১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বরিশালে ‘সেবা পেতে দেরি’ হওয়ায় চিকিৎসককে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনার পর সেবা কার্যক্রম বন্ধ করে দেন চিকিৎসকেরা।

বরিশালে ‘সেবা পেতে দেরি’ হওয়ায় চিকিৎসককে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ইমরান খান সালাম বাকেরগঞ্জ পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 09:34 PM

Updated : 10 Nov 2026, 09:34 PM

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘সেবা পেতে দেরি’ হওয়ায় এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন।

গ্রেপ্তার ইমরান খান সালাম (৪০) বাকেরগঞ্জ পৌরসভার সাহেবগঞ্জ এলাকার বেলায়েত হোসেন খানের ছেলে। তিনি পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।

মারধরের শিকার বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুরঞ্জিত দাস বলেন, এদিন বেলা ১২টার দিকে হাসপাতালে রোগী দেখছিলেন তিনি। এ সময় সালামের বাবা কক্ষে প্রবেশ করেন। তবে কক্ষে তিনজন নারী রোগী থাকায় তাকে একটু অপেক্ষা করতে বলা হয়।

“তখন তিনি তার ছেলে সালামকে ফোন করেন। এরপর যুবদল নেতা সালাম কয়েকজন সহযোগী নিয়ে এসে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এ সময় কৌশলে বের হয়ে আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে যাওয়ার পথে তারা আমার ওপর হামলা করেন,” বলেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ ঘটনার পর অন্য চিকিৎসকরা সেবা বন্ধ করে দেন। তবে জরুরি বিভাগ চালু রয়েছে। পরে এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা করা হয়।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম বলেন, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।

ওসি আদিল হোসেন বলেন, মামলার পর যুবদল নেতা সালামকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।