এনআইডি সেবায় তৎপরতা বাড়ছে, স্মার্ট কার্ডের বিঘ্ন কাটবে কবে?
“সেবা সহজ করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে; আপিলও সহজ করা হয়েছে,” বলেন ইসি সচিব আখতার আহমেদ।
ভোটারদের ছবিসহ তালিকাভুক্তির পাশাপাশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ সেবা নিতে গিয়ে, বিশেষ করে তথ্য সংশোধনকে ঘিরে ভোগান্তির অভিযোগ রয়েছে।
নির্বাচন কমিশন সচিব বলেছেন, এনআইডি সেবা সহজীকরণে সব ধরনের উদ্যোগ রয়েছে। শিগগির নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তবে বয়স, নিজের নাম, পিতা-মাতার নামসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তথ্যপ্রমাণ ছাড়া সংশোধনযোগ্য নয়, এমন আবেদন নিয়ে ভোগান্তির অভিযোগ করা সঠিক হবে না।
বর্তমানে ১২ কোটি ৮৮ লাখের মতো নাগরিক ভোটার তালিকাভুক্ত রয়েছেন। পাশাপাশি ১৬-১৭ বছর বয়সিদের তথ্যও নিবন্ধনের আওতায় রয়েছে; তারাও এনআইডি পাচ্ছেন।
নবম সংসদ নির্বাচনের আগে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু হলে ২০০৮ সাল থেকে এ সেবা চালু হয়। পরে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড দেওয়া শুরু করে সাংবিধানিক সংস্থাটি।
নানা ধরনের জটিলতার মধ্যে গেল কয়েক বছরে স্মার্ট কার্ড মুদ্রণ ও বিতরণে শম্বুকগতি আসে। সেক্ষেত্রে নাগরিকদের লেমিনেটেড কার্ড দেওয়া চালিয়ে যাচ্ছে।
এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর আর্থিক ও কারিগরি জটিলতা কাটিয়ে দ্রুত স্মার্ট কার্ড বিতরণের প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিচ্ছে।
এনআইডি সেবায় চ্যালেঞ্জ
ইসির এনআইডি উইংয়ের কর্মকর্তাদের হিসাবে, নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ৬৫ লাখের বেশি আবেদনের নিষ্পত্তি হয়েছে। আর এখন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে সোয়া ১ লাখের বেশি আবেদন, যার সিংহভাগই চলতি বছরের।
বিভিন্ন কারণে বাতিল হয়েছে সাড়ে ১৩ লাখের বেশি আবেদন। তথ্য গোপন করে ভোটার হওয়া, বয়স সংশোধনে পিতা-মাতা-ভাই-বোনের বয়সের সঙ্গে অবাস্তব পার্থক্য, উপযুক্ত কাগজপত্র না দেওয়াসহ হরেক রকমের বিষয় রয়েছে।
এমন অসংগতির বিষয়ে এনআইডি উইংয়ের কর্মকর্তারা বলেন, কাঙ্ক্ষিত কাগজপত্র দাখিল না করা, কাগজপত্র উপযুক্ত বিবেচিত না হওয়া, কাগজের সঙ্গে কাঙ্ক্ষিত তথ্যের মিল না থাকা ও বিদ্যমান তথ্য সঠিক না থাকার মতো কারণে আবেদন বাতিল হয়েছে।
শুনানিতে উপস্থিত না হওয়া, জন্মনিবন্ধন সনদসংক্রান্ত সমস্যা, ত্রুটিপূর্ণ আবেদন ও জাল কাগজপত্রের কারণেই বাতিল হয়েছে। তদন্ত প্রতিবেদনের কারণে বাতিল হতে পারে; আবেদনকারী নিজেও অনেক সময় বাতিলের অনুরোধ করেন।
জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আপিলও সহজ করা হয়েছে।
