তিন থেকে চার হতে চলেছেন কিয়ারা-সিদ্ধার্থ
কিয়ারা বলেন, “মা হওয়া মানে এক বিশাল পরিচয়-পরিবর্তন। সেই সময় নিজেকে সময় দেওয়া, নিজেকে ক্ষমা করতে শেখা খুব কঠিন।”
দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা।
বুধবার সকালে এক জোড়া ছোট্ট সাদা মোজার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তারা। দুজনের হাতের ওপরে রাখা সেই ছোট্ট মোজা। আর মোজার এক কোনা ধরে রেখেছে তাদের প্রথম সন্তান।
ক্যাপশনে কিয়ারা-সিদ্ধার্থ লিখেছেন, “আরও একবার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার আসতে চলেছে। আমাদের মন ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে রয়েছে।”
ইন্ডিয়া টুডে লিখেছে, কিয়ারা ও সিদ্ধার্থকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কারনি কাপুর মন্তব্যের ঘরে লিখেছেন, “আবার তোমরা মা-বাবা হতে চলেছ! দারুণ!”
করণ জোহর, শোভিতা ধুলিপালসহ আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছে দম্পতিকে।
সিদ্ধার্থ আর কিয়ারা একসঙ্গে জুটি বেঁধে পর্দায় আসেন ‘শেরশাহ’ সিনেমায়। প্রায় দু-তিন বছর চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই জুটি।
বিয়ের দুবছর পর গেল বছরের ১৬ জুলাই কন্যা সন্তানের মা-বাবা হন কিয়ারা ও সিদ্ধার্থ।
কিছুদিন আগে উদ্যোক্তা ও পডকাস্ট সঞ্চালক রাজ শামানির অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন কিয়ারা। সেখানে সন্তান জন্মের পর নারীদের মানসিক ও শারীরিক পরিবর্তনের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।
অভিনেত্রীর ভাষায়, মা হওয়া মানে এক বিশাল পরিচয়-পরিবর্তন। এটা সম্পূর্ণ নতুন একটা পৃথিবী। আর সেই সময় নিজেকে সময় দেওয়া, নিজেকে ক্ষমা করতে শেখা খুব কঠিন।
কিয়ারা বলেছিলেন এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে তার ছয় মাস সময় লাগে। এই সময়টায় তিনি নিজেকে শুধু একটি কথাই বলে গেছেন—নিজের প্রতি একটু সহানুভূতিশীল হতে হবে।
মাতৃত্ব তাকে নিজের অনেক কিছু নতুনভাবে চিনতে সাহায্য করেছে বলেও জানিয়েছেন অভিনেত্রী।
কিয়ারার কথায়, “৩৪ বছর পর আমি সীমারেখা টানতে শিখেছি। নিজেকে সব সময় সমালোচনা করা বন্ধ করতে শিখেছি। ভয়কে গুরুত্ব না দিতে শিখেছি। গত ছয় মাসে আমাকে নিজেকেই এসব শেখাতে হয়েছে।”
