১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় যুবদল নেতা হত্যা: গ্রেপ্তার দুই ভাই ৭ দিনের রিমান্ডে

এ ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Oct 2026, 09:56 PM

Updated : 18 Oct 2026, 10:14 PM

কুমিল্লা সদর উপজেলায় যুবদল নেতা কাউছার হত্যা মামলায় গ্রেপ্তার দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।

রোববার সন্ধ্যায় কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরহাদ রায়হান ভূঁইয়া এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাইয়ুমুল হক রিংকু।

রিমান্ডে নেওয়া দুই ভাই হলেন- তৌহিদুল ইসলাম ও তার বড় ভাই তানজির আলম।

রোববার দুপুরে নিহত কাউছারের ভাই মো. কবির হোসেন পাঁচজনের নাম দিয়ে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন- দুই ভাইয়ের বাবা খোরশেদ আলম ওরফে মো. হাবিব (৭০), সাইফুল ইসলাম সুমন (৪০) ও ফরহাদ হোসেন (২৮)।

সরকারি কৌঁসুলি বলেন, বিকালে তৌহিদ ও তানজীরকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা তাদের ১৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই ভাইয়ের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ছত্রখিল এলাকার উপজেলা মডেল মসজিদের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের একটি জায়গায় কফি শপ নির্মাণকে কেন্দ্র করে কাউছার ও শামীমের সঙ্গে তৌহিদ-তানজিরের বিরোধ চলছিল।

শুক্রবার সকালে ওই জায়গায় নির্মাণকাজের সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে হামলায় কাউছার ও শামীমসহ কয়েকজন আহত হন। আহত কাউছারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাতে কুমিল্লার নুরপুর এলাকা থেকে তৌহিদকে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে তানজিরকে গ্রেপ্তার করা হয়। তৌহিদের বিরুদ্ধে আগের একটি হত্যা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। তানজিরের বিরুদ্ধে আরও একটি মামলা বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে।

পুরনো খবর:

‘জমির বিরোধে’ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা, ২ ভাই গ্রেপ্তার
কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা