২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের স্থগিতাদেশ থাকলে প্রণোদনা পাবে খেলাপিরাও

কেন্দ্রীয় ব্যাংকের যে হিসাব, তাতে ১৫ অক্টোবর পর্যন্ত এ তহবিলের ২০ শতাংশ ঋণও বিতরণ হয়নি।

আদালতের স্থগিতাদেশ থাকলে প্রণোদনা পাবে খেলাপিরাও

বাংলাদেশ ব্যাংক। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 12:09 AM

Updated : 20 Nov 2026, 12:09 AM

প্রণোদনা স্কিমে গতি আনতে খেলাপির অভিযোগ থাকা গ্রহীতাদের ঋণ দেওয়ার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

এক্ষেত্রে ঋণখেলাপির যেসব মামলায় আদালতের স্থগিতাদেশ আছে, তারাও বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা তহবিল থেকে ঋণ নিতে পারবেন।

বৃহস্পতিবার এ বিষয়ে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, কোনো ঋণগ্রহীতা মামলা বা রিট করার পর আদালত ঋণ আদায়ে স্থগিতাদেশ দিলে ওই গ্রহীতা ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

বন্ধ কলকারখানা চালুসহ অর্থনীতি চাঙা করতে গত ২৩ মে সংবাদ সম্মেলন এসে ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেন গভর্নর মোস্তাকুর রহমান।

কেন্দ্রীয় ব্যাংকের যে হিসাব, তাতে ১৫ অক্টোবর পর্যন্ত এ তহবিলের ২০ শতাংশ ঋণও বিতরণ হয়নি।

১৫টি স্কিমের এ তহবিল থেকে ঋণ বিতরণ হয়েছে ১৯ দশমিক ৯৩ শতাংশ। ছয়টি স্কিমে কেউ এক টাকাও ঋণ নেয়নি।