৬ ফুটের অমিতাভকে উচ্চতার জন্য যে নামে ডাকতেন জয়া
অমিতাভ-জয়া বিয়ে করেন ১৯৭৩ সালে, সে সময় মুক্তি পায় এই দম্পতির ‘জঞ্জির’ সিনেমাটি।
ছয় ফুটের কিছুটা বেশি উচ্চতার অমিতাভ বচ্চনকে রসিকতা করে তার স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন যে নামে ডাকতেন তাতে সংসারে জীবনে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল।
পরে অবশ্য অমিতাভের বাবা কবি হরিবংশ রাই বচ্চনের নিষেধে ওই নামে ডাকা বন্ধ করেন জয়া।
কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার জানিয়েছে, কদিন আগে কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে এই গল্প নিজেই জানিয়েছেন বলিউডের মহাতারকা ‘বিগ বি’ খ্যাত অমিতাভ। ওই পর্বে ‘রামায়ণ’ সিনেমার প্রচারে গিয়েছিলেন সিনেমার অভিনেতা রাণবীর কাপুর, সাঁই পল্লবী এবং রবি দুবে।
সেখানে বচ্চন পরিবারের সদস্যদের উচ্চতার গল্প উঠতেই অমিতাভ তুলে ধরেন তার বিবাহিত জীবনের শুরুর দিকের গল্পটি।
অমিতাভ বলেন, “বিয়ের পর কয়েক বছর জয়া আমাকে ‘লম্বুজি’ বলেই ডাকত।”
তবে, এই খুনসুটিতে ঘোর আপত্তি তোলেন অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন।
অমিতাভ বলেন, “পরে বাবুজি বললেন, ‘দেখ, ওকে এই নামে ডাকবে না। হয় ওর নাম ধরেই ডাক, নয়তো অন্য কোনো নামে’।”
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার অমিতাভকে উদ্দেশ্য করে জয়ার ‘লম্বুজি’ ডাকের সমাপ্তি ঘটে সেখানেই।
এই গল্পের প্রেক্ষিতে রাণবীরও তার দাম্পত্য জীবনের সুপ্ত ইচ্ছা মেলে ধরেন।
রাণবীর বলেন,“আমি মনে মনে কল্পনা করতাম; আমি যদি আরেকটু লম্বা হতাম, আর আলিয়া জয়া আন্টির মত একটু ছোটখাটো হত। তাহলে আমাদের উচ্চতার পার্থক্যটাও কতটা সুন্দর দেখাত!”
ভারতের হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত তারকা দম্পতি অমিতাভ ও জয়া। বিয়ের আগে অভিনেত্রী ছিলেন জয়া ভাদুড়ি, বিয়ের পর বনে যান জয়া বচ্চন।
অমিতাভ-জয়া বিয়ে করেন ১৯৭৩ সালে। সে সময় মুক্তি পায় এই দম্পতির ‘জঞ্জির’ সিনেমাটি।
দুজনের সিনেমার সেটে দেখাদেখি, তারপর ভালোলাগা, ভালোবাসা। অতঃপর সংসার।
অভিনয় জুটি হিসেবেও তারা জনপ্রিয় ছিল। ‘বংশী বিরজু’, ‘এক নজর’, ‘জাঞ্জির’, ‘অভিমান’, ‘মিলি’, ‘চুপকে চুপকে’, ‘শোলে’, ‘সিলসিলা’ ও ‘কাভি খুশি কাভি গাম’-এই জুটির জনপ্রিয় সিনেমার তালিকা বেশ বড়।
