১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

‘কফি উইথ করণ’: অন্তিমেও শাহরুখ?

থাকতে পারে করণের দুই যমজ সন্তান যশ ও রুহিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 11:30 PM

Updated : 19 Nov 2026, 11:30 PM

দুই দশকের বেশি সময় ধরে বলিউডের তারকাশিল্পীদের নিয়ে চলা সেলিবেট্রি শো ‘কফি উইথ করণ’ এর শেষ পর্বে সূচনা পর্বের এক অতিথিকে দেখা যাবে কি না, তা নিয়ে চলছে জল্পনা।

২২ বছর আগে ২০০৪ সালে স্টার ওয়ার্ল্ডে 'কফি উইথ করণ' প্রথম শোয়ে অতিথি হিসেবে ছিলেন শাহরুখ খান ও কাজল। সোশাল মিডিয়ায় খবর উড়েছে যে, নবম সিজনের অন্তিম পর্বে আলো ছড়াবেন শাহরুখ। বলিউড বাদশাহর উপস্থিতি ‘কফি উইথ করণ’ এর যাত্রাকে পূর্ণতা দেবে বলে আশা করা হচ্ছে।

তবে এখানে রয়েছে আরও একটি চমক। তা হল একা আসবেন না অভিনেতা। তার সঙ্গে দেখা যেতে পারে করণের দুই যমজ সন্তান যশ ও রুহিকেও, থাকতে পারেন শাহরুখ কন্যা সুহানা খানও।

তবে শাহরুখের উপস্থিতি দীর্ঘ হবে না। অনুষ্ঠানের একটি ছোট অংশেই দেখা যাবে তাকে। পর্বটির শুটিংও সারা হয়েছে ইতোমধ্যে। আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত থাকায় ‘কফি উইথ করণ’ এর জন্য বেশি সময় তিনি দিতে পারেননি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নমব সিজনে কফির আড্ডা বেশ জমে উঠেছে। হেল ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই সিজনে আলোচিত অতিথিদের মধ্যে সালমান খান ও কারিশমা কাপুর এসেছিলেন, এসেছিলেন সাইফ আলী খান ও কারিনা কাপুরও, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, রাশমিকা মানদানা ও বিজয় দেবরাকোণ্ডা।

আগামী পর্বগুলোয় অনন্যা পাণ্ডে ও অনন্যা বিড়লাকে দেখা যাবে। তাদের সঙ্গে আসবেন শনায়া কাপুরও। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই পর্বের ঝলক।

করণের জনপ্রিয় শোটিতে অতিথি হয়ে এসে অনেক তারকার মান-অভিমান ভেঙেছে, দ্বন্দ্ব বেঁধেছে, মুখ দেখাদেখি বন্ধ হয়েছে, তাদের হাঁড়ির খবর ফাঁস হয়েছে, এমনকি প্রেমও হয়েছে একে অপরের মধ্যে।

সঞ্চালক করণের ব্যাঙ্গাত্মক প্রশ্নবাণে বহু তারকা ধরাশায়ীও হয়েছেস। গেল ২২ বছর বছর এই শোয়ের দর্শক তৈরি হয়েছে ভারত ছাড়িয়ে বিদেশেও।

জনপ্রিয় এই শোয়ে ইতি টানার কথা কিছুদিন আগে করণই ঘোষণা করেন।

সেই ঘোষণা দিয়ে অকপট স্বীকারোক্তিতে বলেছিলেন, “আমার শোয়ে এমন অনেক কিছুই ঘটেছে। দেশে বড় বড় কত তারকার ক্যারিয়ার যে শেষ হতে বসেছে অনুষ্ঠানে এসে।”

করণ বলেন, “বিনোদন জগতে আমার পরিচয়ের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে ' কফি উইথ করণ '। এখনও বিশ্বাস করতে পারছি না যে ২২ বছর হয়ে গেছে।”

সামনের দিনগুলোয় সিনেমা পরিচালনায় নিজেকে ব্যস্ত রাখতে চান করণ।

তিনি বলেন, “জীবনের বাকি সময় সিনেমা বানাবো। আরও অনেক গল্প বলে কাটাতে চাই। তাই ভারাক্রান্ত হৃদয়ে এই মৌসুমটিকেই শেষ মৌসুম হিসেবে ঘোষণা করছি।"

এই সিদ্ধান্তকে 'আবেগপূর্ণ ও ব্যক্তিগত' আখ্যা দিয়ে করণ এও স্বীকার করেছেন যে, এই শো-টি তার কাছে কী অর্থ বহন করে।

"যে সোফাটি আলাপচারিতা, অকপটতা এবং বিতর্কের সমার্থক হয়ে উঠেছে, সেখানে এটাই হবে আমার শেষবার বসা। এই সিদ্ধান্তটি আমার জন্য আবেগপূর্ণ এবং ব্যক্তিগত।

“তবে আমি আশা করছি, এই অনুষ্ঠানটি আমাকে যা দিয়েছে, তা মানুষের হৃদয়ে অনুরণিত হতে থাকবে।”

পুরনো খবর:

শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’
‘স্বস্তি পেলাম’, কফি উইথ করণ শেষে কারিনার প্রতিক্রিয়া