১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

মাথায় ইটের আঘাতের চিকিৎসা করাতে গিয়ে ১৩ বছর পর স্মৃতি ফিরে পেলেন বেবী

“চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি এক ধরনের ‘কো-ইনসিডেন্ট’ বা সমাপতন।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 11:46 PM

Updated : 19 Nov 2026, 11:46 PM

মাথায় ইটের আঘাত, ক্ষতস্থানে সংক্রমণ আর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে দীর্ঘ ১৩ বছর পর ফিরে পেলেন হারানো স্মৃতি। চিনতে শুরু করলেন স্বজনদের, বলতে পারলেন নিজের বাড়ির ঠিকানা। অবশেষে পথে পথে ঘুরে বেড়ানোর অবসান ঘটিয়ে ফিরলেন পরিবারের কাছে।

রাজশাহীর পবা উপজেলার কুখন্ডি গ্রামের বেবী খাতুনের জীবনের এই ঘটনা অনেকটা সিনেমার গল্পের মতো। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, মানসিক বিপর্যয় এবং একপর্যায়ে বাড়ি ছেড়ে পথে পথে ঘুরে বেড়ানো- সব মিলিয়ে কেটেছে তার জীবনের দীর্ঘ ১৩ বছর।

তবে চিকিৎসকরা বলছেন, মাথায় ইটের আঘাতের কারণে তার স্মৃতি ফিরে আসেনি। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক সুস্থতার পাশাপাশি স্মৃতি ফিরে পাওয়ার ঘটনাটি ‘কাকতালীয়’।

বেবী খাতুন প্রায় দুই বছর ধরে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার পাশের একটি সড়কের ধারে থাকতেন। বৃষ্টি কিংবা প্রচণ্ড রোদ, কোনো কিছুতেই ওই জায়গা ছাড়তেন না তিনি। পথচারীদের দেখলেই অজ্ঞাত এই নারী অশ্রাব্য ভাষায় গালাগাল করতেন, আবার কখনও তাদের দিকে ইট ছুড়ে মারতেন। তার এমন আচরণে ওই পথে চলাচলকারীরা বিব্রত হতেন।

বেবীর বাবার নাম মেহের মোল্লা। ১১ ভাইবোনের মধ্যে তিনি অষ্টম। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। দর্জির কাজও জানতেন। একসময় স্বাভাবিক জীবনযাপন করলেও দাম্পত্য জীবনের টানাপোড়েনের পর বদলে যায় তার জীবনের গতিপথ।

বেবীর বড় বোন জিনাহার বেগম বলেন, প্রায় ১৫ বছর আগে পবার পারিলা গ্রামের সাইফুল ইসলাম নামের এক যুবকের সঙ্গে বেবীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের ছয় মাসের মাথায় সাইফুল তাকে তালাক দেন। এ ঘটনায় আদালতে মামলা করেন বেবী। মামলায় সাইফুল কারাগারে গেলে স্বামীর প্রতি টান থেকে তাকে দেখতে যান বেবী।

জিনাহার বেগমের ভাষ্য, কারাগারে সাইফুল বেবীকে বলেন, মামলা তুলে নিলে আবার তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন। স্বামীর কথায় বিশ্বাস করে মামলা তুলে নেন বেবী। কিন্তু কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সাইফুল আর তাকে সংসারে ফিরিয়ে নেননি।

একদিন বেবী নিজেই সাইফুলের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে সাইফুল পুলিশ ডেকে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকেই বেবীর আচরণে অস্বাভাবিকতা দেখা দিতে শুরু করে।

একপর্যায়ে বেবী কাউকে চিনতে পারতেন না। পরে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। দীর্ঘদিন পর পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেও সফল হননি স্বজনেরা। কাছে গেলেই অস্বাভাবিক আচরণ করতেন বেবী। পরিবারের সদস্যদের চিনতে না পারায় তাদের সঙ্গে ফিরতেও চাইতেন না।

