ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে ‘সমন্বিত সংস্কারের’ রূপরেখা দিল বাংলাদেশ ব্যাংক
নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, তারা চার ধাপে এ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে চায়।
ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, সুশাসন ও আস্থা বাড়াতে সমন্বিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নিয়ন্ত্রক সংস্থাটি মনে করে, এ কর্মসূচি বাস্তবায়ন হলে চার বছরের মধ্যে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী হবে; ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা পাবে; সেই সঙ্গে ভবিষ্যতে বর্তমান সংকটের পুনরাবৃত্তি প্রতিরোধের সক্ষমতা বাড়বে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আশার কথা শুনিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশের ব্যাংকিং খাত সম্পর্কে সাম্প্রতিক সময়ে বিভিন্ন নেতিবাচক প্রচার ও বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জনসাধারণকে আশ্বস্ত করতে চায়, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংক সুপরিকল্পিত ও সমন্বিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।”
এ কার্যক্রমের মূল লক্ষ্য হিসেবে ব্যাংকিং খাতের বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করে তা পর্যায়ক্রমে দূর করা এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
চার ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রকৃত অবস্থা নিরূপণ ও সম্পদের গুণগত মান যাচাই
নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ এবং সমস্যাগ্রস্ত সম্পদের সঠিক চিত্র তুলে ধরতে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণ করে সম্পদমান পর্যালোচনা কার্যক্রম পরিচালনা করছে।
সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো ক্ষেত্রে এ কার্যক্রম প্রায় সমাপ্তির পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং সম্পদের গুণগত অবনতির প্রকৃত চিত্র সামনে এসেছে।
এর ফলে খেলাপি ঋণের হারসহ ব্যাংকিং খাতের বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের প্রতিফলন নয়; বরং দীর্ঘ সময় ধরে পুঞ্জীভূত অনিয়ম ও দুর্বলতার বাস্তব চিত্র।
প্রকৃত অবস্থা নিরূপণকে ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করা এবং টেকসই সংস্কারের অপরিহার্য পূর্বশর্ত হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে বলে বাংলাদেশ ব্যাংক আশাবাদী।
জরুরি পদক্ষেপের মাধ্যমে স্থিতিশীলতা নিশ্চিতকরণ
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সাময়িকভাবে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর ক্ষেত্রে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়ার মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে এসব ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর অংশ হিসেবে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালকদের নিয়োগ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসব উদ্যোগের উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে, ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনিয়মের পুনরাবৃত্তি রোধ করা এবং আমানতকারী ও সাধারণ জনগণের আস্থা সুদৃঢ় করা হবে।
পুনরুদ্ধার ও কাঠামোগত সংস্কার
ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করা এবং আর্থিক সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
এসব পরিকল্পনার আওতায় প্রয়োজনীয় পুনঃমূলধনীকরণ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, কর্পোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
পরিকল্পনাগুলো আগামী চার বছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করা, ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে এ ধরনের সংকটের পুনরাবৃত্তি প্রতিরোধের সক্ষমতা বাড়বে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
দীর্ঘমেয়াদি সক্ষমতা ও স্থিতিস্থাপকতা প্রতিষ্ঠা
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতকে অধিকতর সক্ষম, ঝুঁকি-সহনশীল ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বাংলাদেশ ব্যাংক সমন্বিত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, আর্থিক খাতে নীতিগত ও কাঠামোগত সংস্কার এবং জরুরি সহায়তা ব্যবস্থাগুলো পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ থাকবে।
বাংলাদেশ ব্যাংক আশা করে, গৃহীত সংস্কার পরিকল্পনা আগামী চার বছরে সফলভাবে বাস্তবায়িত হলে দেশের ব্যাংকিং ও আর্থিক খাত আরও স্থিতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।
এর ফলে আর্থিক খাতের প্রতি জনআস্থা বৃদ্ধি পাবে এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাংকিং খাত আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
বাংলাদেশ ব্যাংকের ‘দৃঢ়’ বিশ্বাস, ব্যাংকিং খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক সংস্কার, কার্যকর তদারকি, সুশাসন এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতার কোনো বিকল্প নেই।
এ প্রক্রিয়ায় আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করাই বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ অগ্রাধিকারের কথা বলেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে জনসাধারণকে কোনো ধরনের গুজব বা অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা ও তথ্যসূত্র অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
