০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দেড় দশক পর শাহরুখ-কারিনা একসঙ্গে

‘কাভি খুশি কাভি গম’, ‘অশোকা’, ‘ডন’, ‘রা-ওয়ান’-এর মত জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করেছেন দুই তারকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 08:22 PM

Updated : 07 Oct 2026, 08:22 PM

দেড় দশক পর বড় পর্দায় একসঙ্গে আসছেন শাহরুখ খান ও কারিনা কাপুর

তাদের দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখের ‘কিং’ সিনেমায়।

সংবাদমাধ্যম এবিপি জানিয়েছে, ওই সিনেমায় ‘ড্যাডি কুল’ একটি গানের দৃশ্যে একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও কারিনাকে। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ওই বিশেষ গানের শুটিং করবেন কারিনা।

শুটিংয়ের জন্য পাঁচ দিন সময় দিয়েছেন অভিনেত্রী। গানটি বড় মাপের আয়োজন করে তৈরি করা হচ্ছে।

গানটি গাইবেন দুজন শিল্পী, একজন ভারতীয়, আরেকজন বিদেশে; তবে তারা কারা, তা এখনও প্রকাশ্যে আনা হয়নি। গানটির সুর করেছেন সচিন-জিগর।

‘কাভি খুশি কাভি গম’, ‘অশোকা’, ‘ডন’, ‘রা-ওয়ান’-এর মত জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করেছেন দুই তারকা।

শাহরুখের জন্মদিন ২ নভেম্বর। ওই দিনে গানের টিজার প্রকাশ করার পরিকল্পনা নিয়েছেন নির্মাতারা।

অ্যাকশননির্ভর ‘কিং’ সিনেমায় শাহরুখকে দেখা যাবে একেবারে অন্য মেজাজে। এই সিনেমায় শাহরুখের চরিত্র ধূসর প্রকৃতির। খুন করতেও পিছপা হয় না সে। নিজেই চরিত্রটি সম্পর্কে বলতে গিয়ে শাহরুখ জানিয়েছিলেন, এই চরিত্রটি অত্যন্ত নির্মম। কেউ যেন এ ধরনের চরিত্র অনুকরণ না করেন, সেই অনুরোধও রেখেছেন অভিনেতা।

মুম্বাইয়ে কিছুদিন আগে একটি ফ্যান মিটে শাহরুখ খান 'কিং' সিনেমায় তার চরিত্র নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস করেছেন।

শাহরুখের কথায়, "কিং-এ আমার চরিত্রটি খুবই আকর্ষণীয়। সিদ্ধার্থ আনন্দ এবং সুজয় ঘোষ অনেক ভালোবাসা দিয়ে চরিত্রটি এঁকেছেন। আমার চরিত্রটির মানুষ হত্যা করতে হাত কাঁপে না। আশা করি আপনারা বিরক্ত হবেন না।”

এই সিনেমার মাধ্যমে শাহরুখের সঙ্গে প্রথমবার বড় পর্দায় আসছেন মেয়ে সুহানা খান।

এই সিনেমায় আরও আছেন দীপিকা পাড়ুকোন, অভয় বর্মা, রাঘব জুয়াল, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, অরশদ ওয়ারসী এবং অনিল কাপুরসহ আরও অনেকে।

আগামী ২৪ ডিসেম্বর পর্দায় আসছে ‘কিং’।