জয়া এবার রহস্যে ভরা থ্রিলারে
পাহাড়ে এক রহস্যময় হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘আরএসভিপি মার্ডার’ সিনেমার কাহিনী।
ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা অর্জুন দত্ত এবার পর্দায় নিয়ে আসছেন রহস্যে ভরা থ্রিলার গল্প। ‘আরএসভিপি মার্ডার’ নামের সিনেমায় অর্জুনের পরিচালনায় প্রথমবার অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
কলকাতার সংবাদমাধ্যম ‘এবিপি বাংলা’ জানিয়েছে, এই সিনেমায় জয়ার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।
পাহাড়ে এক রহস্যময় হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘আরএসভিপি মার্ডার’ সিনেমার কাহিনী। গল্পের সূত্রপাত একটি অনুষ্ঠান থেকে। আনন্দ-উৎসবের মাঝে আচমকা একটি বার্তা বদলে দেবে গোটা পরিস্থিতি। তারপর শুরু হবে রহস্যের অনুসন্ধান।
তদন্তের নানা ধাপে সামনে আসবে বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা স্বার্থ, দাম্পত্যের টানাপোড়েন এবং পারিবারিক সম্পর্কের মাঝে জমে থাকা ক্ষোভ।
জয়া আহসান বলছেন, অর্জুন তার পছন্দের একজন পরিচালক।
তিনি বলেন, “‘আরএসভিপি মার্ডার’ সিনেমায় একঝাঁক গুণী অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, সেটা আমার কাছে একটা দারুণ ভালো লাগার বিষয়। আমার চরিত্রটিও বেশ আকর্ষণীয় এবং চরিত্রটি ফুটিয়ে তোলার মধ্যে একটা আলাদা চ্যালেঞ্জ রয়েছে।
“এবার অপেক্ষা, সিনেমাটি তৈরি হওয়ার পর দর্শকদের কতটা ভালো লাগে, সেটা দেখার। ‘আরএসভিপি মার্ডার’ একটি মার্ডার মিস্ট্র।”
শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, “অর্জুন দত্তের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। ‘আরএসভিপি মার্ডার’-এর চিত্রনাট্যটা আমার দারুণ লেগেছে। ছবির বিষয়বস্তুটাও বেশ আকর্ষণীয়। তবে আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে আমার চরিত্রটি।
“অর্জুন যেভাবে চরিত্রটা আমাকে বুঝিয়েছে, তা শুনেই আমার ভীষণ ভালো লেগেছিল। সত্যি বলতে, এর আগে এমন ধরনের চরিত্রে আমি কখনও অভিনয় করিনি। আমার বিশ্বাস, এই সিনেমায় দর্শক আমাকে একেবারে অন্যরকমভাবে দেখতে পাবেন। চরিত্রটাকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য আমি মুখিয়ে আছি।”
এতে আরও অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অভীক্ষা চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য, মনোজ ওঝা।
অর্জুন জানিয়েছেন, সব ঠিক থাকলে এ মাসের শেষ দিকে ‘আরএসভিপি মার্ডার’ সিনেমার শুটিং শুরু হবে।
