‘কফি উইথ করণে’ সিদ্ধার্থ -কিয়ারা, জানালেন মজার মুহুর্তের কথা
প্রোমো শেয়ার করে করণ জোহর লিখেছেন, “এখানে বসেই একদিন উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল তারা, আর আজ আমরা তাদের সুখের জীবনের গল্প শুনছি।"
দ্বিতীয় সন্তান আসার খবরের পর প্রথমবারের মত করণ জোহরের সেলিবেট্রি শো ‘কফি উইথ করণ’-এ হাজির হতে যাচ্ছেন বলিউডের কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা তারকা দম্পতি।
এই শোতেই নিজেদের বিয়ের এক মজার ঘটনা নিয়ে কথা বলেছেন কিয়ারা।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, সম্প্রতি ‘কফি উইথ করণ’ সিজন ৯ এর একটি প্রোমো প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেখানেই কিয়ারা জানিয়েছেন, তাদের বিয়ের আগের এক অনুষ্ঠানে শাহিদ কাপুরকে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে ফেলে দিয়েছিলেন করণ জোহর।
প্রোমোতে দেখা যায়, কথোপকথনের এক পর্যায়ে করণ তাদের জাঁকজমকপূর্ণ বিয়ের স্মৃতিচারণ করলে কিয়ারা হাসতে হাসতে বলেন, “আমাদের কি বলা উচিত আপনি কোন গানে নেচেছিলেন? শাহিদ ভেবেছিল আপনার সঙ্গে মঞ্চে গিয়ে সে-ও নাচবে, কিন্তু করণ, আপনি তাকে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে ফেলে দিয়েছিলেন।”
টক শো-তে সঞ্চালকের নানা প্রশ্নের উত্তর দেন এই দম্পতি। পর্দার বাইরে তারা কোনো নির্দিষ্ট চরিত্রে অভিনয় করেন কি না প্রশ্নে সিদ্ধার্থ বলেন, “কাজের কোনো বিষয় আমরা বাড়িতে আনতে চাই না, শোবার ঘরে তো নয়ই।”
ইনস্টাগ্রামে প্রোমোটি শেয়ার করে করণ জোহর লিখেছেন, “এই কাউচে বসেই একদিন উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল তারা, আর আজ আমরা তাদের সুখের জীবনের গল্প শুনছি। এবারের কফি ডেট সত্যিই বিশেষ।”
‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে সিদ্ধার্থ ও কিয়ারার প্রেমের শুরু। প্রায় দু-তিন বছর চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
এর আগে ২০২৩ সালে এই শো-তেই সিদ্ধার্থ জানিয়েছিলেন, কিয়ারাকে বিয়ের পর তার জীবনের কতটা বদল এসেছে।
তিনি বলেছিলেন, “মুম্বাইয়ে এসে শুরুর বছরগুলো বন্ধুদের সঙ্গে একা কাটিয়েছি। এখন আমার জীবনে এমন একজন আছে, যাকে আমি ভালোবেসেছি। এখন নিজেকে আরও দায়িত্বশীল মনে হয়; মনে হয় এমন একজন আছে, যার যত্ন নেওয়ার দায়িত্ব আমার।”
গেল বছর ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’-তে এসে বাবা হওয়ার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছিলেন সিদ্ধার্থ। তিনি জানিয়েছিলেন, আপাতত তিনি একজন 'পার্শ্ব-অভিনেতা'র মত দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানের খাওয়া ও ঘুমের রুটিন দেখছেন এবং ডাইপার বদলাতেও শিখে গেছেন।
২০২৫ সালে এই দম্পতির প্রথম কন্যা সন্তান সারায়াহর জন্ম হয়।
গেল অক্টোবরে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর দিয়েছেন এই জুটি।
