৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

বাহরাইনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী, নেতা-কর্মীদের মিলনমেলা

আয়োজনে ছিল আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা।

সুকান্ত দেব, বাহরাইন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 11:38 AM

Updated : 31 Oct 2026, 11:38 AM

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইনে নানা আয়োজনে নিজেদের সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে স্থানীয় যুবদল। এতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

শুক্রবার রাতে রাজধানী মানামায় একটি কনফারেন্স হলে এসব আয়োজনে ছিল আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহরাইন যুবদলের নেতা মোস্তাক আহমেদ। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন লিমন আহমেদ ও শাহনেওয়াজ আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন মিজানুর রহমান।

প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন কচি, প্রধান বক্তা ছিলেন একই সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন খলিল আশরাফ উদ্দিন।

বক্তারা বলেন, “১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশের যুবসমাজকে জাতীয়তাবাদী আদর্শে সংগঠিত করা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জাতীয় রাজনীতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোকবুল হোসেন, আনোয়ার হোসেন, সম্রাট নজরুল সিদ্দিকী, সালাহউদ্দিন, সজিব মিলাদ, হারিছ খলিফা, আমির হোসেন, কাজী সালমান যুবরাজ, সোয়েব আহমেদ ও ফোরকান আহমেদ।