০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে কর্মী হত্যার মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার যুবদল জুয়েল চট্টগ্রাম মহানগর যুবদলের প্রচার সম্পাদক।

চট্টগ্রামে কর্মী হত্যার মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার জিল্লুর রহমান জুয়েল ও তার অনুসারী মো. আরমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 08:23 PM

Updated : 02 Nov 2026, 08:22 PM

চট্টগ্রামে যুবদল কর্মী আবু ইউসুফ জীবন (২৭) হত্যা মামলায় সংগঠনটির এক নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি।

ঢাকার ভাটরা ও কুমিল্লার সদরের ঠাকুরপাড়া এলাকায় এসআরবির পৃথক অভিযান চালিয়ে রোববার রাতে তাদের গ্রেপ্তার করে। এসআরবি-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান এ তথ্য দিয়েছেন।

গ্রেপ্তার যুবদল নেতা জিল্লুর রহমান জুয়েল চট্টগ্রাম মহানগর যুবদলের প্রচার সম্পাদক। গ্রেপ্তার আরেকজন মো. আরমান তার অনুসারী।

নগরীর কুঞ্জছায়া আবাসিক এলাকার ২ নম্বর সড়কে গত ২৭ অক্টোবর রাতে জীবনের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পায়ে রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর সকালে জীবন মারা যায়।

জীবনের মা হামলার ঘটনায় গত ২৮ অক্টোবর জিল্লুর রহমান জুয়েলকে প্রধান আসামিসহ ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছিলেন। পরে সেখানে হত্যার ধারা যুক্ত হয়।

সোমবার বিকালে এসআরবি-৭ এর চাঁদগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে বাহিনীর অধিনায়ক মোস্তাফিজুর বলেন, রোববার গভীর রাতে এসআরবি-১ এর সহযোগিতায় ঢাকার ভাটরা থানা এলাকা থেকে যুবদল নেতা জুয়েলকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যায় এসআরবি-১১ এর সহযোগিতায় কুমিল্লা কোতোয়ালী থানার ঠাকুরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মামলার ৫ নম্বর আসামি আরমানকে।

এসআরবি অধিনায়কের দাবি, নিহত আবু ইউসুফ জীবন মাস চারেক আগে যুবদল নেতা জিল্লুর রহমান জুয়েলের রাজনীতিতে জড়িয়ে পড়েন। এরপর পক্ষ পরিবর্তনের কারণে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিতেন মামলার আসামিরা।

পুরনো খবর:

চট্টগ্রামে ছুরিকাহত যুবদলকর্মীর মৃত্যু