২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে প্রবাসীদের সমস্যা সমাধানে দূতাবাসের গণশুনানি

এ উদ্যোগ নেন রাষ্ট্রদূত মো. রইস হাসান সারোয়ার।

সুকান্ত দেব, বাহরাইন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 11:18 AM

Updated : 29 Nov 2026, 11:18 AM

বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, ভিসা ও শ্রমসংক্রান্ত বিভিন্ন সমস্যা শুনে সমাধানের উদ্যোগ নিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।

এ লক্ষ্যে শুক্রবার প্রবাসীদের অংশগ্রহণে গণশুনানির আয়োজন করে দূতাবাস। এতে কয়েকজন প্রবাসীর সমস্যার তাৎক্ষণিক সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সারোয়ারের উদ্যোগে আয়োজিত এ গণশুনানিতে উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সেলর ও প্রথম সচিব মো. মাহফুজুর রহমান, প্রথম সচিব মো. সোহাগ হোসাইন ও তৃতীয় সচিব মামুনুর রশিদসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা।

গণশুনানিতে বাহরাইনের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রবাসীরা তাদের ব্যক্তিগত ও কর্মসংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল পাসপোর্টে নামের অসংগতি, ভিসা নবায়নে জটিলতা এবং নিয়োগকর্তার কাছে পাসপোর্ট আটকে রাখার অভিযোগ। প্রবাসীদের বক্তব্য শুনে সংশ্লিষ্ট কর্মকর্তারা সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।

শুনানিতে অংশ নেওয়া নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, প্রায় সাড়ে নয় বছর ধরে বাহরাইনে বসবাস করছেন তিনি। এলএমআরএ-সংক্রান্ত ফ্লেক্সি পারমিটধারী এই প্রবাসীর পাসপোর্টে নামের অসংগতি থাকায় বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছিল। বিষয়টির সমাধান পেতে তিনি গণশুনানিতে আসেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার বাসিন্দা মাহফুজ আহমেদ ২০১২ সাল থেকে বাহরাইনের একটি স্থানীয় আরবি টেইলার্স প্রতিষ্ঠানে কাজ করছেন। পাসপোর্টসংক্রান্ত জটিলতার কারণে তার ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছিল না। এ সমস্যা সমাধানের আশায় তিনিও গণশুনানিতে অংশ নেন।

কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরগঞ্জ এলাকার বাসিন্দা মো. শাফায়েত উল্লাহ প্রায় ১৬ বছর ধরে বাহরাইনে বসবাস করছেন। তিনি জানান, নিজের অর্থ ব্যয় করে ভিসার ব্যবস্থা করলেও নিয়োগকর্তা তার পাসপোর্ট ফেরত দিচ্ছেন না। এ সমস্যার সমাধান পেতে দূতাবাসের শরণাপন্ন হয়েছেন তিনি।

গণশুনানিতে অংশ নেওয়া প্রবাসীরা জানান, সপ্তাহে ছয় দিন কর্মব্যস্ততার কারণে অনেকের পক্ষেই কর্মদিবসে দূতাবাসে গিয়ে নিজেদের সমস্যার কথা জানানো সম্ভব হয় না। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে এ আয়োজন করায় বিভিন্ন এলাকা থেকে এসে তারা সরাসরি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন।

প্রবাসীদের মতে, এ ধরনের উদ্যোগ তাদের সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধানে ভূমিকা রাখতে পারে। তাই এক দিনের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত শুক্রবার ছুটির দিনে গণশুনানি আয়োজনের দাবি জানিয়েছেন তারা।