৩২ বছর আগে গিয়েছিলেন বাহরাইনে, মানসিক ভারসাম্য হারিয়ে ফিরলেন লিলুফা
“বাহরাইনে থাকা লিলুফার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বোনের দায়িত্ব নিতে রাজি হননি।”
বুকের ভেতরে জমে থাকা বহু বছরের কষ্ট আর প্রবাস জীবনের নির্মম অভিজ্ঞতা সঙ্গে নিয়ে অবশেষে দেশে ফিরেছেন মানিকগঞ্জের ৫৩ বছর বয়সি লিলুফা বেগম।
বাবা-মা ও পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় ১৯৯৪ সালে বাহরাইনে পাড়ি দেওয়া এই নারী দীর্ঘ ৩২ বছর পর একেবারে ফিরে এসেছে স্বজনদের কাছে।
তবে এই ফেরা আনন্দের হলেও লিলুফাকে ফিরতে হয়েছে মানসিক ভারসাম্য হারিয়ে, জেল খেটে, শারীরিক ও মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায়।
বুধবার বাহরাইন থেকে দেশে ফেরেন লিলুফা। কিন্তু শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে নিজ পরিবারের ঠিকানা কিংবা স্বজনদের নাম ঠিকমতো বলতে পারছিলেন না তিনি।
পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি অনুধাবন করে তাকে জরুরি সহায়তার জন্য ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কাছে হস্তান্তর করে।
পরবর্তীতে ব্র্যাকের সহায়তায় বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে লিলুফাকে উত্তরায় ব্র্যাক লার্নিং সেন্টারে নেওয়া হয়। সেখানে জরুরি পরিচর্যা ও সেবা দেওয়ার পর দীর্ঘক্ষণ কথা বলে তার কাছ থেকে বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বলে জানা যায়।
সেই সূত্রের ভিত্তিতে ব্র্যাকের মানিকগঞ্জ সেন্টারের কর্মীরা অনুসন্ধান চালিয়ে লিলুফার দুই বোন মাজেদা বেগম ও শামসুন্নাহারের সন্ধান পান। খবর পেয়ে রাতে ঢাকা এসে পৌঁছান দুই বোন।
যেভাবে বিদেশে পাড়ি জমান লিলুফা
লিলুফার বোন মাজেদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় ৩২ বছর আগে অল্প বয়সে বাহরাইনে গিয়েছিলেন লিলুফা। কিন্তু যে নারী তাকে বিদেশে নিয়ে যান, সেই দালালই তার উপার্জিত সমস্ত অর্থ হাতিয়ে নিতেন। কাজ করালেও মাসের পর মাস বেতন দিতেন না। দীর্ঘ ৭-৮ বছর সেই নারী লিলুফার উপার্জিত টাকা আটকে রেখে প্রতারণা করেন।”
তিনি বলেন, “তখন তো আর এখনকার মতো মোবাইলের যুগ ছিল না। প্রথমদিকে অডিও ক্যাসেটে রেকর্ড করে মনের কথা ও খবরাখবর বাড়িতে পাঠাতেন লিলুফা। পরবর্তীতে অনেক কষ্টে ওই নারীর হাত থেকে রেহাই পেয়ে স্থানীয় এক নারীর বাসায় কাজ নেন। তার সহায়তায় বাড়িতে পরিবারের কাছে টাকা ও ক্যাসেট পাঠানো শুরু করেন লিলুফা।”
পরবর্তী সময়ে লিলুফার ছোট ভাইও বাহরাইনে পাড়ি জমান।
মাজেদা বেগমের ভাষ্যমতে, ভুয়া পাসপোর্ট বানিয়ে ছোট ভাইকে বিদেশে নেন তারা এবং লিলুফা নিজে ও তার ভাই মিলে পরিবারকে নিয়মিত টাকা পাঠাতেন।
মাঝখানে প্রায় ১৬ বছর আগে একবার এবং সবশেষ সাত বছর আগে তিন মাসের জন্য দেশে এসেছিলেন লিলুফা। তখন পরিবার থেকে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তিনি আবারও বাহরাইনে ফিরে যান।
এরপর দীর্ঘদিন পরিবারের সঙ্গে লিলুফার আর সরাসরি দেখা হয়নি। তবে প্রায় তিন মাস আগে তার ভাইয়ের মেয়ের বিয়ের সময় ভাই দেশে এলে পরিবারের সদস্যরা লিলুফার খোঁজ জানতে চান।
তখন ভাই জানান, লিলুফা মানসিক ভারসাম্য হারিয়ে বাহরাইনের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
যেভাবে উদ্ধার হলেন
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, “পরিবার ও বোনের তথ্যের ভিত্তিতে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখান থেকে জানা যায়, মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাহরাইনের পুলিশ লিলুফাকে রাস্তা থেকে উদ্ধার করে।
“বৈধ কাগজপত্র না থাকায় তাকে কারাগারে পাঠানো হয় এবং পরবর্তীতে ট্রাভেল পাসের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়। দেশে পাঠানোর আগে দূতাবাসের পক্ষ থেকে বাহরাইনে থাকা লিলুফার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বোনের দায়িত্ব নিতে রাজি হননি।”
সব আইনি ও মানবিক প্রক্রিয়া শেষে লিলুফাকে তার পরিবারের হাতে তুলে দিয়েছে ব্র্যাক।
শরীফুল হাসান বলেন, “বিদেশে ফেরত এ ধরনের বিপর্যস্ত প্রবাসীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও সামাজিক পুনর্বাসনের জন্য একটি কার্যকর ও সমন্বিত সরকারি-বেসরকারি কাঠামো গড়ে তোলা জরুরি।”
ব্র্যাকের পক্ষ থেকে লিলুফার সুচিকিৎসা নিশ্চিতকরণসহ তার পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