“যেসব আবেদন পেন্ডিং হয়ে আছে, সেগুলোর ক্ষেত্রে রিজেক্ট করে দেওয়া খুব সহজ; কিন্তু রিজেকশনটা যৌক্তিক না হলে নিজের কাছেও খারাপ লাগে। এখানে তথ্যগত ত্রুটি ও অসম্পূর্ণতা থাকে। এছাড়া আমাদেরও কিছু গাফিলতি থাকতে পারে।”
এনআইডি সংশোধনের আবেদনগুলো ছয়টি ভাগে বিভক্ত— ক, ক-১, খ, খ-১, গ ও ঘ। এর মধ্যে ‘ক’ ক্যাটাগরিতে নামের বানান বা ছোটখাটো ভুল ঠিক করা হয়। ‘খ’ ক্যাটাগরিতে থাকে ছবি, স্বাক্ষর বা অন্যান্য তথ্য পরিবর্তনের বিষয়। ‘গ’ ক্যাটাগরিতে নাম কিংবা বাবা-মায়ের নামের বড় কোনো পরিবর্তন করা হয়। আর ‘ঘ’ ক্যাটাগরিতে জন্মতারিখ, বয়স, বাবা-মায়ের নামের তথ্য সংশোধন করা হয়। এ ছাড়া ‘ক-১’ ও ‘খ-১’ ক্যাটাগরিতে ছোটখাটো বানান বা ভুল সংশোধনের কাজ করা হয়।
‘ঘ’ ক্যাটাগরির আবেদনই ঝুলে আছে বেশি, এ সংখ্যা ৭৩ হাজারেরও বেশি; এক্ষেত্রে এনআইডি অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদন নিতে হয়।
প্রশাসনিক, আদালতের নির্দেশনা, রোহিঙ্গা নাগরিকের অভিযোগসহ বিভিন্ন কারণে হাজার পাঁচেক নাগরিকের এনআইডি লক রয়েছে।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, এ পর্যন্ত চার-পাঁচ হাজার এনআইডি লক রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ, প্রশাসনিক কারণ, আদালতের আদেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান থাকা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধসহ বিভিন্ন কারণে কিছু নাগরিকের এনআইডি লক করা হয়েছে। এসব এনআইডি স্থগিত থাকায় সেবা কার্যক্রমও বন্ধ থাকে।
তবে হাজার ত্রিশেক এনআইডি ‘ফাইন্ড ম্যাচ’ অবস্থায় রয়েছে। আঙুলের ছাপের মান কমে যাওয়া, অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিল পাওয়া, তথ্য মিলে যাওয়া, দ্বৈত নিবন্ধনের শঙ্কা— এ ধরনের বিভিন্ন কারণে নাগরিকদের এনআইডি সক্রিয় থাকলেও যাচাইয়ের অপেক্ষায় রয়েছে।
“সফটওয়্যার উন্নয়নের কাজ শেষ হলে স্থানীয় উপজেলা অফিসে যোগাযোগ করেই এ সমস্যার সমাধান সম্ভব হবে।”
এনআইডি সেবা বর্তমানে সুচারু হয়েছে এবং নিষ্পত্তির পরিমাণ বেড়েছে মন্তব্য করে ইসি সচিব বলেন, “দুর্ভোগ কমাতে আপিল আবেদনের ফরমও সহজ করা হয়েছে। একটি আপিলের জন্য এক পৃষ্ঠার ফর্ম বানিয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে একটি আপিল প্রসেস করতে বা নোটশিট তৈরিতে প্রায় একদিন লাগত, এখন সেটি আধা ঘণ্টায় তৈরি হয়।”
তিনি মনে করেন, এতে দিনে ১৬টি আপিল নিষ্পত্তি করা সম্ভব, যা আগে একটার বেশি করা যেত না।
এনআইডি সেবাকে কেন্দ্র করে প্রতারক চক্র ও সংশ্লিষ্ট অপরাধীদের শনাক্তে ইসি কাজ করছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট অনেককে আইনের আওতায় আনা হয়েছে, অনেককে চাকরিচ্যুতও করা হয়েছে।
‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শিরোনামে বুধবার একটি কর্মশালা করে ইসি। এতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সিইসি, নির্বাচন কমিশনার ও ইসি সচিব।
স্মার্ট কার্ডের জটিলতা কাটবে শিগগির!
ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও এনআইডি (লেমিনেটেড) দেওয়ার কাজ শুরু হয় ২০০৮ সালে। আট বছর বাদে ২০১৬ সালের অক্টোবরে উন্নতমানের এনআইডি বা স্মার্ট কার্ড বিতরণ শুরু করে তৎকালীন ইসি। তখন ৯ কোটি ভোটার বিবেচনায় পরের বছর নাগাদ সবার হাতে এ কার্ড তুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
ফরাসি প্রযুক্তিপণ্য কোম্পানি অবার্থুর টেকনোলজির সঙ্গে চুক্তির প্রকল্পের মেয়াদ কয়েক দফা বাড়ালেও কার্ড সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় স্মার্ট কার্ড বিতরণে শম্বুকগতি আসে। এরপর ২০১৮ সালে এসে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কোম্পানি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) কাছ থেকে এ কার্ড সংগ্রহ শুরু করে ইসি। বকেয়া অর্থ পরিশোধে বিলম্ব, সফটওয়্যার জটিলতা, অডিট আপত্তি আসে পরবর্তী সময়ে।
এএমএম নাসির উদ্দিন কমিশন গেল বছর থেকে স্মার্ট কার্ড নিয়ে বিরাজমান সমস্যা নিরসনে উদ্যোগ নেয়।
এ ধারাবাহিকতায় সর্বশেষ কমিশন সভায় আলোচনার পর গত সোমবার নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, পার্সোনালাইজেশন সেন্টারে কিছু টেকনিক্যাল ত্রুটি হচ্ছে। চুক্তিরও কিছু কিছু অসম্পূর্ণতা আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, “চার-পাঁচ দিন ধরে একটি সফটওয়্যার সমস্যা দেখা দিয়েছে। সেটারই স্বরূপ নিরূপণ করা হচ্ছে। পাশাপাশি এখানে দুটি বিষয় আছে। একটি হচ্ছে সফটওয়্যারের সমস্যা। এটা যেকোনো সময় হতে পারে। এটা ঠিক করার কাজ চলছে।
“আশা করি, যেকোনো সময় এটা ঠিক হয়ে যাবে। তবে এনআইডি সেবা বন্ধ নেই। কারও এনআইডি অ্যাপ্রুভ হয়ে গেলে ওয়েবসাইটে গিয়ে প্রিন্ট করে এটা লেমিনেট করে কাজ চালিয়ে নিতে পারেন। ২০১৭ সালের পহেলা জুলাই থেকে এ সমস্যা শুরু। আমরা যেটা করার চেষ্টা করছি, বলতে পারেন এটা ভূতপূর্ব সমস্যার সমাধান।”
স্মার্ট কার্ড প্রিন্ট বিঘ্নিত হলেও খুব দ্রুত তা সেরে যাবে বলে মনে করেন এ নির্বাচন কমিশনার।
ইসি সানাউল্লাহ বলেন, “সুতরাং কাজ কোনো বন্ধ নেই। শুধুমাত্র স্মার্ট কার্ড প্রিন্টিংটা আমাদের একটু বিঘ্নিত হচ্ছে। আশা করি, এটা ছুটে যাবে। চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও চুক্তিটা নবায়ন করা হয়নি। এর মধ্যে অতীতে একটা অডিট অবজেকশন হয়েছে। সেটাও এখনো অনিষ্পন্ন আছে। এই অনিষ্পন্ন অডিট রেখে কীভাবে কাজ চালিয়ে নেওয়া যায়, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।”
সংশ্লিষ্টদের হিসাবে, এ পর্যন্ত পৌনে নয় কোটি স্মার্ট এনআইডি প্রিন্ট হয়েছে। এর মধ্যে মাঠপর্যায়ে বিতরণ হয়েছে ৭ কোটি ৩৬ লাখের মতো। এখনও সোয়া এক কোটি কার্ড বিতরণ হয়নি; ঘাটতি রয়েছে চার কোটির বেশ।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ২ কোটি ৩৬ লাখের মতো ব্ল্যাংক কার্ড রয়েছে। কিছু অনিষ্পন্ন বিষয়ে নিরসন হলে দ্রুত ‘পার্সোনালাইজেশনসহ’ স্মার্ট কার্ড মুদ্রণ ও বিতরণ সুচারু হবে।
