শাহরুখের ফোন নম্বর জানেন কজনা
“মাঝরাতের পর যখন খুশি ফোন করবেন। আমি ফোন ধরব। অথবা আমাকে মেসেজ করতে পারেন। আমি ইমোজি দিয়ে উত্তর দেব।”
বলিউডের বাদশা শাহরুখ খানকে এক ঝলক দেখার জন্য তার বাসভবন মান্নাতের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে পারেন অনুরাগীরা। প্রিয় অভিনেতার সঙ্গে একবার দেখা করা, তার সঙ্গে ছবি তোলা অথবা জীবনে একবার হলেও তার সঙ্গে ফোনে কথা বলা-এমন স্বপ্ন দেখেন শাহরুখের বহু ভক্ত। কিন্তু কখনও কী গুগলে সার্চ করে দেখা হয়েছে শাহরুখের ফোন নম্বর কত?
এই প্রশ্নের উত্তর জানতে বহুবার সার্চ ইঞ্জিনের দ্বারস্থ হয়েছেন অনুরাগীরা। আর তাদের সেই কৌতূহলের উত্তর দিতে গিয়ে ২০১৭ সালে এক সাক্ষাৎকারে মজার কাণ্ড ঘটিয়েছিলেন শাহরুখ নিজেই।
নিউজ এইট্টিন জানিয়েছে, ২০১৭ সালে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, তাকে নিয়ে গুগলে দর্শকেরা যে প্রশ্নগুলি সবচেয়ে বেশি সার্চ করেন, সেগুলির উত্তর দেবেন নিজেই। অর্থাৎ, অনুরাগীদের মনে জমে থাকা প্রশ্নের সরাসরি জবাব দেবেন বলিউডের বাদশা।
সাক্ষাৎকারে একের পর এক প্রশ্নের উত্তর দিতে দিতে সামনে আসে শাহরুখের ফোন নম্বর জানার প্রসঙ্গ। স্বভাবসুলভ রসিকতা করে তিনি বলেছিলেন, “আমার ফোন নম্বর ৫৫৫৯৯৬০৩২১। মাঝরাতের পর যখন খুশি ফোন করবেন। আমি ফোন ধরব। অথবা আমাকে মেসেজ করতে পারেন। আমি ইমোজি দিয়ে উত্তর দেব।”
অনুরাগীদের সঙ্গে মজার ছলে কথা বলার এমন স্বভাবের পরিচয় আগেও দিয়েছেন অভিনেতা। তবে তার দেওয়া সেই নম্বরকে বাস্তবের ব্যক্তিগত ফোন নম্বর বলে ধরে নেওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।
৬১ বছরের জীবনে ৩৩ বছর শাহরুখ কাটিয়ে দিয়েছেন সিনেমার সঙ্গে।
সফলতা, ব্যর্থতা, চড়াই-উৎরাই শাহরুখের দীর্ঘ যাত্রাপথের সঙ্গী। তবে একসময়ে টানা ব্যর্থতায় প্রায় অস্তমিত হতে বসেছিলেন তিনি। নিয়েছিলেন বিরতি। কোভিড মহামারীর পর ‘প্রায় ডুবি ডুবি’ বলিউড আবার ঘুরে দাঁড়ায় শাহরুখে একক সাফল্যে ভর করে।
২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে বলিউডকে চাঙ্গা করে তোলেন শাহরুখ; ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায় অ্যাকশন করে তিনি প্রমাণ করে দিয়েছিলেন রোমান্সের পাশাপাশি অ্যাকশনেও সিদ্ধহস্ত তিনি।একই বছর তার ‘ডানকি’ সিনেমা ‘হিট না হলেও’ সমালোচকদের প্রশংসা কুড়ায়।
এরপর থেকে শাহরুখ ফের বড় পর্দায় অনুপস্থিত। তবে সেই অনুপস্থিতি মানে কাজে বিরতি নয়। চলতি বছরের শেষে আসছে মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে অভিনেতার নতুন সিনেমা ‘কিং’।
