৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত
‘ধর্মন’ সিনেমায় নতুন চমক শ্রীলীলা।
‘ধর্মন’ চলচ্চিত্রে নতুন চমক! এই সিনেমায় অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। এই প্রথম তিনি পর্দায় জুটি বাঁধতে চলেছেন এমন একজন অভিনেতার সঙ্গে, যার সঙ্গে অভিনেত্রীর বয়সের পার্থক্য ৫০ বছর।
তিনি হলেন থালাইভাখ্যাত অভিনেতা রজনীকান্ত। ইন্ডিয়া টুডে জানিয়েছে ‘ধর্মন’ পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু। শ্রীলীলাকে স্বাগত জানিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা সংস্থাটি।
সেখানে অভিনেত্রীর ঝলক তুলে ধরা হয়েছে। রজনীকান্ত, শ্রীলীলার পাশাপাশি ‘ধর্মন’-এ দেখা যাবে সিমরন, নয়নতারা, যোগী বাবু এবং রাশি খান্নাকেও। পরিচালক অশ্বথের সঙ্গেও এই প্রথম কাজ করছেন রজনীকান্ত।
আনন্দবাজার জানিয়েছে, সিনেমার প্রথম প্রচার ঝলক সামনে আসতেই রজনীকান্তের চরিত্র নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সিনেমায় তাকে এক চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে বলে ইঙ্গিত মিলেছে। তবে চরিত্রটির পরিচয় দিতে গিয়ে নির্মাতারা ব্যবহার করেছেন ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ, যার অর্থ খারাপ মানুষ। তাই রজনীকান্তের চরিত্রের মধ্যে নেতিবাচক দিক থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
১৯৭৮ সালের ছবি ‘মুলম মলারুম’-এ রজনীকান্তের চরিত্রের সঙ্গেও এই চরিত্রের কিছুটা মিল খুঁজে পাচ্ছেন অনুরাগীরা।
সিনেমার তৃতীয় দফার শুটিং শেষ হয়েছে সেপ্টেম্বরে। এখন শেষ পর্যায়ের কাজ চলছে।
তামিল সিনেমার দুনিয়ায় ক্রমশ নিজের জায়গা পাকা করছেন শ্রীলীলা। চলতি বছরের শুরুতেই ‘পরাশক্তি’ ছবির মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক হয় তার। তার পর থেকেই একের পর এক বড় সিনেমার প্রস্তাব আসছে অভিনেত্রীর কাছে। ধানুষ এবং মমুটীর আগামী সিনেমা ‘ওম’-এ ধানুষের স্ত্রী রোজার চরিত্রে অভিনয় করছেন শ্রীলীলা। এ ছাড়াও অজিত কুমারের ‘ডেয়রডেভিল’-এও দেখা যাবে তাকে।
এখনও মুক্তির দিন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি। তবে শোনা যাচ্ছে, ২০২৭ সালের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।
এদিকে রাজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ লুফে নিয়েছে দর্শক। ২০২৩ সালে ‘জেলার’ সিনেমার সাফল্যের পরই এর সিক্যুয়েল আসে। ‘জেলার ২’ এর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক নেলসন দিলীপকুমার এক্সে বলেন, “প্রেক্ষাগৃহগুলোতে যেন উন্মাদনা চলছে। থালাইভার ম্যাজিক সত্যিই আলাদা। ‘জেলার ২’ এর প্রতি এমন ভালোবাসার জন্য দর্শকদের অশেষ ধন্যবাদ।”
সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, মোহনলাল, শিবা রাজকুমার, জ্যাকি শ্রফ, যোগী বাবু, মিরনা, ঋত্বিক, এস জে সুরিয়া, বিদ্যা বালান, সুরাজ ভেঞ্জারামুডু, মিথুন চক্রবর্তী, হৃতিক রোশন, বিজয় সেতুপতি, যতীন শর্মা, নামো নারায়ণ, হাকিম শাহজাহান ও কোট্টায়াম নাজির।
