বাড়ি ফেরার পথে সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
চর কিশোরগঞ্জ এলাকায় ফার্মেসি আছে ফকির জহির রহমানের। বুধবার রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার রাত ১০টায় উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক।
নিহত ফকির জহির রহমান (৪০) পাশের উপজেলা আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।
জহির ওসি বলেন, জহিরের বাড়ি আড়াইহাজারে হলেও তিনি বেশ কয়েক বছর ধরে মুন্সিগঞ্জ সদরে ভাড়া বাসায় থাকতেন। চর কিশোরগঞ্জ এলাকায় তার একটি ফার্মেসি রয়েছে।
প্রাথমিক তদন্তের বরাতে তিনি বলেন, “প্রতিদিনের মতো বুধবার রাতেও ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সড়কে ফেলে রেখে যায়।”
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে পুলিশ তদন্ত করছে, বলেন ওসি।
