শ্রমিক অসন্তোষ: পোশাক খাতে ৩-৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, শঙ্কা বিজিবিএর
অনেক আন্তর্জাতিক ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে সতর্ক ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে, বলেন বিজিবিএ সভাপতি হামিদ।
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের কারণে এ খাতে তিন থেকে চার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছে বিদেশি ক্রেতাদের স্থানীয় প্রতিনিধিদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পর্যবেক্ষণ তুলে ধরে বিজিবিএ সভাপতি আব্দুল হামিদ বলেছেন, এর প্রভাব শুধু তৈরি পোশাক শিল্পেই সীমাবদ্ধ থাকবে না। পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকস, রপ্তানি ও অন্যান্য খাতেও পড়বে।
গত মাসের শেষের দিকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামে শ্রমিক পোশাক শ্রমিকরা। আন্দোলনের মধ্যে ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।
৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।
তবে এরপর আবার রাস্তায় নামে শ্রমিকরা। এ অবস্থায় কারখানা ছুটি বা অনির্দিষ্ট কাল বন্ধ ঘোষণা করছেন উদ্যোক্তরা।
উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলে তৈরি পোশাক শিল্পে দৈনিক ২ হাজার কোটি টাকা থেকে ২ হাজার ২০০ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয় বলে পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিবিএ সভাপতি।
লিখিত ব্ক্তব্যে তিনি বলেন, “ইতোমধ্যে চলমান অস্থিরতার কারণে দেশের প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।”
গত ১৫ দিনে এই পরিমাণ ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
আন্দোলনের কারণে ক্রয়াদেশে প্রভাব পড়ছে বলে দাবি করেন আবদুল হামিদ।
তিনি বলেন, “চলমান পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ প্রদানের ক্ষেত্রে সতর্ক ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। কিছু ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণও কমে এসেছে।”
শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকলে সরাসরি উৎপাদনকারী কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হবে। অনেক কারখানা পূর্ণ উৎপাদনসক্ষমতা অনুযায়ী পরিচালিত হতে পারবে না, বলেন বিজিবি সভাপতি।
আব্দুল হামিদ বলেন, “কিছু কারখানা উৎপাদন বন্ধ করে দিয়েছে। আমরা আশঙ্কা করছি আগামীতে সম্ভাব্য অর্ডারে প্রভাব পড়বে। কেউ কেউ দিচ্ছে, কেউ কেউ স্থগিত করে রেখেছে।”
বাংলাদেশের প্রতি বিদেশি ক্রেতাদের আস্থা হারিয়ে যাচ্ছে তুলে ধরে বিজিবির জ্যেষ্ঠ সহসভাপতি জাকির হোসেন বলেন, “সঠিক সময়ে শিপমেন্ট করতে পারলে আস্থাটা ফিরবে। আমাদের প্রত্যাশা, সবাইকে নিয়ে একটি গঠনমূলক আলোচনার মধ্যে দিয়ে মজুরির বিষয়টি সমাধান হবে।”
তার মতে, বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে হলে সঠিক সময়ে শিপমেন্ট করতে হবে।