এরপর বোয়ালিয়া থানার পূর্ব পাশের সড়কটি হয়ে ওঠে বেবীর স্থায়ী আশ্রয়। প্রায় দুই বছর ধরে সেখানেই কাটছিল তার দিন-রাত। নোংরা কাপড়-চোপড় ও কম্বল একটি পুটলায় বেঁধে সব সময় সঙ্গে রাখতেন। বৃষ্টি কিংবা প্রখর রোদেও সড়কের পাশেই পড়ে থাকতেন তিনি।

অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ওই জায়গায় আর দেখা যাচ্ছিল না বেবীকে। এক রিকশাচালক তার মাথায় ইট ছুড়ে মারেন। মাথার ক্ষত থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শারীরিক অবস্থার অবনতি হয়। পরে অজ্ঞাত এক ব্যক্তি তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অজ্ঞাত রোগীদের ওয়ার্ডে তার চিকিৎসা শুরু হয়। ওই ওয়ার্ডে ইনচার্জ স্বচ্ছাসেবিকা আলেয়া খাতুন তাকে সেবা দেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন বেবী। এ সময় ফিরে আসে তার স্মৃতিও। চিনতে পারেন স্বজনদের, শুরু করেন স্বাভাবিকভাবে কথা বলা। জানাতে পারেন নিজের বাড়ির ঠিকানাও। সুস্থ হয়ে ওঠার পর বাড়ি ফেরার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ছুটি চাইতে থাকেন তিনি। তবে অভিভাবক ছাড়া তাকে হাসপাতাল থেকে ছাড়ার সুযোগ ছিল না।

পরে বেবী নিজেই বাড়িতে গিয়ে দুই বোন জিনাহার বেগম ও সাবিনা বেগমকে নিয়ে হাসপাতালে ফিরে আসেন। ১১ নভেম্বর সাবিনা বেগম হাসপাতালের রেজিস্টারে স্বাক্ষর করে বোনকে বুঝে নেন। এরপর তারা বেবীকে নিয়ে বাড়ি ফেরেন।

বেবী খাতুন সাংবাদিকদের বলেন, হাসপাতাল থেকে বের হয়ে প্রথমে বোয়ালিয়া থানায় যান। সেখানে তাকে খাবার দিতেন এমন এক পুলিশ সদস্য বাড়ি ফেরার জন্য ২০০ টাকা দেন। কাছেই ডিশ লাইনের কাজ করছিলেন দুই যুবক। তাদের কাছে বাড়ির কথা জানালে তারা একটি ভ্যানের ব্যবস্থা করে দেন। সেই ভ্যানে করেই বাড়িতে পৌঁছান বেবী।

বেবীর বোন সাবিনা বেগম বলেন, ডিশ লাইনের কাজ করা ওই দুই যুবক আগে থেকেই বেবীকে থানার পাশে বসে থাকতে দেখতেন। তবে কখনও তার সঙ্গে কথা হয়নি। সেদিন হাতের ইশারায় ডাকতে দেখে তারা কাছে যান। বেবী বাড়ির ঠিকানা জানালে তারা তাকে বাড়িতে পৌঁছে দেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেবী খাতুনের চিকিৎসা করেছেন মনোরোগ বিভাগের চিকিৎসক জসীম উদ্দিন।

মাথায় ইটের আঘাতের পর স্মৃতি ফিরে পাওয়ার বিষয়ে তিনি বলেন, “সিনেমায় আঘাতের কারণে স্মৃতি হারানো এবং আবার আঘাত পেয়ে তা ফিরে পাওয়ার ঘটনা দেখানো হয়। কিন্তু বাস্তবে এমনটি ঘটে না।

“বেবী খাতুনের ক্ষেত্রে চিকিৎসায় সুস্থ হওয়ার পাশাপাশি স্মৃতি ফিরে আসার ঘটনাটি কাকতালীয়। মাথায় আঘাত পাওয়ার সঙ্গে স্মৃতি ফিরে আসার কোনো সম্পর্ক নেই। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি এক ধরনের ‘কো-ইনসিডেন্ট’ বা সমাপতন।”