্ব করেন ব্যাংক আলফালাহর হেড অব মার্কেটিং, ব্র্যান্ড, প্রোডাক্ট, এসকিউ অ্যান্ড স্ট্র্যাটেজি মোস্তফা হাবিব ই রাব্বি।